প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী ৫৪তম প্রগতি বৈঠকে পৌরোহিত্য করলেন

প্রকাশিত: 28 OCT 2026 9:10PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৮ অক্টোবর, ২০২৬

 


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ‘সেবা তীর্থ’-এ অতি সক্রীয় প্রশাসন ও সময়মতো রূপায়ণের লক্ষ্যে গঠিত আইসিটি সক্ষম বহুমুখী মঞ্চে ‘প্রগতি’-র ৫৪তম বৈঠকে পৌরোহিত্য করলেন।এই মঞ্চ কেন্দ্র এবং রাজ্য সরকারগুলিকে একত্রিত করেছে, রূপায়ণে বাধা দূর করতে এবং প্রকল্প ও কল্যাণমূলক কর্মসূচি প্রদানের কাজে উন্নতি করতে। 

বৈঠকে প্রধানমন্ত্রী ৩১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ১৬ হাজার কোটি টাকার বেশি মূল্যের রেল, একতা মল এবং ড্রাগ পার্ক সংক্রান্ত বিভিন্ন পরিকাঠামো প্রকল্পের পর্যালোচনা করেন। অর্থনৈতিক বৃদ্ধি এবং জনকল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রকল্পগুলির ক্ষেত্রে কাজের সময়সীমা, আন্তঃসংস্থার সমন্বয় এবং সমস্যাগুলির দ্রুত সমাধানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, পিএম একতা মল-এর মাধ্যমে স্থানীয় পণ্যগুলির জন্য বাজার তৈরি হওয়া উচিত। এটি কারিগরদের জীবিকাকে শক্তিশালী করবে এবং তাদের ব্যবসার প্রসারে সহায়তা করবে। তিনি এই মলগুলিকে পর্যটন ও স্থানীয় ব্যবসার সঙ্গে যুক্ত করার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন যে, চাহিদা বাড়লে গ্রামীণ পর্যায়ে পণ্য উৎপাদন, প্যাকেজিং, সংরক্ষণ ও পরিবহনের ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। তিনি মুখ্য সচিবদের নিয়মিতভাবে কাজের অগ্রগতি পর্যালোচনা করার এবং এই মলগুলির নির্মাণকাজ সময়মতো সম্পন্ন করার বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দেন।

অন্ধ্রপ্রদেশ, গুজরাট ও হিমাচল প্রদেশের বাল্ক ড্রাগ পার্ক বিষয়ে পর্যালোচনার সময়ে প্রধানমন্ত্রী জোর দেন ‘আত্মনির্ভরতা’ শক্তিশালী করতে ওষুধ তৈরির প্রয়োজনীয় উপাদান ও অন্যান্য গুরুত্বপূর্ণ উপকরণের দেশীয় উৎপাদনে অগ্রাধিকার দিতে। 

প্রধানমন্ত্রী মুখ্য সচিবদের নির্দেশ দেন, প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে কোনো ঘাটতি দূর করতে প্রতি মাসে জেলাশাসকদের সঙ্গে নিয়ে বিভিন্ন সরকারি প্রকল্পের পর্যালোচনা করতে এবং সময়মতো যাতে এর উপকার যোগ্য প্রাপকদের কাছে পৌঁছয় তা নিশ্চিত করতে। তিনি জোর দিয়ে বলেন, প্রশাসনের মূল লক্ষ্য হওয়া উচিত কেবল অর্থ ব্যয় করা নয়, বরং প্রকৃত ফলাফল অর্জন করা—যাতে সরকারি খরচের মাধ্যমে মানুষের জীবনে প্রকৃত উন্নতি ঘটে। প্রত্যাশামূলক জেলা ও ব্লকগুলির কর্মসূচির উল্লেখ করে তিনি বলেন, পিছিয়ে পড়া অঞ্চলগুলিতে উন্নয়নের গতি ত্বরান্বিত করতে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়, নিয়মিত পর্যবেক্ষণ এবং স্থানীয়স্তরে দায়বদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, সুশাসন জোরদার করা এবং কল্যাণমূলক প্রকল্পগুলি সঠিকভাবে পৌঁছে দেওয়ার ধারাবাহিক প্রচেষ্টার ফলে প্রায় ২৫ কোটি মানুষ বহুমাত্রিক দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে পেরেছেন।

আহমেদাবাদ রেল স্টেশনের পুনরুন্নয়ন কাজের পর্যালোচনার সময় প্রধানমন্ত্রী সারা দেশের বড় বড় রেল স্টেশনগুলির পুনরুন্নয়ন প্রক্রিয়া দ্রুত করার আহ্বান জানান, যাতে যাত্রীদের সুবিধা বাড়ে এবং যাতায়াত সহজ হয়। তিনি জোর দিয়ে বলেন, পুনরুন্নয়ন করা স্টেশনগুলি যেন ‘মাল্টি-মোডাল ট্রান্সপোর্ট হাব’ হিসেবে কাজ করে, যেখানে মেট্রোসহ অন্যান্য পরিবহন ব্যবস্থার সঙ্গে নিরবচ্ছিন্ন সংযোগ থাকবে। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রক ও রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিয়েছেন যেন তারা মিশন মোডে কাজ করে সব বাধা দূর করে, কেন্দ্র-রাজ্য ও বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করে এবং সর্বোচ্চ পর্যায়ে নিবিড় তদারকি নিশ্চিত করে। প্রতিটি স্তরে দায়িত্ববোধ ও সক্রিয় কর্মসংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি প্রকল্পের রূপায়ণজনিত সমস্যাগুলি আগে থেকেই আঁচ করতে পারা, সময়মতো সিদ্ধান্ত গ্রহণ এবং নির্ধারিত সময়ে প্রকল্প সম্পন্ন করার জন্য সুনির্দিষ্ট দায়বদ্ধতা নির্ধারণের ওপর জোর দিয়েছেন।

 


SC/AP/SKD


(রিলিজ আইডি: 2329960) ভিজিটরের কাউন্টার : 5
এই রিলিজটি পড়তে পারেন: Assamese , Kannada , English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Odia , Telugu , Malayalam