প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রতিরক্ষা শিল্প ক্ষেত্রে আরও গভীর সহযোগিতার আহ্বান ভারত ও বেলজিয়ামের

প্রকাশিত: 03 SEP 2026 5:45PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ৩ সেপ্টেম্বর  ২০২৬

 

বেলজিয়ামের প্রতিরক্ষা ও বিদেশ বাণিজ্য মন্ত্রী থিও ফ্রাঙ্কেন এবং ভারতের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী সঞ্জয় শেঠ যৌথ প্রয়াসের মাধ্যমে প্রতিরক্ষা বাহিনীকে শক্তিশালী করার লক্ষ্যে দুই দেশের মধ্যে শিল্প সহযোগিতার বিপুল সম্ভাবনার ওপর জোর দিয়েছেন। পাশাপাশি, ভারতের বিশাল উৎপাদন সক্ষমতার সঙ্গে বেলজিয়ামের প্রযুক্তিগত দক্ষতার সমন্বয় ঘটিয়ে যৌথ নিরাপত্তা ও সমৃদ্ধির লক্ষ্যে বিশেষ বিশেষ পণ্যগুলির যৌথ উন্নয়ন ও উৎপাদনের জন্য তিনি বেলজিয়ামের প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারকদের আহ্বান জানিয়েছেন। ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নয়াদিল্লিতে আয়োজিত ‘ভারত-বেলজিয়াম প্রতিরক্ষা সিইও গোলটেবিল বৈঠক’ এবং ‘বি-টু-বি’ বৈঠকে দুই মন্ত্রী উপস্থিত ছিলেন। এতে বেলজিয়ামের শিল্পক্ষেত্র, কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এবং সোসাইটি অফ ইন্ডিয়ান ডিফেন্স ম্যানুফ্যাকচারার্স-এর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বেলজিয়ামের প্রতিরক্ষা মন্ত্রী ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্বের ওপর গুরুত্ব দেন এবং সামুদ্রিক নিরাপত্তা, তথ্য নিরাপত্তা ও মহাকাশের মতো ক্ষেত্রগুলিতে গড়ে ওঠা মত বিনিময়ের শক্তিশালী  কাঠামোগুলিকে তুলে ধরেন। তিনি বলেন যে, এই প্রাতিষ্ঠানিক কাঠামোগুলি ভারতকে ইইউ-এর কাছে একটি বিশ্বস্ত অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

ভারতীয় উদ্যোক্তাদের উদ্যমের প্রশংসা করে থিও ফ্রাঙ্কেন পরিবর্তনশীল নিরাপত্তা পরিস্থিতিতে যৌথ চেষ্টার মাধ্যমে উভয় দেশের সামরিক সক্ষমতা জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, "ঐক্যবদ্ধ থাকলে আমরা টিকে থাকব, আর বিভক্ত হলে আমাদের পতন ঘটবে।"

ভারতের প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্রে কৌশলগত পরিবর্তনের বিষয়টি তুলে ধরে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী জানান যে, 'আত্মনির্ভর ভারত' ও 'মেক-ইন-ইন্ডিয়া'-র মতো উদ্যোগের মাধ্যমে আমদানির ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় সক্ষমতা অর্জন, নির্ভরযোগ্য অংশীদারিত্ব গড়ে তোলা এবং বিশ্ববাজারে প্রতিযোগিতায় সক্ষম হয়ে ওঠার পথে দৃঢ়ভাবে এগিয়ে চলেছে।


শ্রী সঞ্জয় শেঠ জোর দিয়ে বলেন যে, ভারত ও বেলজিয়াম নিজ নিজ সক্ষমতাকে কাজে লাগিয়ে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত চালকহীন আকাশযান ব্যবস্থা, জলের নিচে চলাচলকারী যান এবং জটিল অস্ত্র ব্যবস্থার মতো ক্ষেত্রগুলিতে সহযোগিতার ওপর অগ্রাধিকার দিতে পারে। তিনি বলেন যে, iDEX এবং ADITI-র মতো উদ্ভাবনমূলক প্ল্যাটফর্মগুলি কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি, সামরিক যোগাযোগ ব্যবস্থা, অ্যান্টি-ড্রোন সিস্টেম এবং প্রযুক্তির ক্ষেত্রে স্টার্ট-আপ ও এমএসএমই-গুলিকে সুসংহত করছে, যা দ্বিপাক্ষিক গবেষণা ও উন্নয়ন এবং শিল্পায়নের  সুযোগ সৃষ্টি করছে।

