যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
পশ্চিমবঙ্গ ডাক সার্কেলের উদ্যোগে স্কুল পড়ুয়াদের জন্য দীনদয়াল স্পর্শ যোজনা ২০২৬–২৭-এর বৃত্তি
পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর নিয়মিত পড়ুয়াদের জন্য বার্ষিক ₹৬,০০০ করে ৪০টি বৃত্তি
শিক্ষামূলক ও সৃজনশীল শখ হিসাবে ফিলাটেলি বা ডাকটিকিট সংগ্রহে উৎসাহ দেওয়াই লক্ষ্য
প্রকাশিত:
11 AUG 2026 5:44PM by PIB Kolkata
কলকাতা, ১১ আগস্ট, ২০২৬
ডাক বিভাগ, পশ্চিমবঙ্গ সার্কেল, দীনদয়াল স্পর্শ যোজনা (২০২৬–২৭)-র আওতায় পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের যোগ্য স্কুল পড়ুয়াদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছে।
এই প্রকল্পের আওতায় ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর জন্য ১০ জন করে মোট ৪০ জন পড়ুয়াকে প্রতি বছর ₹৬,০০০ করে বৃত্তি দেওয়া হবে। ভাল ফলাফলের অধিকারী এবং শখ হিসাবে ফিলাটেলি বা ডাকটিকিট সংগ্রহে আগ্রহী পড়ুয়ারা এই বৃত্তির জন্য বিবেচিত হবেন। বৃত্তির অর্থ প্রতি ত্রৈমাসিকে সরাসরি নির্বাচিত পড়ুয়াদের পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক (POSB) অথবা ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (IPPB) অ্যাকাউন্টে জমা দেওয়া হবে।
ষষ্ঠ থেকে নবম শ্রেণীর নিয়মিত পড়ুয়া, যাঁরা শেষ বার্ষিক পরীক্ষায় কমপক্ষে ৬০ শতাংশ নম্বর পেয়েছেন, তাঁরা আবেদন করতে পারবেন। তফসিলি জাতি ও তফসিলি জনজাতি প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম প্রয়োজনীয় নম্বর ৫৫ শতাংশ। আবেদনকারীদের কোনও স্কুল ফিলাটেলি ক্লাবের সদস্য হতে হবে অথবা একটি সক্রিয় ফিলাটেলি ডিপোজিট অ্যাকাউন্ট (PDA) থাকতে হবে।
নির্বাচন প্রক্রিয়া
প্রথম স্তর: বাছাই পরীক্ষা
আঞ্চলিক ডাক দফতরগুলিতে ৩০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১টায় লিখিত ফিলাটেলি বা ডাকটিকিট সংগ্রহ বিষয়ক কুইজ অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় স্তর: চূড়ান্ত মূল্যায়ন
বাছাই পর্বে উত্তীর্ণ প্রার্থীদের একটি ৪–৫ পৃষ্ঠার মৌলিক ফিলাটেলি বা ডাকটিকিট সংগ্রহ সংক্রান্ত প্রকল্প জমা দিতে হবে।
স্কুলের প্রধান শিক্ষকের সত্যায়িত সম্পূর্ণ আবেদনপত্র (অ্যানেক্সার এ) সংশ্লিষ্ট আঞ্চলিক পোস্টমাস্টার জেনারেলের দফতরে - কলকাতা রিজিয়ন, সাউথ বেঙ্গল রিজিয়ন, নর্থ বেঙ্গল রিজিয়ন, সিকিম স্টেট অথবা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ডিভিশন, ২১ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে জমা দিতে হবে। আবেদনপত্র স্পিড পোস্ট, রেজিস্টার্ড পোস্ট অথবা সরাসরি জমা দেওয়া যাবে।
আবেদনপত্র এবং সংশ্লিষ্ট এলাকার আওতাধীন বিস্তারিত তথ্যের জন্য পশ্চিমবঙ্গ ডাক সার্কেলের ওয়েবসাইট https://westbengalpost.gov.in/PHILATELY দেখতে হবে।
***
SSS/SS/Kol/11.8.26…..
(রিলিজ আইডি: 2298134)
ভিজিটরের কাউন্টার : 10