জলশক্তি মন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন-বেতোয়া সংযোগ প্রকল্পের প্রকৃত পরিস্থিতি

प्रविष्टि तिथि: 14 AUG 2026 6:51PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৪ অগাস্ট ২০২৬

 

 

কিছু গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ক্ষতিপূরণ ছাড়াই আদিবাসী পরিবারগুলিকে উচ্ছেদের অভিযোগ তুলে মধ্যপ্রদেশের নির্দিষ্ট কিছু এলাকায় কেন-বেতোয়া সংযোগ প্রকল্পের বিরুদ্ধে ‘চিতা আন্দোলন’, ‘ফাঁসি প্রদর্শন’ এবং ‘জল সত্যাগ্রহ’-এর মতো প্রতীকী প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হচ্ছে।

 

ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ক্ষতিপূরণ বা পুনর্বাসন দেওয়া হয়নি – এই অভিযোগটি ভুল এবং বিভ্রান্তিকর। যোগ্য পরিবারগুলির অধিকাংশই সম্পূর্ণ ক্ষতিপূরণ ও পুনর্বাসন সুবিধা পেয়েছে; কেবল কয়েকটি ক্ষেত্রে কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়া বাকি রয়েছে। ভারত সরকার, মধ্যপ্রদেশ সরকার এবং কেন-বেতোয়া সংযোগ প্রকল্প কর্তৃপক্ষ প্রকৃত ক্ষতিগ্রস্ত সমস্ত পরিবারের জন্য স্বচ্ছ, ন্যায্য ও সময়সীমার মধ্যে ক্ষতিপূরণ এবং মর্যাদাপূর্ণ পুনর্বাসন সুনিশ্চিত করতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।

 

প্রকৃতপক্ষে, ‘ন্যাশনাল পার্সপেক্টিভ প্ল্যান’-এর আওতায় ভারতের প্রথম বড় নদী-সংযোগ উদ্যোগ হিসেবে কেন-বেতোয়া সংযোগ প্রকল্পের লক্ষ্য হল, কেন নদী থেকে উদ্বৃত্ত জল বেতোয়া নদীতে স্থানান্তর করা, যাতে মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলে সেচ, পানীয় জল সরবরাহ এবং জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধা নিশ্চিত করা যায়।

 

এই প্রকল্পের মাধ্যমে ১০.৬২ লক্ষ হেক্টর জমিতে সেচ সুবিধা, প্রায় ৬২ লক্ষ মানুষের জন্য পানীয় জল এবং ১০৩ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করা হবে। প্রকল্পের মোট আনুমানিক ব্যয় ৪৪,৬০৪.৯৯ কোটি টাকার মধ্যে জুলাই ২০২৬ পর্যন্ত ১২,৪৪৫.৮৫ কোটি টাকা ব্যয় করা হয়েছে। প্রকল্পটি ‘কেন-বেতোয়া সংযোগ প্রকল্প কর্তৃপক্ষ’ বাস্তবায়িত করছে।

 

জমি অধিগ্রহণ, পুনর্বাসন এবং স্থানান্তরের কার্যক্রম কঠোরভাবে ‘আরএফসিটিএলএআরআর আইন, ২০১৩’ এবং ১৩ সেপ্টেম্বর ২০২৩-এ মধ্যপ্রদেশ সরকার অনুমোদিত ‘বিশেষ পুনর্বাসন প্যাকেজ’ অনুযায়ী পরিচালিত হচ্ছে। অধিগ্রহণ করা জমির জন্য ক্ষতিপূরণ দেওয়া হয় উক্ত আইন অনুযায়ী অথবা প্রতি হেক্টরে ১২.৫০ লক্ষ টাকা – এর মধ্যে যেটি বেশি, সেই হারে প্রদান করা হচ্ছে। বাড়িঘর, গাছপালা, কুয়ো, নলকূপ এবং অন্যান্য স্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ বিধিবদ্ধ নিয়ম অনুযায়ী নির্ধারণ করা হয়েছে।

 

যোগ্য পরিবারগুলিকে গ্রামীণ প্লটের জন্য ৭ লক্ষ টাকা এবং শহুরে প্লটের জন্য ৬.৫০ লক্ষ টাকা প্রদান করা হচ্ছে; অন্যদিকে, যাঁরা প্লট না নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন, তাঁরা এককালীন সহায়তা হিসেবে ১২.৫০ লক্ষ টাকা পাচ্ছেন। তফসিলি এলাকার যোগ্য তফসিলি জাতি ও তফসিলি উপজাতি পরিবারগুলির জন্য পুনর্বাসন প্রক্রিয়াটি যাতে সুষ্ঠু ও ভারসাম্যপূর্ণ হয়, তা নিশ্চিত করতে তাদের অতিরিক্ত আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।

 

এটিও জানানো হয়েছে যে, জুলাই ২০২৬ পর্যন্ত ১০,৯১৩ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তির জন্য (কৃষি জমির ক্ষতিপূরণ বাবদ) ৩৬০.৬৬ কোটি টাকার অর্থ মঞ্জুর করা হয়েছে, যার মধ্যে ৩২০.৪৫ কোটি টাকা (৮৮.৮৫%) ইতিমধ্যেই প্রদান করা হয়েছে। বসতবাড়ি বা আবাসন এলাকার সম্পত্তির জন্য ১৪৯.৬৩ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে এবং এর ৯৩.৯৭% বিতরণ করা হয়েছে। পুনর্বাসনের জন্য মোট ৫,০৩৯টি ক্ষতিগ্রস্ত পরিবারকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের জন্য ৬২৯.৮৭ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে; এর মধ্যে ৫৯০.৭৪ কোটি টাকা (৯৩.৭৮%) প্রদান করা হয়েছে। আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর অবশিষ্ট অর্থ প্রদান করা হবে। কোনও যোগ্য পরিবার যাতে সুবিধা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে জমির নথিপত্র নিয়মিত যাচাই করা হচ্ছে।

 

'জন বিশ্বাস' কর্মসূচির আওতায়, বাস্তুচ্যুত পরিবারগুলির বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে জেলা প্রশাসন সম্প্রতি কারাউন্ডিয়া-তে একটি বিশেষ শিবিরের আয়োজন করেছিল। পশুপালন, সামাজিক সুরক্ষা, দারিদ্র্যসীমা তালিকাভুক্তি, লাডলি বহনা এবং লাডলি লক্ষ্মী প্রকল্পের আওতাভুক্ত আবেদনগুলির অনুমোদন দেওয়া হয়েছে। ১৭৮ জনকে স্বাস্থ্যসেবা প্রদান ও আয়ুষ ওষুধ বিতরণ করা হয়েছে, হ্যান্ডপাম্প মেরামত করা হয়েছে এবং শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ ম্যাপিং ও বই বিতরণের কাজ সম্পন্ন হয়েছে। শুধুমাত্র গত দশ দিনেই ৮৬ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ১০.৪২ কোটি টাকা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে।

 

এই তথ্যগুলি স্পষ্টভাবে প্রমাণ করে যে, গণমাধ্যমে যে সব প্রতিবাদের কথা তুলে ধরা হয়েছে, তা বিভ্রান্তিকর। সাম্প্রতিক প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারী ব্যক্তিদের নাম প্রকল্প-মে ক্ষতিগ্রস্ত পরিবার, জমির নথিপত্র বা ক্ষতিপূরণ রেজিস্টারের তালিকায় পাওয়া যায়নি। মূলত বহিরাগত কিছু ব্যক্তি এইসব কার্যকলাপের পিছনে রয়েছে, যাদের উদ্দেশ্য হল, প্রকল্প সম্পর্কে বিভ্রান্তিকর ও তথ্যগতভাবে ভুল ধারণা বা বয়ান ছড়িয়ে দেওয়া।

 

 

 

SC/MP/AS


(रिलीज़ आईडी: 2299812) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी