যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রক
বিকশিত ভারত ক্যুইজে ত্রিপুরার যুবকদের ব্যাপক অংশগ্রহণের আহ্বান
বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ ২০২৭' -এ ত্রিপুরার যুবসমাজকে ব্যাপকভাবে অংশগ্রহণের আহ্বান জানাল মাই ভারত
পোস্ট করার দিনক্ষণ:
07 SEP 2026 11:00AM by PIB Agartala
আগরতলা, ৭ সেপ্টেম্বর, ২০২৬: দেশের উন্নয়ন ও ভবিষ্যত নির্মাণে যুব সমাজের চিন্তাভাবনা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর লক্ষ্যে ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের যুব বিষয়ক বিভাগ দেশব্যাপী শুরু করেছে ‘বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ (ভি.বি.ওয়াই.এল.ডি) -২০২৭’।
'ভি.বি.ওয়াই.এল.ডি - ২০২৭' এর প্রথম পর্যায় হল ‘বিকশিত ভারত ক্যুইজ’। গত ১৭ আগস্ট থেকে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত এই ক্যুইজ অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে দেশের তরুণ নাগরিকরা এই জাতীয় যুব সম্পৃক্ততামূলক উদ্যোগে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।
ত্রিপুরার মাই ভারত-এর পক্ষ থেকে রাজ্যের আটটি জেলা - পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা, খোয়াই, গোমতী, দক্ষিণ ত্রিপুরা, ধলাই, ঊনকোটি এবং উত্তর ত্রিপুরার যুবসমাজকে বিকশিত ভারত ক্যুইজে ব্যাপক সংখ্যায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, বিশ্ববিদ্যালয়, যুব ক্লাব এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাগুলিকে এই কর্মসূচি সম্পর্কে ব্যাপকভাবে সচেতনতা তৈরি এবং যোগ্য যুবকদের অংশগ্রহণে উৎসাহিত করার অনুরোধ জানানো হয়েছে।
ভি.বি.ওয়াই.এল.ডি - ২০২৭'এর মূল লক্ষ্য হল ‘বিকশিত ভারত’-এর ভাবনা ও লক্ষ্য'এর দেশের তরুণ নাগরিকদের যুক্ত করা এবং দেশের উন্নয়নের ক্ষেত্রে তাঁদের চিন্তাভাবনা, মতামত ও দৃষ্টিভঙ্গি তুলে ধরার সুযোগ করে দেওয়া। ক্যুইজের পর এই কর্মসূচি বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে এগিয়ে যাবে। এর মধ্যে রয়েছে বিকশিত ভারত প্রবন্ধ প্রতিযোগিতা, জেলা চ্যাম্পিয়নশিপ, রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল পর্যায়ের বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ এবং নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য জাতীয় বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ। নির্বাচিত যুবকদের প্রধানমন্ত্রীর সামনে তাঁদের চিন্তাভাবনা ও মতামত সরাসরি উপস্থাপনের সুযোগও দেওয়া হবে।
কীভাবে অংশগ্রহণ করবেন
মাই ভারত প্ল্যাটফর্মের মাধ্যমে বিকশত ভারত কুইজে অংশগ্রহণ করা যাবে। এজন্য নির্দিষ্ট সরকারি লিঙ্কে গিয়ে অংশ নিতে হবে: বিকশিত ভারত ক্যুইজে অংশগ্রহণের সরকারি লিঙ্ক: https://mybharat.gov.in/quizzes/yuva/detail/uHzkZ9NIN0AdlPVjogfWMg/
অংশগ্রহণকারীরা কিউআর কোড স্ক্যান করেও কুইজে অংশ নিতে পারবেন।

মাই ভারত, ত্রিপুরার পক্ষ থেকে রাজ্যের প্রতিটি জেলা থেকে সর্বাধিক সংখ্যক যুবকের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে, যাতে ত্রিপুরার তরুণ প্রজন্মের কণ্ঠস্বর, চিন্তাভাবনা ও আকাঙ্ক্ষা ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে দেশের অগ্রযাত্রার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠতে পারে।
তাছাড়া, শিক্ষা প্রতিষ্ঠান, যুব সংগঠন, সংবাদপত্র ও বৈদ্যুতিন সংবাদমাধ্যম এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলিকে কর্মসূচিটি সম্পর্কে ব্যাপকভাবে প্রচার করার জন্য উৎসাহিত করা হচ্ছে। এর ফলে যুবসমাজের মধ্যে এই কর্মসূচি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সর্বাধিক অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে।
*****
PS/PKS/KMD
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2307408)
ভিজিটরদের কাউন্টার : 15