উপজাতি কল্যাণ বিষয়ক মন্ত্রক
azadi ka amrit mahotsav

পিএম-জনমনের অধীনে ত্রিপুরার সাফল্য লোকসভায় পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী

प्रविष्टि तिथि: 30 JUL 2026 1:32PM by PIB Agartala

নয়াদিল্লি, ৩০ জুলাই, ২০২৬: আজ লোকসভায় একটি প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় জনজাতি বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী দুর্গাদাস উইকে জানান যে, ত্রিপুরা সহ ১৮টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাসকারী ৭৫টি বিশেষভাবে ঝুঁকিপূর্ণ আদিবাসী গোষ্ঠীর (পি.ভি.টি.জি) আর্থ-সামাজিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী ২০২৩ সালের ১৫ই নভেম্বর ‘প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান’ (পিএম জনমন) চালু করেছেন।

এই মিশনের লক্ষ্য হলো তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নতির জন্য মৌলিক সুবিধা প্রদান করা, যেমন নিরাপদ আবাসন, বিশুদ্ধ পানীয় জল এবং শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টির উন্নত সুযোগ, সড়ক ও টেলিযোগাযোগ সংযোগ, বিদ্যুৎবিহীন পরিবারগুলিতে বিদ্যুৎ সংযোগ এবং সুস্হায়ী জীবিকার সুযোগ। এই উদ্দেশ্যগুলি ৯টি সংশ্লিষ্ট মন্ত্রকের দ্বারা বাস্তবায়িত ১১টি উদ্যোগের মাধ্যমে পূরণ করা হচ্ছে। পিএম জনমন-এর অধীনে প্রদত্ত সুবিধাগুলির বিশদ বিবরণ, ৩০.০৬.২০২৬ তারিখ পর্যন্ত, মন্ত্রক-ভিত্তিক এবং রাজ্য-ভিত্তিক ও জেলা-ভিত্তিক তথ্য আজ লোকসভায় পেশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। এই অভিযানের অধীনে অর্জিত অগ্রগতি মৌলিক সুযোগ-সুবিধা এবং জীবিকার সুযোগের উন্নতির মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রেখেছে।

জনজাতি বিষয়ক মন্ত্রক, রাজ্য সরকার/কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন/বিভাগগুলির মাধ্যমে, পিএম জনমন'এর আওতাভুক্ত গ্রাম ও বসতিগুলিতে বসবাসকারী পি.ভি.টি.জি জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে, পিএম গতি শক্তি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে বসতি-স্তরে তথ্য সংগ্রহের একটি উদ্যোগ গ্রহণ করেছে। এর উদ্দেশ্য হলো পি.ভি.টি.জি জনসংখ্যার পরিসংখ্যান এবং পরিকাঠামোগত ঘাটতি অনুমান করা।

এ পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে দেখা যাচ্ছে ত্রিপুরায় পিভিটিজি গ্রাম রয়েছে ২৮২টি, বসতি ১২৬৭, পরিবারের সংখ্যা ৬৬,১৫০ এবং জনসংখ্যা ২,৭৫,৪৫৪ জন। এই অভিযানের আওতায় অন্তর্ভুক্ত প্রকৃত সুবিধাভোগীর সংখ্যা, অনুমোদিত নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট কার্যক্রমের নির্দিষ্ট নির্দেশিকার যোগ্যতার মানদণ্ডের উপর নির্ভরশীল।

পিএম জনমন কর্মসূচির আওতাধীন পদক্ষেপসমূহে ত্রিপুরায় চলতি বছরের ৩০ জুন পর্যন্ত অগ্রগতির বিবরণ। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এর অধীনে ঘর মঞ্জুর করা হয়েছে ১৭,২১০ টি, ঘর নির্মাণ সম্পন্ন হয়েছে ১৭,০৪৫ টি। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় সড়ক মঞ্জুর করা হয়েছে ২৬৮.৪৯২ কিলোমিটার। সম্পূর্ণ হয়েছে তিন কিলোমিটার। জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে ছয়টি এম.এম.ইউ মঞ্জুর করা হয়েছে এবং সেগুলো চালু রয়েছে। পোষন কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে অঙ্গনওয়াড়ি সেন্টার মঞ্জুর করা হয়েছে ২২১ টি এবং সবকটি অঙ্গনওয়াড়ি সেন্টার চালু হয়েছে। শিক্ষা মন্ত্রকের অধীনে ৩২ টি এস.এস.এ মঞ্জুর করা হয়েছে। এর মধ্যে একটি নির্মাণের কাজ শেষ হয়েছে। পিএম জনমনের অধীনে ত্রিপুরায় ১২,২৮২ টি বাড়িতে বিদ্যুৎ সংযোগের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে। এখন পর্যন্ত বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে ১১,৭১৩ টি বাড়িতে। যোগাযোগ মন্ত্রকের টেলিকম বিভাগের মাধ্যমে ত্রিপুরায় পিএম জনমনের অধীনে পিভিটিজি আদিবাসী গোষ্টির ৬৫টি বসতিতে নেটওয়ার্ক যোগাযোগ স্থাপনের লক্ষ্যমাত্রা নেয়া হয়। ইতিমধ্যে ৫৭ টি বসতিতে নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে।

*****

PS/PKS/KMD


(रिलीज़ आईडी: 2291792) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Tamil