আয়ুষ
বিশ্বজুড়ে যোগের ক্রমবর্ধমান প্রভাবের ওপর জোর দিয়ে, ২০২৬ সালের আন্তর্জাতিক যোগ দিবসে বৃহত্তর অংশগ্রহণের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
प्रविष्टि तिथि:
04 JUN 2026 9:48PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৪ জুন, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ আহমেদাবাদে প্রথম বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর উদ্বোধনী অধিবেশনে সুস্বাস্থ্য, সুস্থতা এবং সক্রিয় জীবনযাপনের জন্য যোগের রূপান্তরকারী শক্তির ওপর জোর দিয়ে এক বিশ্বব্যাপী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আগামী ২১ জুন দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের প্রস্তুতি চলছে বিশ্বজুড়ে। এবারের মূল ভাবনা ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’।
যোগের বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতার উল্লেখ করে প্রধানমন্ত্রী রাষ্ট্রসঙ্ঘে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের জন্য ভারতের সফল উদ্যোগের কথা স্মরণ করেন। বিশ্বের বিভিন্ন দেশ এই উদ্যোগকে অভূতপূর্ব সমর্থন জানিয়েছিল। প্রধানমন্ত্রী বলেন, যোগ, ধ্যান এবং প্রাণায়াম ক্রমশই লক্ষ লক্ষ মানুষের প্রাত্যহিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে, তাঁদের শারীরিক ও মানসিক সুস্থতায় অবদান রাখছে।
এ বছরের আন্তর্জাতিক যোগ দিবসের মূল ভাবনার তাৎপর্য তুলে ধরে শ্রী মোদী বলেন, সর্বত্রই মানুষ জীবনজুড়ে সুস্থ, সক্রিয় এবং কর্মক্ষম থাকার সুস্থিত উপায়ের অনুসন্ধান করে চলেছে। তিনি যোগকে এই উদ্দেশ্য অর্জনের অন্যতম কার্যকর ও সহজলভ্য উপায় হিসেবে বর্ণনা করেন এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার প্রসার ও সব ধরনের বয়সের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে এর ভূমিকার ওপর জোর দেন।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে যখন আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬-এর প্রস্তুতি চলছে, তখনই প্রথম বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের আগে এই অনুষ্ঠানটিকে "স্বাস্থ্য ও সুস্থতার দ্বিগুণ ডোজ" হিসেবে বর্ণনা করে তিনি বলেন, এই ধরনের উদ্যোগ যোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং বৃহত্তর জন অংশগ্রহণে অনুপ্রাণিত করতে সাহায্য করে।
শ্রী মোদী আয়ুষ মন্ত্রকের 'যোগ ৩৬৫' উদ্যোগের মাধ্যমে বছরব্যাপী যোগচর্চাকে উৎসাহিত করার জন্য ভারত সরকারের প্রচেষ্টার ওপর আলোকপাত করেন। বিভিন্ন দেশের অংশগ্রহণকারীদের নিজেদের সম্প্রদায়ের কাছে যোগের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি তাদের 'যোগ ৩৬৫'-এর দূত হতে এবং বিশ্বজুড়ে যোগের উপকারিতা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে উৎসাহিত করেন।
প্রধানমন্ত্রী বলেন, যোগ সামগ্রিক স্বাস্থ্য ও সুস্থতা অর্জনের এমন এক শক্তিশালী মাধ্যম, যার জন্য ন্যূনতম সম্পদের প্রয়োজন হয় এবং যা আজীবন সুফল প্রদান করে। দৈনন্দিন অভ্যাস হিসেবে যোগকে গ্রহণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিয়মিত যোগাভ্যাস রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যকর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
আয়ুষ মন্ত্রক প্রধানমন্ত্রীর প্রেরণামূলক বার্তাকে স্বাগত জানায় এবং আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬ ও যোগ ৩৬৫ আন্দোলনের মাধ্যমে যোগের প্রসার ঘটানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
SC/SD/SKD
(रिलीज़ आईडी: 2269232)
आगंतुक पटल : 2