PIB Backgrounder
azadi ka amrit mahotsav

ন্যাশনাল সিঙ্গল উইন্ডো সিস্টেম

ভারতে ব্যবসায়িক অনুমোদনের রূপান্তর

প্রকাশিত: 22 SEP 2026 9:40PM by PIB Kolkata

২২ সেপ্টেম্বর, ২০২৬

 

ন্যাশনাল সিঙ্গল উইন্ডো সিস্টেম (NSWS) একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যেটি বিনিয়োগকারীদের তাঁদের ব্যবসার জন্য প্রয়োজনীয় অনুমোদনগুলি চিহ্নিত করতে সহায়তা করে। এটি তাঁদের নির্দিষ্ট ব্যবসায়িক চাহিদার ওপর ভিত্তি করে এই অনুমোদনগুলির জন্য আবেদন করার সুবিধাও প্রদান করে। ডিপিআইআইটি (DPIIT) দ্বারা বাস্তবায়িত এই ব্যবস্থাটি বিনিয়োগকারীদের একটি মাত্র ইন্টারফেসের মাধ্যমে অনুমোদনগুলি চিহ্নিত করা, আবেদন করা এবং ট্র্যাক করার সুবিধা দেয়। এর মূল বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে 'নো ইয়োর অ্যাপ্রুভালস' মডিউল, কমন রেজিস্ট্রেশন ফর্ম, অ্যাপ্লিক্যান্ট ড্যাশবোর্ড, ডকুমেন্ট রিপোজিটরি এবং ই-কমিউনিকেশন মডিউল। একবার তথ্য জমা দেওয়ার সুবিধা, অনলাইন প্রসেসিং এবং রিয়েল-টাইম ট্র্যাকিংয়ের মাধ্যমে এনএসডব্লিউএস (NSWS) তথ্যের পুনরাবৃত্তি, কমপ্লায়েন্সের বা নিয়মের বোঝা এবং অনুমোদন পাওয়ার সময়সীমা হ্রাস করে; একই সাথে এটি স্বচ্ছতা এবং সমন্বয় বৃদ্ধি করে। কেন্দ্রীয় মন্ত্রক, রাজ্য এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষগুলির ক্রমবর্ধমান একীকরণের সাথে, এনএসডব্লিউএস (NSWS) ভারতের 'ইজ অফ ডুইং বিজনেস' বা ব্যবসা করার সহজলভ্যতাকে শক্তিশালী করছে এবং একটি আরও নির্বিঘ্ন বিনিয়োগ ব্যবস্থা গড়ে তুলছে।

ন্যাশনাল সিঙ্গল উইন্ডো সিস্টেম: একটি সংক্ষিপ্ত বিবরণ

বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রগতির জন্য একটি দক্ষ নিয়ন্ত্রক ইকোসিস্টেম অত্যন্ত আবশ্যক। একটি স্বচ্ছ এবং বিনিয়োগকারী-বান্ধব নিয়ন্ত্রক ব্যবস্থা তৈরি করতে সরকার বেশ কিছু ডিজিটাল শাসন সংস্কার গ্রহণ করেছে। ন্যাশনাল সিঙ্গল উইন্ডো সিস্টেম (NSWS) এই ধরনের একটি সংস্কার। এটি একটি ডিজিটাল প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে যা বিনিয়োগকারীদের তাঁদের ব্যবসার জন্য প্রয়োজনীয় অনুমোদনগুলি চিহ্নিত করতে এবং সেগুলির জন্য আবেদন করতে গাইড করে।
২০২১-এর ২২ সেপ্টেম্বর-এ চালু হওয়া এনএসডব্লিউএস (NSWS) বাণিজ্য ও শিল্প মন্ত্রকের ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড (DPIIT) দ্বারা বাস্তবায়িত হচ্ছে। এই বছর এটি তার সাফল্যের পাঁচ বছর পূর্ণ করল। এটি একটি সাধারণ ডিজিটাল প্ল্যাটফর্মে কেন্দ্রীয় মন্ত্রক, রাজ্য সরকার এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষগুলির দ্বারা প্রদত্ত অনুমোদনগুলিকে একত্রিত করে।

'ইজ অফ ডুইং বিজনেস'-এ অবদান

এনএসডব্লিউএস (NSWS) তথ্য ও নথিপত্র একবার জমা দেওয়ার সুবিধা প্রদান করে অনুমোদন প্রক্রিয়াকে সহজতর করে। এটি কমপ্লায়েন্স এবং অনুমোদন পাওয়ার সময়সীমা কমাতে সাহায্য করে। প্ল্যাটফর্মটি রিয়েল-টাইম অ্যাপ্লিকেশন ট্র্যাকিং এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষগুলির সাথে অনলাইন যোগাযোগের মাধ্যমে স্বচ্ছতা বৃদ্ধি করে। এই বৈশিষ্ট্যগুলি অনুমোদন প্রক্রিয়াকে আরও অনুমানযোগ্য এবং দক্ষ করে তোলে।

