শ্রমওকর্মসংস্থানমন্ত্রক
azadi ka amrit mahotsav

আসানসোলের কেন্দ্রীয় সহকারি শ্রম কমিশনারের দফতরের উদ্যোগে শ্রমিকদের অধিকার ও প্রাপ্যতা সম্পর্কে সচেতনতামূলক অভিযান

আইনসিদ্ধ অধিকার সম্পর্কে শ্রমিকদের সচেতন করা এবং সেই অধিকার পাওয়ার পদ্ধতি জানানো এই উদ্যোগের লক্ষ্য

প্রকাশিত: 06 OCT 2026 5:24PM by PIB Kolkata

কলকাতা, ৬ অক্টোবর, ২০২৬

 

আসানসোলের কেন্দ্রীয় সহকারি শ্রম কমিশনারের দফতর শ্রমিকদের অধিকার ও প্রাপ্যতা সম্পর্কে সচেতনতা অভিযান শুরু করেছে। শ্রমিকদের আইনসিদ্ধ অধিকার সম্পর্কে সচেতন করা এবং সেই অধিকার উপলব্ধ করার পদ্ধতি জানানোই এই উদ্যোগের লক্ষ্য।

এই উদ্যোগের অংশ হিসেবে, নিয়োগকর্তাদের তাঁদের প্রতিষ্ঠানের প্রধান প্রবেশপথ, ক্যান্টিন অথবা সহজে পৌঁছনো যায় এমন অন্য কোনও স্থানে হিন্দি, ইংরেজি ও বাংলায় এক পাতার সচেতনতামূলক তথ্য প্রত্যক্ষভাবে প্রদর্শনের পরামর্শ দেওয়া হয়েছে।

এই সচেতনতামূলক তথ্যে শ্রমিকদের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ আইনসিদ্ধ প্রাপ্যতা সম্পর্কে সহজ ভাষায় তথ্য দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ন্যূনতম মজুরি ও সময়মতো মজুরি, অতিরিক্ত সময়ের কাজের মজুরি, সমান মজুরি, বোনাস, অর্জিত ছুটি, গ্র্যাচুইটি, ছাঁটাই ও কর্মী ছাঁটাইজনিত ক্ষতিপূরণ, মাতৃত্বকালীন সুবিধা, কর্মক্ষেত্রে দুর্ঘটনা ও পেশাগত রোগজনিত সুযোগ-সুবিধা, পরিযায়ী শ্রমিক ও নির্মাণক্ষেত্রের শ্রমিকদের সুবিধা, কর্মক্ষেত্রে নিরাপত্তা, নিয়োগপত্র, মজুরি সংক্রান্ত রসিদ, ইপিএফ ও ইএসআইসি। শ্রমিকদের অভিযোগ নিষ্পত্তির জন্য সমাধান পোর্টালের মাধ্যমেও সহায়তা পাওয়ার তথ্য দেওয়া হয়েছে। আরও সহায়তার জন্য দফতরের যোগাযোগের বিবরণ এবং শ্রমিকদের সচেতনতা বিষয়ক ইউটিউব চ্যানেলের তথ্যও দেওয়া হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে আইনে প্রদত্ত অধিকার এবং শ্রমিকদের জানা ও বাস্তবে পাওয়া অধিকারের মধ্যে ব্যবধান দূর করার লক্ষ্য নেওয়া হয়েছে। শ্রম আইন সম্পর্কে সচেতনতার বার্তা দফতর থেকে কর্মক্ষেত্রে এবং শেষ পর্যন্ত শ্রমিকদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় ট্রেড ইউনিয়ন, স্বেচ্ছাসেবী সংস্থা, নাগরিক সমাজের সংগঠন এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষকে সচেতনতা প্রসারে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। শ্রমিকদের আইনসিদ্ধ প্রাপ্যতা পেতেও তাঁদের সহায়তা করতে বলা হয়েছে।

এই উদ্যোগ প্রসঙ্গে নিজের দলের সদস্যদের ধন্যবাদ জানিয়ে আসানসোলের কেন্দ্রীয় উপ-মুখ্য শ্রম কমিশনার শ্রী কে সি সাহু বলেন, কার্যকর রূপায়ণের প্রথম ধাপ হল সচেতনতা। শ্রমিকদের নিজেদের অধিকার এবং সহায়তার জন্য কোথায় যোগাযোগ করতে হবে, সে বিষয়ে জানা প্রয়োজন।
 

*****
SSS/S Saha...


(রিলিজ আইডি: 2319731) ভিজিটরের কাউন্টার : 18
এই রিলিজটি পড়তে পারেন: English