প্রতিরক্ষামন্ত্রক
ভারতীয় সেনার লেহ, লাদাখে দুর্গম পার্বত্য এলাকায় বিরাট চক্ষু পরীক্ষা শিবির ‘অপ নেত্র ১.০’ -এর সফল আয়োজন
প্রকাশিত:
30 APR 2026 6:07PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩০ এপ্রিল ২০২৬
ভারতীয় সেনাবাহিনী মানবিক সেবাকর্মের এক উজ্জ্বল দৃষ্টান্ত এবং যুগান্তকারী সাফল্য হিসেবে লেহ-র ১৫৩ জেনারেল হাসপাতালে ২৭-৩০ এপ্রিল পর্যন্ত চার দিনের এক আধুনিক চক্ষু পরীক্ষা ও শল্যচিকিৎসা শিবিরের আয়োজন করে। ১৪ কোরের জিওসি লেফটেন্যান্ট জেনারেল হিতেশ ভাল্লা এই শিবিরের উদ্বোধন করেন।
লাদাখের ৭টি জেলা সহ চুসুল, হানলে, দুর্বুক, দেমচক, ফুকচে, ড্রাস, জাস্কার, বাটালিক, চুমাথাং এবং তুরতুক-এর মতো দুর্গম পার্বত্য এলাকা থেকেও রোগীরা এই চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত হন। সামরিক-অসামরিক সহযোগিতার এক নিরলস সাক্ষ্য স্বরূপ এই শিবিরে মোট ৯৫০ জনের চক্ষু পরীক্ষা করা হয়। শল্য চিকিৎসক দলের নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার (ডাঃ) সঞ্জয় কুমার মিশ্র। এই চিকিৎসকদল বিশেষ পদ্ধতিতে ২১৪ জনের অত্যাধুনিক শল্য চিকিৎসা সাফল্যের সঙ্গে সম্পন্ন করেন। এর মধ্যে রয়েছে ১৯৭টি জটিল ছানি অপারেশন এবং ১০ জনের চোখের গভীর অংশে অর্থাৎ ভিট্রিয়াস এবং রেটিনাতে শল্য চিকিৎসা করা হয়। এছাড়াও চোখে লেন্স বসানো সহ গ্লুকোমা, নেত্রনালির চিকিৎসা, ভিট্রেক্টমি প্রভৃতি করা হয়। দৃষ্টি হারানো ১৫ জনের চোখে দৃষ্টিশক্তি পুনরায় ফিরিয়ে আনা হয়েছে।
এই শিবিরের মূল উল্লেখযোগ্য বিষয়টি হল, ১৫৩ জেনারেল হাসপাতালের দেশীয় পদ্ধতিতে তৈরি অপ নেত্র অ্যাপের সূচনা। এই ব্যবস্থার মাধ্যমে রোগীদের যথাযথ ব্যবস্থাপনা,সঠিক রোগ নির্ণয়,শুরু থেকে শেষ পর্যন্ত ডিজিটাল রেকর্ড তৈরি, কিউআর কোড ভিত্তিক সঠিক চিহ্নিতকরণের মাধ্যমে শল্য চিকিৎসার পদ্ধতি নির্ধারণ সম্ভব হয়। এর মাধ্যমে একদিকে যেমন রোগীদের সুরক্ষা, তার পাশাপাশি উচ্চ পার্বত্য এলাকায় দক্ষতার সঙ্গে শল্য চিকিৎসাকর্ম সম্পন্ন হয়।
২০২৫ সাল থেকে চোখে দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার সেনাবাহিনীর তরফ থেকে এই উদ্যোগ চালু হওয়ার পর দেশজুড়ে ২,৫০০-এরও বেশি চক্ষু শল্য চিকিৎসা সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। উধমপুর, দেরাদুন, জয়পুর, বাগডোগরা এবং গোরক্ষপুরে অনুরূপ শিবির আয়োজিত হয়। ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে আধুনিক চিকিৎসা সরঞ্জামকে বিমানযোগে এই দুর্গম এলাকায় নিয়ে আসা হয়। এতে চিকিৎসা সরঞ্জামের সুরক্ষার পাশাপাশি চিকিৎসার অত্যাধুনিক মান বজায় রাখায় সম্ভব হয়েছে।
শিবিরের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রশাসিত লাদাখের উপরাজ্যপাল ভি কে সাক্সেনা, উত্তরাঞ্চল কমান্ডের জেনারেল অফিসার কম্যান্ডিং ইন চিফ লেফ্টেন্যান্ট জেনারেল প্রতীক শর্মা। অপারেশন নেত্র ১.০তে সাফল্যের সঙ্গে নেতৃত্ব দেন, আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসেস-এর মহানির্দেশক ভাইস অ্যাডমিরাল আরতি সারিন। রাষ্ট্র প্রথম এই আদর্শের প্রতি সরকারের দায়বদ্ধতা রক্ষার অঙ্গ হিসেবে এবং ভৌগোলিক দূরত্বকে অতিক্রম করে দুর্গম এলাকায় প্রান্তিক মানুষের কাছে চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্য এর মধ্য দিয়ে পূরণ হয়।
SC/AB/NS
(রিলিজ আইডি: 2257215)
ভিজিটরের কাউন্টার : 9