বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক
azadi ka amrit mahotsav

অসম বিধানসভার অধ্যক্ষ কেন্দ্রীয় মন্ত্রী ড. জিতেন্দ্র সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন

বৈঠকে অসমের দ্রুত উন্নয়ন এবং ভারতের উন্নয়নের যাত্রায় রাজ্যের ক্রমবর্ধমান ভূমিকা নিয়ে আলোচনা

উত্তর-পূর্বাঞ্চলে প্রযুক্তিনির্ভর উন্নয়নের জন্য বিজ্ঞান, মহাকাশ ও জৈবপ্রযুক্তির সম্ভাবনাকে কাজে লাগাতে পারে অসম: ড. জিতেন্দ্র সিং

শান্তি, সংহতি ও দ্রুত উন্নয়নের মাধ্যমে গত এক দশকে আমূল বদলে গিয়েছে অসম

পোস্ট করার দিনক্ষণ: 02 SEP 2026 4:01PM by PIB Agartala

নয়াদিল্লী, ২ সেপ্টেম্বর ২০২৬: অসম বিধানসভার অধ্যক্ষ রঞ্জিত কুমার দাস কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভূবিজ্ঞান মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী তথা প্রধানমন্ত্রীর দপ্তর, পরমাণু শক্তি দপ্তর, মহাকাশ দপ্তর, কর্মী, জনঅভিযোগ ও পেনশন মন্ত্রকের প্রতিমন্ত্রী ড. জিতেন্দ্র সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে অসমের পরিবর্তিত পরিস্থিতি এবং দেশের উন্নয়নের যাত্রায় রাজ্যের ক্রমবর্ধমান গুরুত্ব নিয়ে মতবিনিময় হয়। আলোচনায় ড. জিতেন্দ্র সিং অসমে দ্রুতগতিতে এগিয়ে চলা উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত উদ্যোগ ও হস্তক্ষেপের ফলে রাজ্যের বিভিন্ন প্রকল্প সঠিক পথে এগিয়ে চলেছে। গত এক দশকে অসমে যে গতিতে উন্নয়ন হয়েছে, তার গুরুত্বও তিনি তুলে ধরেন।

উত্তর-পূর্বাঞ্চলে উদ্ভাবন, বৈজ্ঞানিক গবেষণা এবং প্রযুক্তিনির্ভর উন্নয়নের প্রসারে কেন্দ্রের অগ্রাধিকারের কথা উল্লেখ করেন ড. জিতেন্দ্র সিং। অসমে বিজ্ঞান ও প্রযুক্তির পরিকাঠামো সম্প্রসারণ, স্টার্ট-আপ ও ইনকিউবেশন সেন্টারকে উৎসাহিত করা এবং বিজ্ঞান ও প্রযুক্তি দফতর ও জৈবপ্রযুক্তি দফতর-এর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তরুণদের মধ্যে বৈজ্ঞানিক মনোভাব গড়ে তোলার সম্ভাবনা নিয়েও বৈঠকে আলোচনা হয়।

কেন্দ্রীয় মন্ত্রী অসম বিধানসভার অধ্যক্ষকে মহাকাশ দফতর এবং পরমাণু শক্তি দফতরের অধীনে থাকা বিভিন্ন প্রকল্প সম্পর্কেও অবহিত করেন। দুর্গম ও পার্বত্য এলাকায় উন্নয়নমূলক কাজে এই প্রকল্পগুলিকে কীভাবে কাজে লাগানো যেতে পারে, তা নিয়েও আলোচনা হয়। এর মধ্যে পরিকল্পনা প্রণয়ন, দুর্যোগ মোকাবিলা এবং কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধিতে জিওস্পেশিয়াল প্রযুক্তির ব্যবহারের বিষয়টিও উঠে আসে।

ড. জিতেন্দ্র সিং বলেন, একটা সময়ে অসম মূলত আন্দোলন ও জঙ্গি কার্যকলাপ-সংক্রান্ত খবরের জন্যই সংবাদ শিরোনামে থাকত। কিন্তু গত এক দশকে রাজ্যে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। শান্তি প্রতিষ্ঠিত হওয়ায় অসম তার পুরনো চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠে বৃহত্তর উন্নয়নের ধারায় ক্রমশ সামিল হয়েছে। তিনি বলেন, অসমের মানুষ শুধু মূলস্রোতের সঙ্গে একীভূতই হননি, অসম এখন ভারতের উন্নয়নের যাত্রারও একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। পরিস্থিতির পরিবর্তনের ফলে অসমের উপর আরও বেশি করে নজর পড়েছে, যা রাজ্যে ঘটে চলা উন্নয়ন ও অগ্রগতিরই প্রতিফলন।

ড. জিতেন্দ্র সিং ডোনার মন্ত্রকে তাঁর সাত বছরের দায়িত্বকালে এই অঞ্চলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথাও স্মরণ করেন। বৈঠকে অসমে চলতে থাকা পরিবর্তনের চিত্রও প্রতিফলিত হয়—যেখানে রাজ্য শান্তি, উন্নয়ন এবং ভারতের সামগ্রিক অগ্রগতির যাত্রার সঙ্গে আরও নিবিড় সংহতির এক নতুন পর্যায়ের দিকে এগিয়ে চলেছে।

*****

PS/SG


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2305982) ভিজিটরদের কাউন্টার : 5
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English , Urdu , हिन्दी , Assamese , Tamil