রাজ্যসভা সচিবালয়
রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান শ্রী হরিবংশের নেতৃত্বে ভারতীয় সংসদীয় প্রতিনিধিদল তাঞ্জানিয়ার আরুশায় আয়োজিত ১৫৩তম আইপিইউ অ্যাসেম্বলিতে তৃতীয় দিন, অর্থাৎ ৭ অক্টোবর ২০২৬-এও তাদের অংশগ্রহণ অব্যাহত রেখেছে
প্রকাশিত:
08 OCT 2026 1:01PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৮ অক্টোবর ২০২৬
রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান শ্রী হরিভংশ ১৫৩তম আইপিইউ (IPU) অ্যাসেম্বলির বৈঠকে যোগ দেন এবং "সকলের জন্য অন্তর্ভুক্তি, আস্থা ও সুযোগ সৃষ্টির মাধ্যমে সুশাসন জোরদার ও জনগোষ্ঠীর ক্ষমতায়ন" বিষয়ক সাধারণ আলোচনায় অংশগ্রহণ করেন। ডেপুটি চেয়ারম্যান অন্যান্য বিষয়ের পাশাপাশি সাংসদদের সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে স্বচ্ছতা বৃদ্ধি, জবাবদিহিতা বজায় রাখা এবং জনগণের আস্থা সুদৃঢ় করার আহ্বান জানান।
লোকসভার সাংসদ ড. সঞ্জয় জয়সওয়াল 'বিভিন্ন প্রজন্মের মানসিক স্বাস্থ্য: ডিজিটাল প্রযুক্তির অত্যধিক ব্যবহার, অর্থনৈতিক চাপ ও অনিশ্চয়তার সঙ্গে মানিয়ে নেওয়া' বিষয়ক কর্মশালায় অংশগ্রহণ করেন।
লোকসভার সাংসদ শ্রীমতী অপরাজিতা সারাঙ্গি জাতিসংঘ বিষয়ক স্থায়ী কমিটিতে 'সংস্কারকৃত জাতিসংঘ ব্যবস্থার প্রতিফলন হিসেবে তানজানিয়া প্রজাতন্ত্রে জাতিসংঘের কান্ট্রি টিম' বিষয়ক প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন।
লোকসভার সাংসদ শ্রীমতী বিজুলি কলিতা মেধি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ওয়ার্কিং গ্রুপে অংশগ্রহণ করেন। এছাড়াও তিনি সুস্থায়ী উন্নয়ন বিষয়ক স্থায়ী কমিটিতে 'পার্বত্য ও সামুদ্রিক বাস্তুতন্ত্র রক্ষা এবং ২০৩০ সালের মধ্যে ৩০% সংরক্ষণের লক্ষ্যমাত্রা অর্জনে সংসদীয় নেতৃত্ব' শীর্ষক পরবর্তী প্রস্তাবের ওপর আয়োজিত আলোচনায় অংশ নেন।
লোকসভার সাংসদ শ্রীমতী কমলজিৎ সেহরাওয়াত 'শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতির বাইরে: আন্তর্জাতিক মানবিক আইন ও আন্তর্জাতিক মানবাধিকার আইন বাস্তবায়নে সংসদের ভূমিকা' বিষয়ক প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন। তিনি 'শিশু অধিকার রক্ষায় নৈতিক কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসার' বিষয়ক কর্মশালা এবং আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধাবোধ প্রসারে গঠিত কমিটির বৈঠকেও অংশ নেন।
লোকসভার সাংসদ ড. লতা ওয়াংখেড়ে 'আমাদের পাতে কী আছে? পরিবর্তনশীল জলবায়ুর মধ্যে স্বাস্থ্যকর খাদ্য সরবরাহ' বিষয়ক কর্মশালায় অংশগ্রহণ করেন।
রাজ্যসভার সাংসদ ড. শস্মিত পাত্র শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক স্থায়ী কমিটিতে 'সংঘাতের সময়ে সামুদ্রিক নিরাপত্তা জোরদার ও গুরুত্বপূর্ণ পরিকাঠামো রক্ষা: আন্তর্জাতিক নৌ-চলাচল ও বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সংসদের ভূমিকা' শীর্ষক পরবর্তী প্রস্তাবের ওপর আয়োজিত বিশেষজ্ঞ শুনানিতে অংশগ্রহণ করেন। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের নেতৃত্বাধীন প্রতিনিধিদল রাশিয়ার ফেডারেল অ্যাসেম্বলির ফেডারেশন কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান কনস্ট্যান্টিন কোসাচেভের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান আইপিইউ-এর বিদায়ী সভাপতি মিস টুলিয়া অ্যাকসনের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং আইপিইউ-এর কার্যক্রমকে আরও অন্তর্ভুক্তিমূলক ও প্রাণবন্ত করে তোলার ক্ষেত্রে তাঁর প্রচেষ্টার জন্য তাঁকে সাধুবাদ জানান। বিভিন্ন দেশের মধ্যে সংসদীয় গণতন্ত্রকে আরও সুদৃঢ় ও বিস্তৃত করার লক্ষ্যে তাঁর সমন্বিত উদ্যোগের তিনি ভূয়সী প্রশংসা করেন।
রাজ্যসভার মহাসচিব মিস আন্দা ফিলিপের সঙ্গে সাক্ষাৎ করেন; মিস ফিলিপ তুরস্কের ইস্তানবু অনুষ্ঠিত ১৫২তম আইপিইউ অ্যাসেম্বলিতে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং আইপিইউ-এর ১৩৭ বছরের ইতিহাসে তিনিই প্রথম নারী হিসেবে এই পদে আসীন হন। গণতন্ত্র ও শান্তি প্রসারে আইপিইউ-এর আদর্শের প্রতি তিনি ভারতের সংসদের পূর্ণ সমর্থনের কথা ব্যক্ত করেন। আলোচনার শেষে তিনি তাঁর সফল ও ঘটনাবহুল কার্যকালের জন্য শুভকামনা জানান।
রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের নেতৃত্বাধীন ভারতীয় সংসদীয় প্রতিনিধিদল অ্যাসেম্বলির আলোচ্যসূচিতে একটি জরুরি বিষয় অন্তর্ভুক্তির লক্ষ্যে আয়োজিত ভোটাভুটিতে অংশগ্রহণ করে। ভোটাভুটির পর আইপিইউ সভাপতি ঘোষণা করেন যে, নেপাল কর্তৃক প্রস্তাবিত এবং ভারতসহ অন্যান্য দেশের সমর্থিত "জলবায়ু-জনিত দুর্যোগ মোকাবিলা এবং হিমালয় অঞ্চল ও অন্যান্য ঝুঁকিপূর্ণ অঞ্চলে সহনশীলতা জোরদার করার লক্ষ্যে জরুরি সংসদীয় পদক্ষেপ" শীর্ষক বিষয়টি আরুশায় অনুষ্ঠিত ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের ১৫৩তম অ্যাসেম্বলির জরুরি আলোচ্য বিষয় হিসেবে গৃহীত হয়েছে।
SC/AP/NS….
(রিলিজ আইডি: 2320790)
ভিজিটরের কাউন্টার : 3