PIB Backgrounder
সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষার অভিমুখে
আয়ুষ্মান ভারত - প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা
প্রকাশিত:
22 SEP 2026 2:27PM by PIB Kolkata
২২ সেপ্টেম্বর, ২০২৬
আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী-জন আরোগ্য যোজনা (AB PM-JAY) ভারতের স্বাস্থ্য ব্যবস্থার একটি ফ্ল্যাগশিপ আর্থিক সুরক্ষা স্তম্ভ হিসাবে কাজ করে, যেটি অর্থনৈতিকভাবে দুর্বল নাগরিকদের প্রতি পরিবারে বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস (নগদবিহীন) হাসপাতালে ভর্তির সুবিধা প্রদান করে।
এর অষ্টম বর্ষপূর্তি উদযাপনকালে, এই প্রকল্পটি এখন আয়ুষ্মান কার্ডের মাধ্যমে ভারতের জনসংখ্যার প্রায় ৩৩ শতাংশকে আওতাভুক্ত করেছে, যার অধীনে ২.০৩ লক্ষ কোটি টাকা মূল্যের ১৩.২৫ কোটি হাসপাতালে ভর্তি বা চিকিৎসার অর্থায়ন করা হয়েছে এবং এটি সাধারণ মানুষের পকেট থেকে হওয়া চিকিৎসার খরচ নাটকীয়ভাবে হ্রাস করেছে। দেশব্যাপী ব্যাপক সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনের জন্য এই ইন-পেশেন্ট কেয়ার (হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা) মডেলটি তিনটি পরিপূরক স্তম্ভের সাথে একযোগে কাজ করে—প্রাথমিক চিকিৎসার জন্য আয়ুষ্মান আরোগ্য মন্দির, সমন্বিত হেলথ আইডি-র জন্য আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন এবং ভৌত পরিকাঠামো উন্নয়নের জন্য পিএম-আভিম (PM-ABHIM)।
সবার জন্য স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ
স্বাস্থ্যখাতে বিনিয়োগ সমাজকে আরও স্থিতিস্থাপক, সক্ষম এবং উৎপাদনশীল করে তোলে। সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষার মূল লক্ষ্য হলো সবচেয়ে সুবিধাবঞ্চিত পরিবার-সহ প্রত্যেকেই যেন সাশ্রয়ী ও মানসম্পন্ন স্বাস্থ্যপরিষেবা পান, যা তাঁদের একটি সুস্থ ও অর্থপূর্ণ জীবনযাপনে সক্ষম করে তুলবে।
ভারত সরকার সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনের লক্ষ্যে আজ থেকে আট বছর আগে, ২০১৮-র-২৩ সেপ্টেম্বর 'আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী-জন আরোগ্য যোজনা' (AB PM-JAY) চালু করে। এটি একটি পাবলিক হেলথ অ্যাশুরেন্স বা জনস্বাস্থ্য নিশ্চিতকরণ প্রকল্প এবং এটি সেকেন্ডারি বা মধ্যমান ও টারশিয়ারি বা তৃতীয় পর্যায়ের তত্ত্বাবধান (মাধ্যমিক ও উচ্চতর চিকিৎসা) আওতাভুক্ত করে। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম সরকারি স্বাস্থ্যসেবা প্রকল্প, যার অধীনে এই যোজনার অষ্টম বর্ষপূর্তিতে (২১ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত) ভারতের জনসংখ্যার প্রায় ৩৩ শতাংশ (৪৮.৫১ কোটিরও বেশি মানুষ) ইতিমধ্যেই আয়ুষ্মান কার্ডের আওতায় এসেছেন।
এ বছর ৩১ আগস্ট পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবি-পিএমজেএআই (AB-PMJAY) যোজনাটি ৩৮,০০০টিরও বেশি নথিভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালের নেটওয়ার্কের মাধ্যমে প্রায় ১৩.২৫ কোটি হাসপাতালে ভর্তির ক্ষেত্রে ২.০৩ লক্ষ কোটি টাকা মূল্যের চিকিৎসাসেবা প্রদান করে মানুষের পাশে দাঁড়িয়েছে।
এবি-পিএমজেএআই (AB-PMJAY) আয়ুষ্মান ভারতের অধীনে পরিচালিত একটি প্রকল্প যা সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষাকে ত্বরান্বিত করছে। ভারতের জনস্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে কর্মরত অন্য প্রকল্পগুলি হল—আয়ুষ্মান আরোগ্য মন্দির (AAM), আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন এবং পিএম-আয়ুষ্মান ভারত হেলথ ইনফ্রাস্ট্রাকচার মিশন (PM-ABHIM)। এবি-পিএমজেএআই (AB-PMJAY)-এর নেতৃত্বে এই চারটি ফ্ল্যাগশিপ প্রকল্প সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা প্রদানের লক্ষ্যে ভারতের জনস্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করে তুলছে।
এবি পিএম-জেএআই:
নাগরিকদের চিকিৎসা ঋণ থেকে মুক্তি
এবি পিএম-জেএআই (AB PM-JAY)-এর লক্ষ্য, পরিবারগুলিকে চিকিৎসার অতিরিক্ত খরচের বোঝা থেকে রক্ষা করা। এটি ২৭টি মেডিকেল স্পেশালিটির অধীনে ১,৯৬১টি চিকিৎসা পদ্ধতির জন্য ক্যাশলেস বা নগদবিহীন স্বাস্থ্যপরিষেবা প্রদান করে।
২০২৪ সালের মার্চ মাসে, সরকার এই প্রকল্পের পরিধি আরও প্রসারিত করে এর আওতায় প্রায় ৩৭ লক্ষ স্বীকৃতিপ্রাপ্ত সামাজিক স্বাস্থ্য কর্মী (ASHA/আশা), অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের পরিবারকে অন্তর্ভুক্ত করেছিল। এ বছর ২১ সেপ্টেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই যোজনার অধীনে আশা, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের (ASHAs/AWWs/AWHs) জন্য ৪৪.৮১ লক্ষেরও বেশি আয়ুষ্মান কার্ড তৈরি করা হয়েছে।
এরই ধারাবাহিকতায়, ১১ সেপ্টেম্বর ২০২৪-এ, সরকার এই প্রকল্পের আওতা আরও বাড়িয়ে ৭০ বছর এবং তার বেশি বয়সী সমস্ত প্রবীণ নাগরিকদের এর অন্তর্ভুক্ত করে, যা প্রায় ৬ কোটি প্রবীণ নাগরিককে কভার করে। এবছর ২১ সেপ্টেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১.৩৬ কোটিরও বেশি প্রবীণ নাগরিকের কাছে 'আয়ুষ্মান বয় বন্দনা' কার্ড রয়েছে।
সুবিধাবঞ্চিত উপকারভোগীদের ক্ষমতায়ন
নির্দিষ্ট বঞ্চনা এবং পেশাগত মানদণ্ডের ওপর ভিত্তি করে ২০১১ সালের আর্থ-সামাজিক জাতিশুমারি (SECC)-র তথ্যানুযায়ী উপকারভোগী পরিবারগুলিকে চিহ্নিত করা হয়। এই প্রকল্পে পূর্বে 'রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনা' (RSBY)-র আওতাভুক্ত পরিবারগুলিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
গ্রামীণ উপকারভোগী
গ্রামীণ এলাকার ক্ষেত্রে, এবি পিএম-জেএআই (AB PM-JAY)-এর অধীনে যোগ্যতা ২০১১ সালের আর্থ-সামাজিক ও জাতিশুমারিতে (SECC) নির্দিষ্ট বঞ্চনার মানদণ্ডের ভিত্তিতে নির্ধারিত হয়। যোগ্য পরিবারের মধ্যে সেইসব পরিবার অন্তর্ভুক্ত রয়েছে, যারা নিম্নলিখিত ছয়টি মানদণ্ডের মধ্যে এক বা একাধিকের অধীনে পড়ে:
D1: কাঁচা দেওয়াল এবং কাঁচা ছাদ বিশিষ্ট মাত্র একটি ঘর রয়েছে এমন পরিবার;
D2: ১৬ থেকে ৫৯ বছর বয়সী কোনো প্রাপ্তবয়স্ক সদস্য নেই এমন পরিবার;
D3: ১৬ থেকে ৫৯ বছর বয়সী কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য নেই এমন নারী-প্রধান পরিবার;
D4: প্রতিবন্ধী সদস্য রয়েছে এবং কোনো শারীরিক ক্ষমতাসম্পন্ন প্রাপ্তবয়স্ক সদস্য নেই এমন পরিবার;
D5: তপশিলি জাতি/তপশিলি উপজাতি (SC/ST) ভুক্ত পরিবার; এবং
D7: ভূমিহীন পরিবার, যাদের আয়ের সিংহভাগ কায়িক শ্রম বা দিনমজুরি থেকে আসে।
২. শহরের উপকারভোগী
শহরাঞ্চলের ক্ষেত্রে, নিম্নলিখিত ১১টি পেশাগত বিভাগের কর্মীরা এই প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হন:
টোকাই বা আবর্জনা সংগ্রাহক
ভিক্ষুক
গৃহকর্মী
হকার/ মুচি/ ফুটপাতের বিক্রেতা/ রাস্তায় কর্মরত অন্যান্য পরিষেবা প্রদানকারী
নির্মাণ কর্মী/ প্লাম্বার বা কলের মিস্ত্রি/ রাজমিস্ত্রি/ মজুর/ পেইন্টার/ ওয়েল্ডার/ নিরাপত্তা রক্ষী/ কুলি এবং মাথায় বোঝা বহনকারী অন্যান্য শ্রমিক
ঝাড়ুদার/ পরিচ্ছন্নতা কর্মী/ মালি
ঘরে বসে কাজ করা কর্মী/ কারিগর/ হস্তশিল্প শিল্পী/ দর্জি
পরিবহন কর্মী/ চালক/ কন্ডাক্টর/ চালক ও কন্ডাক্টরের সহকারি/ ঠেলাগাড়ি চালক/ রিকশাচালক
দোকানের কর্মী/ সহকারি/ ক্ষুদ্র প্রতিষ্ঠানের পিয়ন/ হেল্পার/ ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট/ অ্যাটেনডেন্ট/ ওয়েটার
ইলেকট্রিশিয়ান/ মেকানিক/ অ্যাসেম্বলার/ মেরামত কর্মী
ধোপা/ চৌকিদার
৩. সুনির্দিষ্ট উদ্যোগের মাধ্যমে অন্তর্ভুক্ত অতিরিক্ত উপকারভোগী বিভাগসমূহ
ইমারত ও অন্যান্য নির্মাণ কর্মী (BOCW) এবং তাঁদের ওপর নির্ভরশীল ব্যক্তিরা;
পিএম-রাহাত (PM-RAHAT)-এর আওতায় অন্তর্ভুক্ত সড়ক দুর্ঘটনার শিকার ব্যক্তিরা;
'সাপোর্ট ফর মার্জিনালাইজড ইন্ডিভিজুয়ালস ফর লাইভলিহুড অ্যান্ড এন্টারপ্রাইজ' (SMILE) উদ্যোগের আওতায় অন্তর্ভুক্ত রূপান্তরকামী ব্যক্তিরা;
'পিএম কেয়ার্স ফর চিলড্রেন' প্রকল্পের আওতাধীন যোগ্য শিশুরা, যারা কোভিড-১৯ অতিমারীর কারণে বাবা-মা উভয়কে, জীবিত একমাত্র অভিভাবককে, আইনি অভিভাবককে বা দত্তক নেওয়া বাবা-মাকে হারিয়েছে;
'ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম' (NAMASTE) প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত আবর্জনা সংগ্রাহক এবং চিহ্নিত পরিচ্ছন্নতা কর্মীরা; এবং
'প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান' (PM-JANMAN)-এর আওতায় অন্তর্ভুক্ত বিশেষ সংকটাপন্ন উপজাতি গোষ্ঠীগুলি (PVTGs)।
অসুস্থ প্রবীণদের সহায়তা
হরিয়ানার জিন্দ জেলার ৬৫ বছর বয়সী এক নারী, বীরমতী তাঁর ফিমোরাল নেক-এ (যা নিতম্বকে পায়ের সাথে সংযুক্ত করে) গুরুতর ফ্র্যাকচার বা হাড় ভাঙার সমস্যায় ভুগছিলেন। সৌভাগ্যবশত, তিনি আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে একটি জেলা অর্থোপেডিক ও মেটারনিটি হাসপাতালে ৪৪,১৪০ টাকা মূল্যের সময়োচিত অস্ত্রোপচার এবং যথাযথ যত্ন পেতে সক্ষম হন। এই প্রকল্পটি সমাজের অর্থনৈতিক ও সামাজিকভাবে দুর্বল অংশগুলির জন্য একটি জীবনরক্ষাকারী মাধ্যম বা লাইফলাইন হিসাবে প্রমাণিত হয়েছে, যা তাঁদের সাশ্রয়ী, সময়োপযোগী, মানসম্পন্ন এবং সহজলভ্য স্বাস্থ্যসেবা প্রদান করে।
এবি-পিএমজেএআই তহবিল কাঠামো এবং কেন্দ্রীয় বাজেট (AB-PMJAY Funding Structure and Central Budgeting)
এবি-পিএমজেএআই (AB-PMJAY) একটি কেন্দ্র স্পনসরিত বা কেন্দ্রীয়ভাবে স্পনসর করা প্রকল্প। উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল ব্যতীত অন্য সমস্ত রাজ্যের ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে তহবিলের ভাগাভাগি ৬০:৪০ অনুপাতে হয়; উল্লিখিত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে এই অনুপাত ৯০:১০। বিধানসভা বিহীন কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য কেন্দ্রীয় সরকার ১০০ শতাংশ অর্থায়ন করে, আর বিধানসভা বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ক্ষেত্রে কেন্দ্র এবং কেন্দ্রশাসিত অঞ্চল ৬০:৪০ অনুপাতে তহবিল ভাগাভাগি করে। গত কয়েক বছরে কেন্দ্রীয় বাজেটের বরাদ্দ বৃদ্ধি পেয়েছে, যেখানে ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য ৯,৫০০ কোটি টাকার বাজেট বরাদ্দ অনুমান করা হয়েছে।
পকেট থেকে হওয়া চিকিৎসার খরচ হ্রাস
মানুষ এখন চিকিৎসার জন্য নিজেদের পকেট থেকে আগের চেয়ে অনেক কম টাকা খরচ করছেন।
সরকারি তথ্য প্রতিফলিত করে যে, বর্ধিত সরকারি অর্থায়ন এবং এবি-পিএমজেএআই (AB-PMJAY)-এর মতো নিখরচায় ও কম খরচের প্রকল্পগুলির কারণে ব্যক্তিগত চিকিৎসা ব্যয়ও হ্রাস পেয়েছে।
এবি-পিএমজেএআই (AB-PMJAY) ছাড়াও, আয়ুষ্মান ভারতের অন্যান্য প্রকল্পগুলিও মানুষের সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করছে।
আয়ুষ্মান আরোগ্য মন্দির:
তৃণমূল স্তরের প্রাথমিক চিকিৎসার ক্ষমতায়ন
আয়ুষ্মান আরোগ্য মন্দির (AAM), যা আয়ুষ্মান ভারতের দ্বিতীয় স্তম্ভ, মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করে তুলেছে।
এই মন্দিরগুলি (AAMs) হলো এমন এক একটি কমিউনিটি হেলথকেয়ার সেন্টার বা সামুদায়িক স্বাস্থ্যকেন্দ্র, যেখানে চিকিৎসকেরা ফ্রন্টলাইন বা মাঠপর্যায়ের কর্মীদের নেতৃত্ব দেন। পূর্বে প্রাথমিক মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা বা অন্যান্য পরিষেবা প্রদানকারী বিদ্যমান স্বাস্থ্যকেন্দ্রগুলিকে উন্নত বা আপগ্রেড করে সাধারণত এই আয়ুষ্মান আরোগ্য মন্দিরগুলি গড়ে তোলা হয়।
এই আরোগ্য মন্দিরগুলি সমস্ত প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সম্পদে সজ্জিত থাকে, যার মধ্যে রয়েছে:
উন্নত বা আপগ্রেড করা পরিকাঠামো
অতিরিক্ত মানবসম্পদ বা কর্মী
প্রয়োজনীয় ওষুধ এবং রোগ নির্ণয় (ডায়াগনস্টিকস) ব্যবস্থা
আইটি (IT) বা তথ্যপ্রযুক্তি ব্যবস্থা ইত্যাদি
এই কেন্দ্রগুলি (AAMs) কেবল মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবার গণ্ডি পেরিয়ে আরও বিস্তৃত পরিষেবা দেয়। এগুলি নিম্নলিখিত পরিষেবাগুলিও প্রদান করে থাকে—বিভিন্ন রোগ নির্ণয় ও তার ব্যবস্থাপনা; মুখ (ওরাল), চোখ এবং কান-নাক-গলার (ENT) যত্ন; এবং মানসিক স্বাস্থ্য সহায়তা। এ ছাড়া, এই কেন্দ্রগুলিতে প্রথম স্তরের জরুরি চিকিৎসা ও ট্রমা কেয়ার এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও ডায়াগনস্টিকস পরিষেবা প্রদান করা হয়।
যেহেতু সরকার আয়ুষ (AYUSH - আয়ুর্বেদ, যোগ ও প্রাকৃতিক চিকিৎসা, ইউনানি, সিদ্ধ এবং হোমিওপ্যাথি) চিকিৎসার পরিধিও বাড়াচ্ছে, অতএব, এখন সাধারণ মানুষের জন্য 'আয়ুষ এএএম' (AYUSH AAM)-ও রয়েছে।
আরোগ্য মন্দিরগুলি (AAMs) কমিউনিটি হেলথ ওয়ার্কার এবং স্বীকৃতিপ্রাপ্ত সামাজিক স্বাস্থ্য কর্মী (ASHA/আশা)-দের জন্য সামাজিক স্বাস্থ্য প্রচার বা জনসংযোগের প্রধান কেন্দ্র। এই কেন্দ্রগুলিতে তাঁরা বিভিন্ন স্বাস্থ্য কর্মসূচি সম্পর্কে সচেতনতা ছড়ান, রোগীদের খোঁজখবর নেন এবং সামুদায়িক স্বাস্থ্যের ওপর নজর রাখেন।
এই আরোগ্য মন্দিরগুলির (AAMs) মাধ্যমেই নাগরিকেরা ই-সঞ্জীবনী (e-Sanjeevani)—যা একটি সরকারি টেলিমেডিসিন পরিষেবা—তার সাহায্যে জেলা, রাজ্য বা জাতীয় স্তরের হাসপাতালের চিকিৎসকদের সাথে যোগাযোগ করতে পারেন।
এ বছর ১৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই আরোগ্য মন্দিরগুলি-সহ অন্যান্য ক্ষেত্রে ৫০ কোটিরও বেশি টেলি-কনসালটেশন (দূরবর্তী চিকিৎসা পরামর্শ) সম্পন্ন হয়েছে। এই আরোগ্য মন্দিরগুলিতে আজ পর্যন্ত সামগ্রিকভাবে ৫৪০ কোটিরও বেশি মানুষের সমাগম নথিবদ্ধ হয়েছে। সরকার অত্যন্ত দ্রুত গতিতে এই পরিকাঠামো গড়ে তুলছে।
এবিডিএম-এর মাধ্যমে ডিজিটাল স্বাস্থ্য পরিকাঠামো নির্মাণ
একটি বাস্তব ও ভৌত পরিকাঠামো সর্বজনীন স্বাস্থ্যসেবা প্রদানের মূল ভিত্তি হলেও, এর পাশাপাশি, একটি সমমানের শক্তিশালী ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার বা ডিজিটাল জন-পরিকাঠামোও অত্যন্ত আবশ্যক। এটি স্বাস্থ্যসেবা প্রদানকে আরও নির্বিঘ্ন, দক্ষ এবং সহজলভ্য করতে সাহায্য করে। এই বিষয়টিকে স্বীকৃতি দিয়ে, ভারত সরকার একটি সমন্বিত, নাগরিক-কেন্দ্রিক জাতীয় ডিজিটাল স্বাস্থ্য ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে ২০২১ সালের সেপ্টেম্বরে 'আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন' (ABDM) চালু করে।
