PIB Backgrounder
কৃষকদের ভবিষ্যৎ সুরক্ষিতকরণ: প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার ৭ বছর
প্রকাশিত:
11 SEP 2026 5:18PM by PIB Kolkata
১১ সেপ্টেম্বর, ২০২৬
বিগত সাত বছর ধরে প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা (PM-KMY) ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বার্ধক্যে আর্থিক নিরাপত্তা এবং মর্যাদা প্রদানে বিশেষ ভূমিকা পালন করে এসেছে।
২০১৯ সালে চালু হওয়া এই প্রকল্পের সাহায্যে ৬০ বছর বয়স থেকে প্রতি মাসে সর্বনিম্ন ৩,০০০ টাকা নিশ্চিত পেনশনের ব্যবস্থা রাখা হয়েছে। অঃ বছরের ফেব্রুয়ারি মাসের হিসাব অনুযায়ী, দেশজুড়ে ২৪.৯৬ লাখের বেশি কৃষক এই প্রকল্পে নথিভুক্ত হয়েছেন। এর মধ্যে হরিয়ানায় প্রায় ৫.৭৫ লাখ কৃষকের নাম নথিভুক্ত হওয়ায়, ঐ রাজ্য শীর্ষে রয়েছে এবং এর পরেই রয়েছে বিহার (৩.৪৬ লাখের বেশি)। ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রকল্পের বাস্তবায়ন ও পরিধি প্রসারে ৫৪০.৬৬ কোটি টাকা ব্যবহার করা হয়েছে, যেটি কৃষক সমাজের মধ্যে সামাজিক নিরাপত্তার ক্রমবর্ধমান সচেতনতাকে চিহ্নিত করে।
PM-KMY-এর ৭ বছর: চাষাবাদের গণ্ডি পেরিয়ে ভবিষ্যৎ সুরক্ষা
ভারতের কৃষকরা বহু প্রজন্ম ধরে অক্লান্ত পরিশ্রম করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছেন। তাঁদের এই কঠোর পরিশ্রমের প্রতি সম্মান জানাতে সরকার বার্ধক্যে তাঁদের নিরাপত্তা ও মর্যাদা দেওয়ার গুরুত্ব উপলব্ধি করেছে। বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ, শেষ বয়সে তাঁদের সঞ্চয় সীমিত থাকে।
এই লক্ষ্যেই ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর 'প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা' (PM-KMY) চালু করা হয়। এই প্রকল্পের আওতায় যোগ্য পুরুষ ও মহিলা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ৬০ বছর বয়স থেকে নিয়মিত মাসিক পেনশনের নিশ্চয়তা দেওয়া হয়, যাতে জীবনের শেষ সময়ে তাঁদের স্থায়িত্ব ও মানসিক শান্তি বজায় থাকে। এ বছর ১২ সেপ্টেম্বর এই সামাজিক নিরাপত্তা উদ্যোগটি সফলতার সঙ্গে সাত বছর পূর্ণ করল।
প্রভাব: সামাজিক নিরাপত্তার পরিধি বিস্তার
এ বছর ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই সামাজিক নিরাপত্তা কাঠামোর অধীনে ২৪,৯৬,২৫২ জন কৃষক নিজেদের নথিভুক্ত করতে পেরেছেন।
রাজ্যভিত্তিক প্রসারের ক্ষেত্রে হরিয়ানা প্রায় ৫.৭৫ লাখ কৃষক নথিভুক্ত করে শীর্ষে রয়েছে এবং এর পর বিহারে এই সংখ্যা ৩.৪৬ লাখের বেশি। ঝাড়খণ্ড ও উত্তর প্রদেশ—উভয় রাজ্যেই নথিভুক্তিকরণ ২.৫ লাখ অতিক্রম করেছে এবং ছত্তিশগড়ে ২ লাখের বেশি রেকর্ড করা হয়েছে। এছাড়া, ওড়িশা, জম্মু ও কাশ্মীর, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু ও মহারাষ্ট্রেও এর উপস্থিতি ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে।
