স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস ২০২৬ পালিত হ’ল
প্রকাশিত:
01 OCT 2026 2:15PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০১ অক্টোবর, ২০২৬
নতুন দিল্লির লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজে উদযাপিত হ’ল জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ডঃ এম শ্রীনিবাস সহ বিশিষ্ট জনেরা। রক্তদানের পাশাপাশি ছিল সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন। এই বছর এই দিবসের থিম ‘মানবতার একটি বিন্দু। রক্ত দিন। জীবন বাঁচান’।
ডঃ শ্রীনিবাস তাঁর ভাষণে বলেন, দেশে রক্ত সংগ্রহের ৭৫ শতাংশ অবদানই স্বেচ্ছায় রক্তদাতাদের। রক্তের যথাযথ ব্যবহারে জোর দেন তিনি। স্বাস্থ্য পরিষেবা দপ্তরের মহানির্দেশক ডঃ লভনিশ জি কৃষ্ণা রক্ত সংরক্ষণ ও সংগ্রহের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উদ্যোগ ও নীতির কথা তুলে ধরেন।
২০২৫ সালে রক্ত সংগ্রহের ক্ষেত্রে সাফল্যের ভিত্তিতে বিভিন্ন রাজ্যকে সংবর্ধিত করা হয় অনুষ্ঠানে। উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে এক্ষেত্রে প্রথম স্থান অধিকার করেছে মিজোরাম। এরপরই রয়েছে সিকিম। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে চণ্ডীগড় প্রথম এবং দিল্লি দ্বিতীয় স্থান অধিকার করেছে। বাকি রাজ্যগুলির মধ্যে হরিয়ানা প্রথম, উত্তরাখন্ড দ্বিতীয় এবং পাঞ্জাব তৃতীয় স্থান পেয়েছে।
রক্ত সংগ্রহের ক্ষেত্রে সাফল্যের ভিত্তিতে বেশ কয়েকটি সংগঠনকেও এই অনুষ্ঠানে সংবর্ধিত করা হয়। এই সংগঠনগুলির মধ্যে রয়েছে – ইন্ডিয়া রেডক্রস সোসাইটি ও আকাশবাণী।
উল্লেখ্য, দেশজুড়ে ১৭ সেপ্টেম্বর থেকে ০২ অক্টোবর, ২০২৬ পালিত হচ্ছে জাতীয় মেগা স্বেচ্ছায় রক্তদান অভিযান।
SC/AC/SB
(রিলিজ আইডি: 2317684)
ভিজিটরের কাউন্টার : 3