এবিডিএম (ABDM)-এর পরিকাঠামো মূলত 'আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট' বা আভা (ABHA) আইডির ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে, যা আধার নম্বরের মতোই প্রতিটি ব্যক্তির জন্য একটি ডিজিটাল হেলথ আইডি। মানুষের স্বাস্থ্য সম্পর্কিত নথিপত্র এবং বিমার দাবি এই আভা (ABHA) আইডির সাথে সংযুক্ত থাকে। এই আভা আইডির মাধ্যমে, ব্যক্তিরা একটি মাত্র ইন্টারঅপারেবল নেটওয়ার্কের সাহায্যে তাঁদের সমস্ত চিকিৎসার ইতিহাস বা মেডিকেল হিস্ট্রি অক্ষুণ্ণ রেখে বিমাকারী সংস্থা, স্বাস্থ্যসেবা কেন্দ্র, চিকিৎসক এবং অন্যান্য পরিষেবার সাথে যুক্ত হতে পারেন।
এ বছর ১৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৯৭.৬১ কোটিরও বেশি আভা (ABHA) আইডি বর্তমানে সচল রয়েছে এবং ১১৯.৯৫ কোটিরও বেশি হেলথ রেকর্ড এই অ্যাকাউন্টগুলির সাথে যুক্ত করা হয়েছে। আভা আইডি ব্যবহারকারীদের মধ্যে নারী ৪৯.৭৪ শতাংশ, পুরুষ ৫০.২৬ শতাংশ এবং অন্যান্য লিঙ্গের মানুষ ০.০১ শতাংশ। এ ছাড়া, ৫.৭৮ লক্ষেরও বেশি যাচাইকৃত স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং ১১ লক্ষেরও বেশি স্বাস্থ্যসেবা পেশাদার এই প্ল্যাটফর্মে নিবন্ধিত রয়েছেন।
আভা (ABHA) ছাড়াও, এবিডিএম (ABDM) হল একটি পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা। এটি সমস্ত স্বাস্থ্যসেবা প্রদানকারীকে একটি একক নেটওয়ার্কের আওতায় নিয়ে আসে।
হেলথকেয়ার প্রফেশনালস রেজিস্ট্রি :
চিকিৎসক থেকে শুরু করে আয়ুষ (AYUSH) অনুশীলনকারী-সহ সমস্ত স্বাস্থ্যসেবা পেশাদারদের একটি জাতীয় রেজিস্ট্রি—যা যাচাইকৃত এবং ডিজিটালভাবে সংযুক্ত।
হেলথ ফ্যাসিলিটি রেজিস্ট্রি:
সরকারি ও বেসরকারি সমস্ত হাসপাতাল, ক্লিনিক, ল্যাব ও ফার্মেসি-সহ সমস্ত স্বাস্থ্যসেবা কেন্দ্রের একটি জাতীয় রেজিস্ট্রি, যা সব কিছুকে এক জায়গায় নিয়ে আসে।
ইউনিফাইড হেলথ ইন্টারফেস: স্বাস্থ্য পরিষেবার জন্য একটি উন্মুক্ত নেটওয়ার্ক—যা স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ইউপিআই (UPI)-এর মতো কাজ করে। এর মাধ্যমে যেকোনো অ্যাপের সাহায্যে অ্যাপয়েন্টমেন্ট বুক করা, চিকিৎসকদের সাথে পরামর্শ করা এবং পরিষেবা খুঁজে নেওয়া যায়।
আরোগ্য সেতু ২.০:
এটি ডিজিটাল স্বাস্থ্য পরিষেবা এবং পার্সোনাল হেলথ রেকর্ডের (PHR) একটি সমন্বিত অ্যাপ হিসাবে কাজ করে, যা দেশব্যাপী ডিজিটাল স্বাস্থ্যের গ্রহণযোগ্যতাকে ত্বরান্বিত করছে।
পিএম-আভিম:
ক্রিটিক্যাল কেয়ার এবং রোগ নজরদারি শক্তিশালীকরণ
কোভিড-১৯ অতিমারীর সময়ে, সরকার একটি সমন্বিত ও সামগ্রিক সরকারি দৃষ্টিভঙ্গির মাধ্যমে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছিল। স্থানীয় ক্লিনিক থেকে শুরু করে বড় হাসপাতাল পর্যন্ত জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার রূপান্তরে একটি অগ্রণী প্রতিশ্রুতি প্রদর্শন করে, সরকার বাজেট ২০২১-২২ এর অংশ হিসেবে ২৫ অক্টোবর ২০২১-এ ঐতিহাসিক 'পিএম-আয়ুষ্মান ভারত হেলথ ইনফ্রাস্ট্রাকচার মিশন' (PM-ABHIM) চালু করে.