২০১৯ সাল থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দেশজুড়ে এই উদ্দেশ্যে ৫৪০.৬৬ কোটি টাকা ব্যয় করা হয়েছে।
কৃষকদের জন্য পেনশন
প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা এমন একটি কেন্দ্রীয় ক্ষেত্রভিত্তিক প্রকল্প, যেটি কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের অধীনে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া (LIC)-র সঙ্গে অংশীদারিত্বে পরিচালিত হয়।
এটি একটি স্বেচ্ছাসেবী এবং অংশীদারিত্বমূলক বার্ধক্য পেনশন প্রকল্প। এর প্রধান নিয়মগুলো নিচে দেওয়া হলো:
* *মাসিক পেনশন:* ৬০ বছর বয়স পূর্ণ হওয়ার পর গ্রাহকরা প্রতি মাসে সর্বনিম্ন ৩,০০০ টাকা পেনশন পান।
* *পারিবারিক পেনশন:* পেনশন চলাকালীন গ্রাহকের মৃত্যু হলে, তাঁর জীবনসঙ্গী (স্ত্রী বা স্বামী) ৫০% হারে অর্থাৎ প্রতি মাসে ১,৫০০ টাকা পারিবারিক পেনশন পাবেন। তবে, এই সুবিধা কেবল তখনই প্রযোজ্য হবে যদি জীবনসঙ্গী নিজে এই প্রকল্পের সুবিধাভোগী না হন।
* *৬০ বছর বয়সের আগে মৃত্যু:* ৬০ বছর বয়সের আগে গ্রাহকের মৃত্যু হলে, তাঁর জীবনসঙ্গী নিয়ম অনুযায়ী নিয়মিত কিস্তি দিয়ে প্রকল্প চালু রাখতে পারেন অথবা নিয়মাবলী মেনে প্রকল্প থেকে বেরিয়ে এসে টাকা তুলে নিতে পারেন।
কারা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন?
দেশের যেকোনো ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, যাঁদের নিজস্ব আবাদযোগ্য জমির পরিমাণ সর্বোচ্চ দুই হেক্টর পর্যন্ত এবং ২০১৯ সালের ১ আগস্টের হিসাব অনুযায়ী রাজ্যের ভূমি রেকর্ডে নাম রয়েছে, তিনি এই প্রকল্পে যুক্ত হতে পারেন। যোগদানের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
কারা এই প্রকল্পের যোগ্য নন?
১. *অন্যান্য পেনশন বা সামাজিক নিরাপত্তা ব্যবস্থার আওতায় থাকা কৃষক:* যেমন NPS, ESIC, EPFO, প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা (PM-SYM) বা প্রধানমন্ত্রী লঘু ব্যবসায়ী মানধন যোজনার সুবিধাভোগীরা এতে যুক্ত হতে পারবেন না।
২. *উচ্চ অর্থনৈতিক স্তরের ব্যক্তিরা:* প্রাতিষ্ঠানিক জমির মালিক, সাংবিধানিক পদাধিকারী, প্রাক্তন ও বর্তমান মন্ত্রী/সাংসদ/বিধায়ক/মেয়র/জেলা পঞ্চায়েত সভাপতি, সরকারি ও রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মরত বা অবসরপ্রাপ্ত কর্মী (MTS, Class IV ও Group D কর্মী ছাড়া), গত অ্যাসেসমেন্ট বছরে আয়কর প্রদানকারী ব্যক্তি এবং নথিভুক্ত পেশাদাররা (ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী, সিএ ইত্যাদি) এর আওতাভুক্ত নন।
৩. *যাচাইকরণ:* আবেদনকারীর নিজস্ব ঘোষণার ওপর ভিত্তি করে যোগ্যতা নির্ধারণ করা হয়। ভুল বা মিথ্যা তথ্য দেওয়া হলে সুবিধা বন্ধ করে দেওয়া হয় এবং কেন্দ্রীয় সরকারি অংশ প্রদান বন্ধ রেখে জমা টাকা সুদ-সহ ফেরত নেওয়া হয়।
সুরক্ষার জন্য যৌথ অংশীদারিত্ব
এই প্রকল্পে কৃষক এবং কেন্দ্রীয় সরকার সমপরিমাণ অর্থ প্রদান করে। প্রবেশের বয়সের ওপর নির্ভর করে কৃষকের মাসিক কিস্তির পরিমাণ ৫৫ টাকা থেকে ২০০ টাকার মধ্যে হয়ে থাকে এবং সরকারও ঠিক সমপরিমাণ অর্থ তহবিলে জমা করে:
| প্রবেশের বয়স (বছর) | অবসর গ্রহণের বয়স (বছর) | গ্রাহকের অবদান (টাকা) | সরকারের অবদান (টাকা) | মোট জমা (টাকা) |
| --- | --- | --- | --- | --- |
| ১৮ | ৬০ | ৫৫ | ৫৫ | ১১০ |
| ২৫ | ৬০ | ৮০ | ৮০ | ১৬০ |
| ৩০ | ৬০ | ১০৫ | ১০৫ | ২১০ |
| ৩৫ | ৬০ | ১৫০ | ১৫০ | ৩০০ |
| ৪০ | ৬০ | ২০০ | ২০০ | ৪০০ |
কৃষকরা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরাসরি 'অটো-ডেবিট' (Auto-debit) ব্যবস্থার মাধ্যমে কিস্তি পরিশোধ করতে পারেন। এছাড়া, PM-KISAN-এর সুবিধাভোগী কৃষকরা তাঁদের প্রাপ্ত আর্থিক সহায়তা থেকে সরাসরি এই প্রকল্পের কিস্তি পরিশোধের বিকল্প বেছে নিতে পারেন।
সহজ ডিজিটাল নথিভুক্তিকরণ প্রক্রিয়া
কৃষকরা তাঁদের নিকটস্থ কমন সার্ভিস সেন্টারে (CSC) গিয়ে আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং মোবাইল নম্বর ব্যবহার করে সম্পূর্ণ কাগজবিহীন পদ্ধতিতে রেজিস্ট্রেশন করতে পারেন। সফল আবেদনের পর কৃষকরা একটি পেনশন কার্ড ও অ্যাকাউন্ট নম্বর পান। পরবর্তীতে মাসিক, ত্রৈমাসিক, চার মাস অন্তর বা অর্ধবার্ষিক মেয়াদে স্বাচ্ছন্দ্য অনুযায়ী কিস্তি জমা দেওয়ার সুযোগ থাকে।
কৃষকদের কল্যাণে ধারাবাহিক অঙ্গীকার
PM-KMY-এর সাত বছরের পথচলা ভারতের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য সামাজিক সুরক্ষা জোরদার করার এক অনন্য প্রয়াস। এটি কেবল পেনশন দেওয়ার বিষয় নয়, বরং দেশের খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করা কৃষকদের বার্ধক্যের দিনগুলোতে আর্থিক স্থায়িত্ব ও মর্যাদা বজায় রাখার একটি জাতীয় অঙ্গীকার।
তথ্যবিবরণী:
Ministry of Agriculture and Farmers Welfare
https://pmkisan.gov.in/Documents/PM-KMY%20-%20Operational%20Guidelines.pdf
https://sansad.in/getFile/lsapps/loksabhaquestions/annex/187/AU1656_xhexVu.pdf?source=lsapps
https://pmkmy.gov.in/scheme/pmkmy https://agriwelfare.gov.in/Documents/DAFW_AnnualReport_2025_26_En.pdf
PIB Backgrounders
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2053142®=48&lang=2
https://www.pib.gov.in/FactsheetDetails.aspx?Id=150838®=48&lang=1 https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2022/jan/doc20221185101.pdf
Click here for pdf file
*******
SSS/PK..
(রিলিজ আইডি: 2309495)
ভিজিটরের কাউন্টার : 5