বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

মহাকাশ, অসামরিক পারমাণবিক শক্তি এবং নতুন নতুন প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা প্রসারের পন্থাপদ্ধতি নিয়ে ভারত ও ব্রিটেনের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে : ডা. জিতেন্দ্র সিং

প্রকাশিত: 12 OCT 2026 4:45PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ অক্টোবর, ২০২৬

 

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ডা. জিতেন্দ্র সিং আজ ব্রিটেনের বাণিজ্য, উদ্ভাবন ও বিজ্ঞান মন্ত্রকের সচিব শ্রী জোনাথন রেনল্ডস-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে মহাকাশ, অসামরিক পারমাণবিক শক্তি, বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে গবেষণা ও অত্যাধুনিক প্রযুক্তি ক্ষেত্রে কিভাবে সহযোগিতার প্রসার ঘটানো যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। 

ডা. সিং বলেন, মহাকাশ ক্ষেত্রে ভারত যে সংস্কারের পথে হাঁটছে তার ফলে বেসরকারি শিল্প সংস্থা, স্টার্ট-আপ সংস্থা এবং প্রযুক্তির উদ্ভাবকরা আরও বেশি সুযোগ পাবেন। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভারত এবং ব্রিটেন সংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতার প্রসার ঘটাতে পারে। দু’দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের এই আলোচনায় মহাকাশ বিজ্ঞান, কৃত্রিম উপগ্রহ তৈরি ও গবেষণা নিয়ে আলোচনা হয়েছে। ভারতে মহাকাশ সংক্রান্ত প্রায় ৮০০টি স্টার্ট-আপ সংস্থা রয়েছে। ডা. সিং দুই দেশের স্টার্ট-আপ সহ ক্ষুদ্র সংস্থাগুলির মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব দেন।

অসামরিক পারমাণবিক জ্বালানি প্রসঙ্গে ভারতের সংস্কারের বিষয়টি তুলে ধরেন ডা. সিং। ২০২৫ সালের সাসটেনেবল হার্নেসিং অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ নিউক্লিয়ার এনার্জি ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া বা শান্তি আইনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এর ফলে সংশ্লিষ্ট ক্ষেত্রে বিভিন্ন সংস্থার অংশগ্রহণের সম্ভাবনা তৈরি হয়েছে। পারমাণবিক কর্মসূচিতে বিদ্যুৎ উৎপাদন ছাড়াও পারমাণবিক ওষুধ এবং স্বাস্থ্যক্ষেত্রে এর প্রয়োগ নিয়ে আলোচনা হয়। কৃত্রিম মেধা, কোয়ান্টাম প্রযুক্তি, সাইবার ফিজিক্যাল সিস্টেম এবং সাইবার নিরাপত্তা নিয়েও তাঁরা আলোচনা করেন। নতুন নতুন প্রযুক্তি প্রয়োগের ক্ষেত্রে যেসব ঝুঁকি দেখা দিচ্ছে, সেগুলির সমাধান এবং সাইবার নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। 

শ্রী রেনল্ডস দু’দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির উদ্যোগকে স্বাগত জানান। তিনি বিভিন্ন প্রতিষ্ঠান, গবেষণাগার, উদ্ভাবনমূলক অংশীদারিত্ব এবং বাণিজ্যিক ক্ষেত্রে সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দেন।

 

SC/CB/DM


(রিলিজ আইডি: 2322331) ভিজিটরের কাউন্টার : 6
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी