পরিবেশওঅরণ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

গঙ্গা সমভূমিতে হোভারফ্লাইয়ের দুটি নতুন প্রজাতির সন্ধান, শতাব্দী পর জেডএসআই-এর গুরুত্বপূর্ণ সাফল্য

प्रविष्टि तिथि: 03 JUN 2026 5:43PM by PIB Kolkata

কলকাতা, ৩ জুন, ২০২৬

 

ভারতীয় প্রাণীবিজ্ঞান সমীক্ষা সংস্থা(জেডএসআই)-এর গবেষকরা পশ্চিমবঙ্গের গঙ্গা সমভূমি অঞ্চল থেকে হোভারফ্লাইয়ের দুটি নতুন প্রজাতির সন্ধান পেয়েছেন। Eristalinus sapphirinus এবং Eristalinus brunettii নামে পরিচিত এই প্রজাতি দুটির আবিষ্কার ভারতের Eristalinus গোষ্ঠীর গবেষণায় এক শতাব্দীরও বেশি সময় পরএকটি গুরুত্বপূর্ণ সংযোজন। এই ক্ষেত্রে শেষ উল্লেখযোগ্য গবেষণা হয়েছিল ১৯২৩ সালে।

আন্তর্জাতিক গবেষণাধর্মী পত্রিকা European Journal of Taxonomy-তে প্রকাশিত এই গবেষণা পরিচালনা করেছেন শ্রীমতী বৃষ্টি রায়, শ্রী ঐশিক কর এবং ড. জয়িতা সেনগুপ্ত। গবেষণা দলকে দিশা দেখিয়েছেন জেডএসআই-এর অধিকর্তা ড. ধৃতি বন্দ্যোপাধ্যায় এবং ডিপ্টেরা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ড. অতনু নস্কর।

২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে সংগৃহীত নমুনা বিশ্লেষণ করে গবেষকরা এই নতুন প্রজাতি দুটির পরিচয় নিশ্চিত করেছেন। আকারগত বৈশিষ্ট্য ও ডিএনএ বারকোডিং- এর সমন্বিত পদ্ধতি ব্যবহার করে এই সাফল্য অর্জিত হয়েছে।

Eristalinus sapphirinus প্রজাতিটির নামকরণ করা হয়েছে এর উজ্জ্বল নীলাভ বর্ণের জন্য। Eristalinus brunettii নামটি ভারতীয় মাছি   নিয়ে গবেষণার পথিকৃৎ এনরিকো অ্যাডেলেলমো ব্রুনেটির সম্মানে রাখা হয়েছে।

হোভারফ্লাই ফুলের পরাগায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদের শূককীট জলজ পরিবেশে জৈব পদার্থ ভেঙে পুষ্টি পুনর্ব্যবহারে সহায়তা করে। গবেষণায় দেখা গেছে, সংরক্ষিত বনাঞ্চলের বাইরেও মানুষের বসবাসসংলগ্ন এলাকায় এখনও বহু অজানা জীববৈচিত্র্য রয়েছে।

জেডএসআই-এর অধিকর্তা ড. ধৃতি বন্দ্যোপাধ্যায় বলেন, গঙ্গা সমভূমির মতো জনবহুল এলাকাতেও অজানা জীবের অস্তিত্ব রয়েছে। প্রকৃতির বহু রহস্য এখনও আবিষ্কারের অপেক্ষায়।

ড. অতনু নস্কর জানান, অনেক হোভারফ্লাই দেখতে প্রায় একই রকম হওয়ায় সঠিক শনাক্তকরণ কঠিন। আধুনিক ডিএনএ বিশ্লেষণ ও প্রচলিত শ্রেণীবিন্যাস পদ্ধতির সমন্বয়ে নতুন দুটি প্রজাতির স্বতন্ত্র পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে।

প্রধান গবেষক শ্রীমতী বৃষ্টি রায় বলেন, পরাগবাহী পতঙ্গ সুস্থ পরিবেশ ব্যবস্থার অন্যতম ভিত্তি। এক শতাব্দী পর এই আবিষ্কার প্রমাণ করে, আমাদের পতঙ্গ বৈচিত্র্যের বড় অংশ এখনও নথিভুক্ত হয়নি।

 


***

 

SSS/AS....


(रिलीज़ आईडी: 2268504) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English