স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

জনগণনা ২০২৭: পশ্চিমবঙ্গে ৫৩ লাখেরও বেশি পরিবার স্ব-গণনা সম্পন্ন করেছেন

প্রকাশিত: 17 AUG 2026 4:16PM by PIB Kolkata

কলকাতা, ১৭ আগস্ট, ২০২৬

 

পশ্চিমবঙ্গের জনগণনা কার্য নির্দেশক, শ্রী নিখিল পবন কল্যাণ আজ কলকাতায় চলতি জনগণনা ২০২৭ কার্যক্রম নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেন এবং রাজ্যে স্ব-গণনা প্রক্রিয়ায় নাগরিকদের উল্লেখযোগ্য অংশগ্রহণের প্রশংসা করেন।

এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে শ্রী কল্যাণ বলেন, প্রথম পর্বের প্রথম ধাপ স্ব-গণনা সম্পন্ন হয়েছে এবং দ্বিতীয় ধাপ গৃহ তালিকাভুক্তিকরণ (হাউস লিস্টিং) ১৬ আগস্ট অর্থাৎ গতকাল থেকে শুরু হয়েছে এবং ১৪ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত চলবে। তিনি আরও জানান যে, পশ্চিমবঙ্গ দেশে সর্বোচ্চ স্ব-গণনা নথিভুক্ত করেছে, যেখানে ৫৩ লাখেরও বেশি পরিবার প্রক্রিয়াটি সম্পন্ন করেছে, যা রাজ্যের আনুমানিক পরিবার সংখ্যার প্রায় এক-চতুর্থাংশ। স্ব-গণনা প্রক্রিয়ায় অংশগ্রহণকারী উত্তরদাতাদের প্রায় ৯৩ শতাংশ সফলভাবে তাঁদের গণনা সম্পন্ন করেছেন।

শ্রী কল্যাণ বলেন, চলমান গৃহ তালিকাভুক্তিকরণ পর্বে গণনাকারীরা প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য রাজ্যজুড়ে প্রতিটি ঘর পরিদর্শন করবেন।

যেসব নাগরিক স্ব-গণনা সম্পন্ন করতে পারেননি তাঁদের উদ্বেগের সমাধান করে শ্রী কল্যাণ বলেন, চিন্তার কোনো কারণ নেই, কারণ, গৃহ তালিকাভুক্তিকরণ পর্ব বাকি থাকা পরিবারগুলিকে অংশগ্রহণের সুযোগ প্রদান করবে। নাগরিকরা সহায়তার জন্য টোল-ফ্রি হেল্পলাইন ১৮৫৫ নম্বরেও যোগাযোগ করতে পারেন।

জনগণনা অধিকর্তা আরও জানান যে, নাগরিকরা গৃহ তালিকাভুক্তিকরণ প্রক্রিয়া থেকে বাদ পড়লে যাতে নির্দিষ্ট গণনাকারীকে চিহ্নিত করতে এবং তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেন, তার জন্য গণনাকারী স্টিকার সুবিধা প্রদান করা হয়েছে। প্রাথমিক পরিদর্শনের সময় যে গৃহগুলি বন্ধ পাওয়া যাবে, গণনাকারীরা সেগুলিতে পুনরায় যাবেন, যাতে কোনো যোগ্য পরিবার এই কার্যক্রম থেকে বাদ না পড়েন। তিনি আরও ব্যাখ্যা করেন যে, জনগণনা কার্যক্রমে কেবল আবাসিক গৃহগুলিই নয়, বাণিজ্যিকভাবে ব্যবহৃত ঘরগুলিও অন্তর্ভুক্ত করা হবে, যার জন্য উপযুক্ত তথ্য সংগ্রহ নিশ্চিত করতে একটি পৃথক প্রশ্নাবলী প্রস্তুত করা হয়েছে।

জনগণনা ২০২৭-এর প্রযুক্তি-চালিত প্রকৃতির কথা তুলে ধরে শ্রী কল্যাণ বলেন, তথ্য সংগ্রহের জন্য সেন্সাস ২০২৭ এইচএলও অ্যাপ (HLO App) ব্যবহার করা হচ্ছে। অ্যাপ্লিকেশানটি অফলাইন মডেলে কাজ করার উপযোগী ভাবে নকশা করা হয়েছে, যা গণনাকারীদের ইন্টারনেট সংযোগ ছাড়াই তথ্য সংগ্রহ করতে এবং পরবর্তীতে তথ্য সম লয়ে করতে সক্ষম করে।

চলমান জনগণনা কার্যক্রম নাগরিক অংশগ্রহণ, প্রযুক্তি-সহায়ক তথ্য সংগ্রহ এবং মাঠপর্যায়ের গণনার মাধ্যমে দেশের জনমিতিক তথ্য সংগ্রহকে মজবুত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

 

*******

SSS/PK


(রিলিজ আইডি: 2300504) ভিজিটরের কাউন্টার : 98
এই রিলিজটি পড়তে পারেন: English