ডিপার্টমেন্ট বা বিভাগগুলির মধ্যে তথ্যের পুনরাবৃত্তি হ্রাস করতে এবং একটি সমন্বিত ডিজিটাল ইকোসিস্টেমের মাধ্যমে সরকারি সংস্থাগুলির মধ্যে সমন্বয় বৃদ্ধি করতে এনএসডব্লিউএস (NSWS) সাহায্য করে। সামগ্রিকভাবে, এই সংস্কারগুলি 'ইজ অফ ডুইং বিজনেস' বা সহজে ব্যবসা করার ব্যবস্থাকে সুদৃঢ় করে, বিনিয়োগ সহজতর করে এবং সরকারের 'ন্যূনতম সরকার, সর্বোচ্চ শাসন' (Minimum Government, Maximum Governance) সংক্রান্ত দূরকল্প বা ভিশনকে সমর্থন করে।

এনএসডব্লিউএস-এর মূল কার্যকারিতাসমূহ
এনএসডব্লিউএস (NSWS) অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া এবং ফি প্রদানের সুবিধা প্রদান করে। এনএসডব্লিউএস-এর একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল, 'নো ইয়োর অ্যাপ্রুভালস' (KYA) মডিউল। এটি এমন একটি টুল যা কোনো ব্যবসার প্রস্তাবিত কার্যক্রমের ওপর ভিত্তি করে তার জন্য প্রযোজ্য অনুমোদনগুলি চিহ্নিত করে। এই পোর্টালে ৩২টি কেন্দ্রীয় মন্ত্রক/বিভাগ এবং ৩৪টি রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলের অনুমোদনের আবেদনপত্র অন্তর্ভুক্ত রয়েছে। এটি বিনিয়োগকারীদের ব্যবসার জন্য প্রয়োজনীয় নিয়ন্ত্রক বিধিগুলি বুঝতে সাহায্য করে। কেওয়াইএ (KYA)-এর মাধ্যমে প্রদত্ত এই নির্দেশনাটি কেবল পরামর্শমূলক এবং এটি কোনো আইনি পরামর্শের বিকল্প নয়।

কমপ্লায়েন্স বা নিয়ম পালনের প্রক্রিয়াকে সহজ করতে, এনএসডব্লিউএস (NSWS) একটি 'কমন রেজিস্ট্রেশন ফর্ম' প্রদান করে যা একটি একক ইন্টারফেসের মাধ্যমে তথ্য সংগ্রহ করে এবং বিভিন্ন অ্যাপ্লিকেশনে সেই তথ্যের পুনরায় ব্যবহারের সুবিধা দেয়। প্ল্যাটফর্মটি একটি নির্দিষ্ট 'স্টেট রেজিস্ট্রেশন ফর্ম'-এর মাধ্যমে রাজ্য স্তরের সিঙ্গল উইন্ডো সিস্টেমগুলিতে নির্বিঘ্ন অ্যাক্সেস প্রদান করে, যা রাজ্য-স্তরের অনুমোদন প্রক্রিয়ার সাথে একীকরণ নিশ্চিত করে।

এই প্ল্যাটফর্মে আবেদন জমা দেওয়া, সেগুলির স্থিতি পর্যবেক্ষণ করা এবং বিভাগীয় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটি 'অ্যাপ্লিক্যান্ট ড্যাশবোর্ড' রয়েছে। পোর্টালটি বিনিয়োগকারীদের প্রযোজ্য অনুমোদনগুলি সহজেই নবীকরণ করতে এবং রিয়েল-টাইমে আবেদনের স্থিতি ট্র্যাক করার সুবিধা দেয়। একটি কেন্দ্রীভূত 'ডকুমেন্ট রিপোজিটরি' একাধিক অনুমোদনের ক্ষেত্রে নথিপত্র একবার আপলোড করে তা পুনরায় ব্যবহারের সুবিধা দেয়, যা বারবার নথিপত্র জমা দেওয়ার ঝামেলা কমায়। 'ই-কমিউনিকেশন মডিউল' আবেদনকারী এবং সংশ্লিষ্ট মন্ত্রক ও রাজ্য সরকারগুলির মধ্যে অনলাইনে প্রশ্ন ও স্পষ্টীকরণের আদান-প্রদান সহজতর করে।

এনএসডব্লিউএস-এর অধীনে অনুমোদন প্রক্রিয়া
একজন বিনিয়োগকারী প্রথমে একটি ইমেল আইডি এবং মোবাইল নম্বর ব্যবহার করে এনএসডব্লিউএস (NSWS)-এ নিবন্ধন করার মাধ্যমে প্রক্রিয়াটি শুরু করেন। বিনিয়োগকারী 'নো ইয়োর অ্যাপ্রুভালস' (KYA) মডিউলের মাধ্যমে তাঁর জন্য প্রযোজ্য অনুমোদনগুলি চিহ্নিত করতে পারেন অথবা অনুমোদনের তালিকা থেকে প্রয়োজনীয় অনুমোদনগুলি অনুসন্ধান করতে পারেন। যাচাইকরণের পর, তাঁরা বিভিন্ন কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের অনুমোদনের জন্য আবেদনপত্র জমা দিতে পারেন।

একবার আবেদনপত্র জমা দেওয়া হয়ে গেলে, এনএসডব্লিউএস (NSWS) সেটিকে বৈদ্যুতিন পদ্ধতিতে সংশ্লিষ্ট মন্ত্রক, বিভাগ বা রাজ্য সরকারের কাছে তাদের নিজস্ব ব্যাকএন্ড সিস্টেমের মাধ্যমে প্রক্রিয়াজাতকরণের জন্য পাঠিয়ে দেয়।

 এনএসডব্লিউএস (NSWS)-এ নিবন্ধন সম্পূর্ণ বিনামূল্যে হলেও, আবেদনকারীদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত সংবিধিবদ্ধ ফি পোর্টালের মাধ্যমে পরিশোধ করতে হবে।

আবেদনকারীরা তাঁদের 'অ্যাপ্লিক্যান্ট ড্যাশবোর্ড'-এর মাধ্যমে আবেদনের স্থিতি পর্যবেক্ষণ করতে পারেন। তাঁরা 'ই-কমিউনিকেশন মডিউল' ব্যবহার করে বিভাগীয় প্রশ্নের উত্তর দিতে পারেন এবং কেন্দ্রীভূত 'ডকুমেন্ট রিপোজিটরি' থেকে সমস্ত আপলোড করা নথিপত্র ব্যবহার করতে পারেন।

ডিজিটাল সমন্বয়করণের সম্প্রসারণ

এনএসডব্লিউএস (NSWS) পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর (PAN)-কে 'সিঙ্গল বিজনেস আইডি' হিসাবে কার্যকর করে, যেখানে ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট (DSC) এবং ডিজিলকার (একক মালিকানাধীন ব্যবসার ক্ষেত্রে)-এর মাধ্যমে অনুমোদিত প্রতিনিধিদের ব্যবহারকারী যাচাইকরণ বা অথেনটিকেশন করা হয়।
ফরেন ইনভেস্টমেন্ট ফেসিলিটেশন পোর্টাল (FIF Portal)-কেও এনএসডব্লিউএস (NSWS)-এর সাথে একীভূত করা হয়েছে, যা সরকারি অনুমোদনের প্রয়োজন রয়েছে এমন এফডিআই (FDI) বা প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের আবেদনের জন্য একটি সিঙ্গল-উইন্ডো ব্যবস্থা নিশ্চিত করে। ইন্ডাস্ট্রিয়াল অন্ট্রোপ্রেনিওর মেমোরেন্ডাম (IEM) এবং ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স (IL) প্রক্রিয়া দুটি যথাক্রমে ২০২৫-এর অক্টোবর এবং মার্চ ২০২৬ থেকে সম্পূর্ণভাবে ন্যাশনাল সিঙ্গল উইন্ডো সিস্টেম (NSWS)-এ স্থানান্তরিত করা হয়েছে এবং এগুলি এখন সম্পূর্ণ ডিজিটাল। এই ডিজিটালাইজড প্রক্রিয়াগুলি সংশ্লিষ্ট সরকারি ডেটাবেসের সাথে একীকরণের মাধ্যমে তথ্যের অটো-পপুলেশন (স্বয়ংক্রিয়ভাবে তথ্য পূরণ হওয়া) সহজতর করে, ম্যানুয়াল বা হাতে-কলমে অনুমোদনের প্রয়োজনীয়তা দূর করে এবং শিল্পগুলিকে তাৎক্ষণিকভাবে স্বীকৃতিপত্র বা অ্যাকনলেজমেন্ট জেনারেট করার সুবিধা দেয়; যার ফলে কার্যদক্ষতা বৃদ্ধি পায় এবং প্রক্রিয়াকরণের সময় কমে আসে।

এ ছাড়া, ই-প্রোডাকশন ইনভেস্টমেন্ট বিজনেস ভিসা (e-B-4 Visa)-র আওতায় বিদেশী পেশাদারদের আমন্ত্রণ জানানোর জন্য ভারতীয় কোম্পানিগুলিকে স্পনসরশিপ লেটার জেনারেট করতে সহায়তা করার লক্ষ্যে নভেম্বর ২০২৫-এ এনএসডব্লিউএস (NSWS)-এ 'প্রোডাকশন ইনভেস্টমেন্ট বিজনেস রেজিস্ট্রেশন' মডিউল চালু করা হয়েছিল। এই মডিউলটি নিবন্ধন এবং স্পনসরশিপ সংক্রান্ত নথিপত্র জারির জন্য একটি সুসংহত ডিজিটাল ব্যবস্থা প্রদান করে।