২০২১-২০২৬ সালের জন্য ৬৪,১৮০ কোটি টাকার একটি বাজেট বরাদ্দ সহ, পিএম-আভিম (PM-ABHIM) শহরাঞ্চল এবং গ্রামীণ এলাকা জুড়ে স্বাস্থ্য পরিকাঠামো সুদৃঢ় করতে, রোগ নজরদারি জোরদার করতে এবং স্বাস্থ্য সংক্রান্ত গবেষণার পরিধি বাড়াতে কাজ করছে। এই প্রয়াস ভারতকে ভবিষ্যৎ স্বাস্থ্য চ্যালেঞ্জগুলি মোকাবিলার ক্ষেত্রে স্বনির্ভরতা এবং পূর্ণ স্থিতিস্থাপকতা অর্জনে ক্ষমতায়ন করছে।
পিএম-আভিম (PM-ABHIM) নিম্নলিখিত বিষয়গুলির ওপর জোর দেয়:
বস্তুত, ১০টি উচ্চ-ফোকাসযুক্ত রাজ্যে ২৩,২২৪টি গ্রামীণ স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্রকে সহায়তা প্রদান।
সব রাজ্যে ১৩,৭৩৬টি শহুরে স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্র স্থাপন।
১১টি উচ্চ-ফোকাসযুক্ত রাজ্যে ৩,৩৮৯টি ব্লক জনস্বাস্থ্য ইউনিট গড়ে তোলা।
সমস্ত জেলায় ৭৪৪টি সমন্বিত জনস্বাস্থ্য ল্যাবরেটরি স্থাপন।
মোট ৫ লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট সমস্ত জেলায় ৬৩১টি ক্রিটিক্যাল কেয়ার হাসপাতাল ব্লক প্রতিষ্ঠা করা।
সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার পথ
এবি-পিএমজেএআই (AB-PMJAY):
যোগ্য উপকারভোগীদের জন্য মানসম্পন্ন ও সাশ্রয়ী মাধ্যমিক এবং উচ্চতর স্বাস্থ্যসেবার সহজলভ্যতা প্রসারিত করে, যেখানে আয়ুষ্মান আরোগ্য মন্দিরগুলি ব্যাপক প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে আসে। আভা বা আউষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট (ABHA) ব্যক্তিদের একটি অনন্য ডিজিটাল হেলথ আইডি তৈরি করতে এবং এই ইকোসিস্টেমে অংশগ্রহণকারী স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলির মাধ্যমে তাঁদের হেলথ রেকর্ড বা চিকিৎসার নথিপত্র ব্যবহারের সুবিধা দেয়। পিএম-আভিম (PM-ABHIM) তৃণমূল স্তর থেকে জেলা স্তর পর্যন্ত স্বাস্থ্যকেন্দ্র, ল্যাবরেটরি এবং ক্রিটিক্যাল কেয়ার সুবিধার বিকাশ ও প্রসারে সহায়তা করে সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো ও প্রস্তুতিকে শক্তিশালী করে।
সামগ্রিকভাবে, এই উদ্যোগগুলি প্রাথমিক চিকিৎসা এবং ডিজিটাল স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা এবং একটি স্থিতিস্থাপক স্বাস্থ্য পরিকাঠামো পর্যন্ত স্বাস্থ্যপরিষেবার ধারাবাহিকতাকে সুদৃঢ় করছে, যা সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যকে আরও এগিয়ে নিয়ে চলেছে।
তথ্যবিবরণী
Prime Minister’s Office
https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=1547032®=48&lang=1
Ministry of Health and Family Welfare
https://www.pib.gov.in/Pressreleaseshare.aspx?PRID=1546948®=48&lang=2#:~:text=Ayushman%20%E2%80%A2%20Bharat%20%E2%80%93Pradhan%20Mantri%20Jan,to%20a%20new%20aspirational%%2020level
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2116209®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2151239®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2152534®=48&lang=2
https://www.pib.gov.in/Pressreleaseshare.aspx?PRID=1848808®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294278®=6&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2241085®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1577932®=48&lang=2
https://esanjeevani.mohfw.gov.in/#/
National Health Authority
https://dashboard.nha.gov.in/public/
Ministry of Tribal Affairs
https://www.pib.gov.in/Pressreleaseshare.aspx?PRID=1577166®=48&lang=2
Ministry of Finance
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2097868®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2034937®=48&lang=2
https://www.indiabudget.gov.in/economicsurvey/doc/echapter.pdf
https://www.indiabudget.gov.in/
PIB Backgrounder
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2281466®=3&lang=1
National Portal of India
https://www.india.gov.in/spotlight/details/ayushman-bharat-pradhan-mantri-jan-arogya-yojana
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2281466®=3&lang=1
myScheme
https://www.myscheme.gov.in/schemes/ab-pmjay
World Bank
https://www.worldbank.org/ext/en/topic/health/universal-health-coverage
World Health Organisation
https://www.who.int/data/gho/data/themes/theme-details/GHO/universal-health-coverage
Click here to see pdf
*******
SSS/RP......
(রিলিজ আইডি: 2314293)
ভিজিটরের কাউন্টার : 17