প্রতিরক্ষা প্রতিমন্ত্রী বলেন যে, ভারতের বর্তমান প্রতিরক্ষা শিল্প কাঠামোয় প্রতিরক্ষা ক্ষেত্রের সরকারি সংস্থা, ক্রমবর্ধমান বেসরকারি ক্ষেত্র এবং ১৬,০০০-এরও বেশি এমএসএমই-র সমন্বয় ঘটেছে; এর মাধ্যমে দেশীয় শিল্পমহল মহাকাশ ও বিমান চলাচল, নৌ ও স্থল প্ল্যাটফর্ম, প্রতিরক্ষা ইলেকট্রনিক্স, সাইবার সুরক্ষা, মহাকাশ প্রযুক্তি এবং চালকহীন ব্যবস্থার মতো ক্ষেত্রগুলিতে অত্যাধুনিক সক্ষমতা গড়ে তুলছে। 


শ্রী সঞ্জয় শেঠ বলেন যে, বিশেষ বিশেষ প্রযুক্তির ক্ষেত্রে অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্যে ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে ‘অটোম্যাটিক রুট’-এর মাধ্যমে ৭৪ শতাংশ পর্যন্ত এবং সরকারি অনুমোদনের প্রক্রিয়ার (গভর্নমেন্ট রুট) মাধ্যমে ১০০ শতাংশ পর্যন্ত প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) সুযোগ উন্মুক্ত করেছে। তিনি আরও বলেন, “নতুন মহাকাশ নীতিতে ১০০ শতাংশ এফডিআই-এর অনুমতি দেওয়া হয়েছে।


অনুষ্ঠানে ভারতীয় দক্ষতা ও সক্ষমতার সাথে বেলজিয়ামের প্রযুক্তির সমন্বয় সাধনের লক্ষ্যে একাধিক সমঝোতা চুক্তি  হয়। এগুলির মধ্যে রয়েছে এসআইডিএম এবং বেলজিয়ান সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স ইন্ডাস্ট্রির মধ্যে চুক্তি; লারসেন অ্যান্ড টুব্রো লিমিটেড (ভারত) এবং এক্সাইল রোবোটিক্স এসএএস (ফ্রান্স) ও এক্সাইল রোবোটিক্স (বেলজিয়াম)-এর মধ্যে চুক্তি; কল্যাণী স্ট্র্যাটেজিক সিস্টেমস লিমিটেড (ভারত) এবং এফএন হারস্টাল (বেলজিয়াম)-এর মধ্যে চুক্তি; টেমবো ক্লাসিক ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড (ভারত) এবং লাশোসে এসএ (বেলজিয়াম)-এর মধ্যে চুক্তি; ইন্ডিয়া অপটেল লিমিটেড (ভারত) এবং ওআইপি (বেলজিয়াম)-এর মধ্যে চুক্তি; কৃষ্ণা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড (ভারত) এবং পিটাগোন (বেলজিয়াম)-এর মধ্যে চুক্তি; ডিজিভিকে এন্টারপ্রাইজেস প্রাইভেট লিমিটেড (ভারত) এবং সল১ বিভি (বেলজিয়াম)-এর মধ্যে চুক্তি; এবং কল্যাণী স্ট্র্যাটেজিক সিস্টেমস লিমিটেড (ভারত) এবং থ্যালেস বেলজিয়াম এসএ ও থ্যালেস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের মধ্যে চুক্তি।

 


SC/MP/NS…


(রিলিজ আইডি: 2306663) ভিজিটরের কাউন্টার : 7
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी