লোকসভা সচিবালয়
লোকসভার অধ্যক্ষ মায়ানমারে শান্তি, স্থিতি এবং জাতীয় বোঝাপড়ার জন্য পুনরায় ভারতের সাহায্যের আশ্বাস দিলেন
প্রকাশিত:
02 SEP 2026 10:19PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০২ সেপ্টেম্বর, ২০২৬
লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা আজ জোর দিয়ে বলেছেন যে, ভারত মায়ানমারের সঙ্গে মানুষে মানুষে মৈত্রীর মাধ্যমে নিকট এবং বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে আন্তরিকভাবে মায়ানমারে শান্তি ও স্থিতি কামনা করে। শ্রী বিড়লা শান্তি এবং জাতীয় বোঝাপড়ার ক্ষেত্রে মায়ানমারের অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন এবং এই যাত্রায় শক্তিশালী এবং নির্ভরযোগ্য অংশীদার হিসেবে থাকায় ভারতের প্রস্তুতির কথাও জানিয়েছেন। তিনি এই মন্তব্য করেন মায়ানমার সংসদের ইন্টারন্যাশনাল রিলেশনস কমিটির চেয়ারপার্সন ড. পিউইনট সানের নেতৃত্বে মায়ানমার থেকে আগত সংসদীয় প্রতিনিধিদলকে স্বাগত জানানোর সময়ে। এই প্রতিনিধিদল ভারত সফর করছে পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসিজ (পিআরআইডিই) আয়োজিত সক্ষমতাবর্ধন কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য।
প্রতিনিধিদলের সঙ্গে আলাপচারিতার সময়ে শ্রী বিড়লা বলেন, ভারত এবং মায়ানমারের মধ্যে বহুদিনের গভীর সম্পর্ক বর্তমান যা শক্তিশালী হয়েছে প্রাচীন সভ্যতার ধারা এবং অভিন্ন বৌদ্ধ ঐতিহ্যের মাধ্যমে। তিনি বলেন, ভারতের তিনটি গুরুত্বপূর্ণ বিদেশনীতি—অ্যাক্ট ইস্ট, প্রতিবেশী প্রথম এবং ভারত-প্রশান্ত মহাসাগর-এ মায়ানমার গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। লোকসভার অধ্যক্ষ আরও বলেন, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক রণকৌশলগতভাবে বিস্তৃত, যার মধ্যে আছে রাজনীতি, নিরাপত্তা, প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, উন্নয়ন এবং মানবিক সহায়তা ক্ষেত্রে সহযোগিতা। তিনি আরও বলেন, দরকারের সময়ে মায়ানমারের পাশে সবসময়ে থেকেছে ভারত, যখনই প্রয়োজন হয়েছে, প্রথম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত।
শ্রী বিড়লা আরও বলেন, নিয়মিত উচ্চ-স্তরে আলোচনা, বিশেষ করে দুই দেশের শীর্ষ স্থানীয় নেতৃত্বের মধ্যে বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করতে উল্লেখযোগ্য অবদান রেখেছে। যাতে শক্তিশালী এবং অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলা যায় তার জন্য সংসদীয় প্রতিষ্ঠান বিধি এবং প্রক্রিয়ার পাশাপাশি গণতান্ত্রিক ঐতিহ্য সম্পর্কে ভারতের অভিজ্ঞতা মায়ানমারের সঙ্গে ভাগ করে নিতে ভারতের আগ্রহের কথা পুনরায় জানান তিনি।
ভারতের সংসদ দেশের প্রাণবন্ত গণতন্ত্রের হৃদয়ে রয়ে গেছে ১৯৫০-এ সংবিধান বলবৎ হওয়া এবং ১৯৫২-য় প্রথম লোকসভা গঠিত হওয়ার পর থেকে, এই বিষয়টির উল্লেখ করে শ্রী বিড়লা বলেন, বহু দশক ধরে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি নিয়মিত বিবর্তিত হয়েছে, ২০২৪-এর জুনে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পরে অষ্টাদশ লোকসভা গঠিত হওয়ার সঙ্গে সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হয়েছে দেশের গণতন্ত্রের যাত্রায়। তিনি নির্বাচনী প্রক্রিয়ার আধুনিকীকরণে ভারতের অভিজ্ঞতাকে তুলে ধরেন , যেমন ২০০৪-এর লোকসভা নির্বাচন থেকে ইভিএম ব্যবহার, তার পরে স্বচ্ছতা এবং ভোটদাতার পরিচিতি সঠিকভাবে নির্ধারণ করতে ভিভিপ্যাট ব্যবস্থা।
মায়ানমারের সাম্প্রতিক নির্বাচন সংক্রান্ত বিষয়ের উল্লেখ করে শ্রী বিড়লা বলেন, ২০২৫-এর ডিসেম্বর থেকে শুরু করে ২০২৬-এর জানুয়ারির মধ্যে তিনটি পর্বে ওই দেশ জাতীয় সংসদ এবং রাজ্য/আঞ্চলিক আইনসভাগুলির জন্য সাধারণ নির্বাচন করেছে। তাঁর পর্যবেক্ষণ অনুযায়ী নির্বাচনগুলি বিশেষ করে উল্লেখযোগ্য কারণ, এই প্রথম আনুপাতিক প্রতিনিধিত্ব এবং ইভিএম ব্যবহার করা হয়েছে। তিনি এই পরিবর্তনগুলিকে মায়ানমারের নির্বাচনী প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করার লক্ষ্যে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে বর্ণনা করেন।
সব শেষে শ্রী বিড়লা আশা প্রকাশ করে বলেন যে, এই কর্মসূচি প্রতিনিধি দলকে সংসদীয় রীতিনীতি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে বুঝতে প্রভূত সাহায্য করবে। এই সফর ভারত এবং মায়ানমারের মধ্যে সংসদীয় সহযোগিতা গভীর করতে এবং অর্থবহ আদানপ্রদানের সুযোগ এনে দেবে।
বিস্তারিত দেখেতে নীচের লিঙ্কে ক্লিক করুন –
https://x.com/ombirlakota/status/2095136095641944521?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2095136095641944521%7Ctwgr%5E786f65a0858e8bad94d4bd37492b5c0f2837ad7f%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2306160reg%3D48lang%3D1
SC/AP/SKD
(রিলিজ আইডি: 2306262)
ভিজিটরের কাউন্টার : 2