PIB Backgrounder
azadi ka amrit mahotsav

কনটেনার উৎপাদন প্রসার প্রকল্প

কনটেনার উৎপাদনে ভারতের ১০,০০০ কোটি টাকার উৎসাহমূলক বরাদ্দ

প্রকাশিত: 28 OCT 2026 5:28PM by PIB Kolkata

২৮ অক্টোবর, ২০২৬

 

কনটেনার উৎপাদন প্রসার প্রকল্প

আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম প্রধান ভিত্তি সামুদ্রিক পরিবহণ। সীমান্ত পেরিয়ে পণ্য পরিবহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিপিং কনটেনার। এবছর ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের সামুদ্রিক পরিবহণ ক্ষেত্র দেশের মোট বাণিজ্যের পরিমাণের নিরিখে ৯৫ শতাংশ এবং মূল্যের নিরিখে ৭০ শতাংশ পরিচালনা করেছে। বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি, দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনে (GDP) এই ক্ষেত্রের অবদান ৪ থেকে ৫ শতাংশ।

উৎপাদন ও আন্তর্জাতিক বাণিজ্যে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে ভারত। একই সঙ্গে কনটেনারের মাধ্যমে পণ্য পরিবহণের চাহিদাও ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে দেশে কনটেনার উৎপাদনের সক্ষমতা গড়ে তোলা জরুরি। এই লক্ষ্য পূরণে কেন্দ্রীয় মন্ত্রিসভা Container Manufacturing Promotion Scheme (CMPS)-এ অনুমোদন দিয়েছে। ২০৩৯-৪০ অর্থবর্ষ পর্যন্ত এই প্রকল্পে বরাদ্দ করা হয়েছে ১০,০০০ কোটি টাকা।

কনটেনার কি?

শিপিং কনটেনার হল নির্দিষ্ট মান অনুসারে তৈরি ইস্পাতের পণ্যবাহী পাত্র। পণ্য খালাস ও পুনরায় প্যাকিংয়ের প্রয়োজন ছাড়াই জাহাজ, রেল ও সড়কপথে এই কনটেনারের মাধ্যমে পণ্য পরিবহণ করা যায়। International Organization for Standardization (ISO)-এর নির্ধারিত মান মেনে এগুলি তৈরি হয়। এর ফলে বিভিন্ন পরিবহণ মাধ্যমের মধ্যে সহজে পণ্য স্থানান্তর এবং আন্তর্জাতিক বাণিজ্যের দক্ষতা বৃদ্ধি সম্ভব হয়। সাধারণত ২০ ফুট ও ৪০ ফুট দৈর্ঘ্যের কনটেনার বেশি ব্যবহৃত হয়। কনটেনারের ধারণক্ষমতা পরিমাপের জন্য Twenty-foot Equivalent Unit (TEU) নামে একটি নির্দিষ্ট একক ব্যবহৃত হয়।

ভারতের কনটেনার উৎপাদন পরিকাঠামো গড়ে তোলা

CMPS প্রকল্পটি Make in India, Maritime Amrit Kaal Vision 2047 এবং বহুমাধ্যমভিত্তিক পণ্য পরিবহণ ব্যবস্থার উন্নয়নে সরকারের উদ্যোগগুলিকে সহায়তা করবে। এর মাধ্যমে সামুদ্রিক পরিবহণ ও বাণিজ্যের ক্ষেত্রে ভারতের দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণে অগ্রগতি ঘটবে।

* দেশে কনটেনার উৎপাদন বাড়ানো এবং উৎপাদনের সম্পূর্ণ মূল্যশৃঙ্খলে বিনিয়োগে উৎসাহ দেওয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিযোগিতায় সক্ষম উৎপাদন ব্যবস্থা গড়ে তোলাই এই প্রকল্পের লক্ষ্য।

CMPS প্রকল্পের বিভিন্ন উপাদান

এই প্রকল্পে তিনটি প্রধান ক্ষেত্রে আর্থিক সহায়তা দেওয়া হবে। সেগুলি হল বিনিয়োগে সহায়তা, উৎপাদন পরিচালনার ব্যয়ে সহায়তা এবং পরীক্ষা ও শংসাপত্র প্রদানে সহায়তা।

সুদের ভর্তুকিতে সহায়তা (Interest Subvention Assistance বা ISA)

এই উপাদানে বরাদ্দ করা হয়েছে ৮৫৯ কোটি টাকা। নতুন উৎপাদন কেন্দ্র স্থাপন এবং চলতি উৎপাদন কেন্দ্রের সম্প্রসারণের জন্য কনটেনার প্রস্তুতকারকদের নেওয়া যোগ্য মেয়াদী ঋণের উপর বার্ষিক ৩ শতাংশ সুদের ভর্তুকি দেওয়া হবে।

এই সহায়তা পেতে প্রকল্পগুলিকে নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে।

ক) নতুন উৎপাদন কেন্দ্রের বার্ষিক উৎপাদনক্ষমতা অন্তত ১,০০,০০০ TEU হতে হবে।

খ) বিদ্যমান উৎপাদন কেন্দ্রের সম্প্রসারণের মাধ্যমে বার্ষিক উৎপাদনক্ষমতা অন্তত ২৫,০০০ TEU বাড়াতে হবে। নীতিগত অনুমোদন পাওয়ার তিন বছরের মধ্যে এই অতিরিক্ত উৎপাদনক্ষমতা কার্যকর করতে হবে। পাশাপাশি, আন্তর্জাতিক কনটেনার উৎপাদন মান মেনে চলতে হবে।

উৎপাদন পরিচালনার ব্যয়ে সহায়তা (Operational Expenditure Assistance বা OEA)

এই উপাদানে বরাদ্দ করা হয়েছে ৮,৮৯১ কোটি টাকা। আন্তর্জাতিক শিপিং মান অনুসারে উৎপাদিত এবং যোগ্য প্রস্তুতকারকদের মাধ্যমে বিক্রি করা কনটেনারের জন্য এই সহায়তা দেওয়া হবে। উৎপাদন ব্যয়ের পার্থক্য কমানো এবং দেশে তৈরি কনটেনারের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানোই এই সহায়তার লক্ষ্য।

এই সুবিধা পেতে প্রস্তুতকারকদের ২০৩১-৩২ অর্থবর্ষ পর্যন্ত অন্তত ৭০ শতাংশ স্থানীয় উপাদান ব্যবহারের শর্ত পূরণ করতে হবে। দেশীয় সরবরাহশৃঙ্খল আরও শক্তিশালী করতে ২০৩২-৩৩ অর্থবর্ষ থেকে এই হার বাড়িয়ে ৯০ শতাংশ করা হবে।

পরীক্ষা ও শংসাপত্র প্রদানে সহায়তা

এই ক্ষেত্রে ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ডায়নামিক লংগিচুডিনাল ইমপ্যাক্ট-সহ বিভিন্ন পরীক্ষার জন্য সাধারণ সুযোগ-সুবিধা গড়ে তুলতে এই অর্থ ব্যবহার করা হবে।

প্রত্যাশিত ফলাফল ও বৃহত্তর অর্থনৈতিক প্রভাব

দেশে কনটেনার উৎপাদন বাড়ানোর পাশাপাশি, রপ্তানির সম্ভাবনা, সরবরাহশৃঙ্খল এবং সংশ্লিষ্ট শিল্পক্ষেত্রগুলিকে শক্তিশালী করাই এই প্রকল্পের লক্ষ্য।

ক) উৎপাদনক্ষমতা বৃদ্ধি: দেশে কনটেনারের বার্ষিক উৎপাদনক্ষমতা প্রায় ১০ গুণ বেড়ে ৭.৫ লক্ষ TEU-তে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

খ) রপ্তানির সম্ভাবনা: আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিযোগিতায় সক্ষম কনটেনার উৎপাদন ব্যবস্থা গড়ে উঠবে। উন্নত মানের শিপিং কনটেনার রপ্তানির আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে ভারতের অবস্থান শক্তিশালী করতেও এই প্রকল্প সহায়তা করবে।

গ) সরবরাহশৃঙ্খলের স্থিতিশীলতা: ভারতের সামুদ্রিক পরিবহণ ও পণ্য সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

ঘ) কর্মসংস্থান সৃষ্টি: এই প্রকল্পে আনুমানিক ৩,০০০টি প্রত্যক্ষ এবং ৫০,০০০-এরও বেশি পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

ঙ) সহায়ক শিল্পক্ষেত্রে সহায়তা: কর্নার কাস্টিং, বিশেষ ধরনের ইস্পাত, কাঠের ফ্রেম এবং রং উৎপাদনের মতো শিল্পক্ষেত্রও এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।

ভারতের সামুদ্রিক পরিবহণ ব্যবস্থাকে শক্তিশালী করা

CMPS-এর পাশাপাশি, সমন্বিত এবং দেশীয় উৎপাদননির্ভর পণ্য পরিবহণ ব্যবস্থা গড়ে তুলতে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে।

ভারত কনটেনার শিপিং লাইন (BCSL) প্রতিষ্ঠা

ভারতকেন্দ্রিক সমন্বিত কনটেনার ব্যবস্থার বিকাশ ও সহায়তার লক্ষ্যে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে Bharat Container Shipping Line (BCSL) প্রতিষ্ঠার জন্য একটি সমঝোতাপত্র (MoU) স্বাক্ষরিত হয়।

বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের অধীনে এই চুক্তিতে যুক্ত হয়েছে Shipping Corporation of India (SCI), Container Corporation of India (CONCOR), Jawaharlal Nehru Port Authority (JNPA), V.O. Chidambaranar Port Authority (VOCPA), Chennai Port Authority এবং Sagarmala Finance Corporation Limited (SMFCL)।

এই সমঝোতাপত্রের মাধ্যমে JNPA, VOCPA এবং Chennai বন্দরকে দেশের অভ্যন্তরীণ বাজারের সঙ্গে যুক্ত করে স্বনির্ভর কনটেনার শিপিং ব্যবস্থা গড়ে তোলা হবে। পণ্য পরিবহণের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যবস্থার উন্নতি, পণ্য পরিবহণের খরচ স্থিতিশীল রাখা এবং আন্তর্জাতিক বাণিজ্যে ভারতের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানো এই উদ্যোগের লক্ষ্য।

সামুদ্রিক পরিবহণ ক্ষেত্রে বৃহত্তর সহায়তা

সরকারের একাধিক পরিপূরক উদ্যোগও ভারতের সামুদ্রিক পরিবহণ ক্ষেত্রকে শক্তিশালী করছে।

উপসংহার

CMPS ভারতের সামুদ্রিক উৎপাদন সক্ষমতা বাড়াবে, সরবরাহশৃঙ্খলের স্থিতিশীলতা শক্তিশালী করবে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে আমদানিনির্ভরতা কমাতেও এই প্রকল্প সহায়তা করবে। সামুদ্রিক পরিবহণ ক্ষেত্রে বৃহত্তর সংস্কারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই প্রকল্প আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষম সামুদ্রিক উৎপাদন ও পণ্য পরিবহণের কেন্দ্র হিসেবে ভারতের উত্থানের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাবে।

তথ্যসূত্র

Ministry of Ports, Shipping and Waterways

https://sansad.in/getFile/annex/270/AU2875_nAmH3t.pdf?source=pqars&utm

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221817&reg=48&lang=2

https://dgma.gov.in/download/1775649151_69d6417f46b3f_dgs-nmdc-address-01042026.pdf?utm

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2222805&lang=1&reg=3&utm

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280831&lang=1&reg=3&utm

https://dgma.gov.in/download/1774258056_69c10788105ab_24-02-2026-international-conference-on-shipbuilding.pdf

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2222805&lang=2&reg=3

https://shipmin.gov.in/sites/default/files/Monthly%20Summary%20-%20Feburary%2C%202026.pdf

United Nations Conference on Trade and Development (UNCTAD)

https://unctad.org/topic/transport-and-trade-logistics/review-of-maritime-transport

https://unctad.org/publication/review-maritime-transport-2025

https://unctad.org/news/shipping-data-unctad-releases-new-seaborne-trade-statistics

Organisation for Economic Co-operation and Development (OECD)

https://survey.oecd.org/index.php?lang=en&r=survey%2Findex&sid=744293

PIB Archives

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297455&reg=48&lang=1

Click here to see pdf


*
SSS/S Saha


(রিলিজ আইডি: 2329901) ভিজিটরের কাউন্টার : 7
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Gujarati