PIB Backgrounder
ভারতের সেমিকন্ডাক্টর ক্ষেত্রে ধোলেরা-র অবদান
প্রকাশিত:
28 SEP 2026 3:53PM by PIB Kolkata
২৮ সেপ্টেম্বর, ২০২৬
একটি সেমিকন্ডাক্টর তৈরির কারখানা বা হাব গড়ে তোলার ক্ষেত্রে শুধু উৎপাদন কেন্দ্র তৈরি করাই যথেষ্ট নয়। অত্যাধুনিক সরঞ্জাম ও উৎপাদনের পাশাপাশি, প্রয়োজন হাসপাতাল, স্কুল, আবাসন, জরুরি পরিষেবা এবং বাণিজ্যিক পরিকাঠামো, যা দীর্ঘমেয়াদে কর্মী ও সংস্থাগুলিকে সহায়তা প্রদান করে। গুজরাটের ধোলেরাতে সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার গড়ে তোলার সঙ্গে সঙ্গে এই বাস্তুতন্ত্রও রূপ পাচ্ছে।
ভারতের সেমিকন্ডাক্টর সম্প্রসারণে গুজরাট একটি অন্যতম কেন্দ্র হিসাবে আত্মপ্রকাশ করেছে।
'সেমিকন ইন্ডিয়া ১.০'-এর অধীনে অনুমোদিত ১২টি প্রকল্পের মধ্যে ছটিই এই রাজ্যে অবস্থিত। জাতীয় স্তরে ১.৬৪ লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগে এসব প্রকল্প গড়ে তোলা হয়েছে। এই বিশাল বিনিয়োগের সঙ্গে সঙ্গে তৈরি হচ্ছে একটি আধুনিক শিল্পভিত্তিক জনপদ।
'সেমিকন ইন্ডিয়া ২০২৬'-এ 'ইনভেস্টমেন্ট ফেসিলিটেশন অ্যান্ড ইজ অফ ডুইং বিজনেস' সংক্রান্ত প্যানেল আলোচনায় গুজরাট স্টেট ইলেকট্রনিক্স মিশনের (GSEM) মিশন ডিরেক্টর নেহা কুমারী জানান, কীভাবে ধোলেরা শিল্প ক্লাস্টারের পাশাপাশি, সাহায্যকারী পরিকাঠামো গড়ে তুলছে।
কারখানার পরবর্তী প্রয়োজনীয় পরিকাঠামো নির্মাণ
স্বাস্থ্যসেবা: এই বাস্তুতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো স্বাস্থ্যসেবা। ধোলেরাতে ২০০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণাধীন রয়েছে, যা ডিসেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে। এটি গুজরাট সরকার পরিচালনা করবে বলে আশা করা হচ্ছে। এর পাশাপাশি, জরুরি মানক পরিচালনা পদ্ধতি (SOP) এবং সংশ্লিষ্ট সংস্থাগুলির সঙ্গে সমন্বয় তৈরির কাজ চলছে।
শিক্ষা: জনপদে ইন্টারন্যাশনাল ব্যাচেলরেট (IB) কারিকুলাম অনুসরণকারী একটি স্কুল গড়ে তোলা হচ্ছে। এর ভবনটি প্রস্তুত এবং অক্টোবর ২০২৬-এর মধ্যে প্রকল্পটি সম্পন্ন করার লক্ষ্য রাখা হয়েছে। এটি পরিচালনার বিষয়ে বেসরকারি অংশীদারদের সঙ্গে আলোচনা চলছে।
আবাসন ও অন্যান্য নাগরিক সুবিধা: শিল্প ক্লাস্টারে কর্মরত পেশাদার ও বিনিয়োগকারীদের জন্য আবাসন তৈরি করা হচ্ছে। সেপ্টেম্বর ২০২৬-এর শেষের দিকে বিনিয়োগকারীদের জন্য আবাসনের সুবিধা প্রদানের লক্ষ্য রয়েছে।
এছাড়া, একটি অগ্নিনির্বাপক কেন্দ্র এবং জুলাই ২০২৬-এ একটি ফুড কোর্টের কাজ সম্পন্ন হয়েছে। বাসগৃহ ও বাণিজ্যিক পরিকাঠামো নির্মাণের কাজ চলছে, যা ২০২৭-এর মাঝামাঝি থেকে শেষের মধ্যে সম্পন্ন হওয়ার কথা। একটি 'টেন্ট সিটি' বা তাঁবু শহর তৈরি করা হয়েছে এবং একটি হোটেলের নির্মাণকাজ চলছে।
শিল্প প্রকল্প থেকে শিল্প বাস্তুতন্ত্র
এই উন্নয়নগুলি প্রকাশ করে কিভাবে বড় শিল্পে বিনিয়োগের পরিকল্পনা করা হচ্ছে। একটি সেমিকন্ডাক্টর কারখানার জন্য শুধু উন্নত ম্যানুফ্যাকচারিং পরিকাঠামোই প্রয়োজন হয় না, বরং কর্মীদের পরিবার নিয়ে বসবাস করার উপযোগী পরিবেশও দরকার হয়। ধোলেরার ক্ষেত্রে এর অর্থ হলো কারখানার পাশাপাশি সামাজিক ও ভৌগোলিক পরিকাঠামো গড়ে তোলা। গত দেড় থেকে দুই বছরে সেখানে উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজ করা হয়েছে।
হাসপাতাল, বিদ্যালয়, আবাসন ও অন্যান্য জরুরি পরিকাঠামো একটি শিল্পভিত্তিক জনপদ পরিচালনায় বিশেষ ভূমিকা পালন করে। ধোলেরাতে কারখানা স্থাপনের সঙ্গে সঙ্গে পুরো বাস্তুতন্ত্র তৈরি করার এই মডেলটি একটি সমন্বিত শিল্প কেন্দ্র গড়ে তোলার পথ দেখাচ্ছে—যেখানে ম্যানুফ্যাকচারিং, পরিকাঠামো এবং দৈনন্দিন জীবন একসঙ্গে বিকশিত হতে পারবে।
তথ্যবিবরণী:
- Ministry of Electronics and Information Technology
Click here to see pdf
*******
SSS/PK...
(রিলিজ আইডি: 2316087)
ভিজিটরের কাউন্টার : 2