এর পাশাপাশি, পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভস সেফটি অর্গানাইজেশন (PESO) তার সমস্ত ৭৪টি লাইসেন্সিং মডিউলকে এনএসডব্লিউএস (NSWS)-এর সাথে সংযুক্ত করেছে, যার ফলে, এটি সম্পূর্ণ লেনদেন-স্তরের একীকরণ অর্জনকারী প্রথম বিভাগ বা ডিপার্টমেন্ট হয়ে উঠেছে।

আওতা এবং কার্যকারিতা
চালু হওয়ার পর থেকে, এনএসডব্লিউএস (NSWS) তার পরিধি এবং পরিষেবা প্রদানের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। এ বছর ২১ সেপ্টেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই প্ল্যাটফর্মটি বার্ষিক গড়ে ৩.০৬ লক্ষেরও বেশি আবেদন গ্রহণ করে এবং প্রতি বছর ২.২৬ লক্ষেরও বেশি অনুমোদন প্রক্রিয়াজাতকরণে সহায়তা করে। প্ল্যাটফর্মটি একক মালিকানাধীন ব্যবসা, কোম্পানি, এলএলপি (LLPs) এবং বিদেশী সংস্থা সহ ৫.৬৯ লক্ষেরও বেশি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করেছে।

এনএসডব্লিউএস (NSWS) বর্তমানে ৩৪টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ৩২৭টিরও বেশি কেন্দ্রীয় অনুমোদন এবং ৩,৪৫২টি রাজ্য স্তরের অনুমোদনের সুবিধা প্রদান করে। এটি কোম্পানি গঠন, শিল্প লাইসেন্স, স্টার্টআপ স্বীকৃতি, এফডিআই অনুমোদন এবং চুক্তিভিত্তিক শ্রম আইনের (Contract Labour Act) অধীনে নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক অনুমোদনের সুবিধা দেয়। আসাম (৩৩৫), কর্ণাটক (৩২৭), তামিলনাড়ু (২২৩) এবং মণিপুর (১৯০) সর্বাধিক সংখ্যক সমন্বিত বা একীভূত অনুমোদনের সুবিধা প্রদান করে থাকে।

এই প্ল্যাটফর্মটি ন্যাশনাল গ্রীন হাইড্রোজেন মিশন, ইথানল নীতি, ভেহিকেল স্ক্র্যাপিং নীতি এবং ইন্ডিয়ান ফুটওয়্যার অ্যান্ড লেদার ডেভেলপমেন্ট প্রোগ্রাম-সহ ফ্ল্যাগশিপ উদ্যোগগুলির অধীনে অনুমোদনের জন্য একটি সাধারণ প্রবেশদ্বার হিসাবেও কাজ করে।

একটি নির্বিঘ্ন ব্যবসায়িক ব্যবস্থার অভিমুখে
এনএসডব্লিউএস (NSWS) একটি স্বচ্ছ এবং প্রযুক্তি-চালিত নিয়ন্ত্রক ব্যবস্থা তৈরির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ চিহ্নিত করে। মন্ত্রক, রাজ্য এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষগুলির ধারাবাহিক একীকরণ এর কার্যকারিতাকে আরও শক্তিশালী করবে। ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং প্রক্রিয়া সহজীকরণ বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বাড়াবে এবং ভারতের ব্যবসা করার সহজলভ্যতাকে উন্নত করবে। এই প্ল্যাটফর্মটি বিকশিত হওয়ার সাথে সাথে, এনএসডব্লিউএস (NSWS) ভারতের একটি সমন্বিত ব্যবসায়িক নিয়ন্ত্রক কাঠামোর মূল ভিত্তি হয়ে ওঠার সম্ভাবনা রাখে।

তথ্যবিবরণী

Ministry of Commerce and Industry

https://www.dpiit.gov.in/static/uploads/2026/03/863a5fef349d79a1bba316c4b51eaacb.pdf

https://www.nsws.gov.in/

https://www.dpiit.gov.in/static/uploads/2026/03/863a5fef349d79a1bba316c4b51eaacb.pdf

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1880251&reg=48&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1756966&reg=48&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1796506&lang=2&reg=3

PIB Archive

https://www.pib.gov.in/FactsheetDetails.aspx?id=150871&NoteId=150871&ModuleId=16&reg=6&lang=1

Click here to see pdf

 


*******

SSS/RP........


(রিলিজ আইডি: 2314305) ভিজিটরের কাউন্টার : 2
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Gujarati