প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশ সফর করবেন

পোস্ট করার দিনক্ষণ: 13 APR 2026 4:11PM by PIB Agartala

নয়াদিল্লি, ১৩ এপ্রিল ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৪ এপ্রিল ২০২৬ উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশ সফর করবেন। বেলা ১১.১৫ নাগাদ প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের সাহারানপুরে যাবেন। দিল্লি-দেরাদুন ইকোনমিক করিডরের এলিভেটেড শাখায় ওয়াইল্ড লাইফ করিডরের সমীক্ষা করবেন। বেলা ১১.৪০ নাগাদ প্রধানমন্ত্রী দেরাদুনের কাছে জয় মা দাত কালি মন্দিরে দর্শন এবং পুজো করবেন। তারপর সাড়ে ১২টা নাগাদ প্রধানমন্ত্রী দেরাদুনে একটি সরকারি অনুষ্ঠানে দিল্লি-দেরাদুন ইকোনমিক করিডরের উদ্বোধন করবেন এবং সমাবেশে ভাষণ দেবেন।

২১৩ কিলোমিটার দীর্ঘ ৬ লেনের দিল্লি-দেরাদুন ইকোনমিক করিডর তৈরি হয়েছে ১২০০০ কোটি টাকা খরচে। এই করিডরটি গেছে দিল্লি উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড দিয়ে। এটি হওয়ার ফলে দিল্লি এবং দেরাদুনের মধ্যে যাতায়াতের সময় বর্তমানের ৬ ঘণ্টার তুলনায় লাগবে আড়াই ঘণ্টা।

এই প্রকল্পের মধ্যে আছে ১০টি ইন্টারচেঞ্জ নির্মাণ, ৩টি রেলওয়ে ওভার ব্রিজ, ৪টি বড় সেতু এবং ১২টি রাস্তার ধারের সুবিধা। এরফলে উচ্চগতিতে সুষ্ঠুভাবে যোগাযোগ সম্ভব হবে। এই করিডরে আছে একটি অ্যাডভান্সড ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম (এটিএম)। ফলে যাত্রীরা সুরক্ষিত এবং আরও কার্যকর ভ্রমণ অভিজ্ঞতা লাভ করবেন।

পরিবেশের সংবেদনশীলতা, এই অঞ্চলের সমৃদ্ধ জীববৈচিত্র এবং বন্যপ্রাণের কথা ভেবে তৈরি করিডরটির নকশায় যুক্ত করা হয়েছে বেশ কয়েকটি বৈশিষ্ট্য। যার লক্ষ্য মানুষ এবং পশুর মধ্যে সংঘাত এড়ানো। বন্য জন্তুদের মুক্ত চলাচল নিশ্চিত করতে বেশ কয়েকটি নির্দিষ্ট সুরক্ষা বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে আছে ১২ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড করিডর, যা এশিয়ার অন্যতম দীর্ঘ। করিডরে থাকছে ৮টি রাস্তা প্রাণীদের জন্য, ২০০ মিটারের দুটি আন্ডারপাস হাতির জন্য এবং দাত কালি মন্দিরের কাছে একটি ৩৭০ মিটার দীর্ঘ টানেল।

দিল্লি-দেরাদুন ইকোনমিক করিডর আঞ্চলিক অর্থনৈতিক বৃদ্ধিকে জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। প্রধান পর্যটন কেন্দ্র এবং অর্থনৈতিক কেন্দ্রের মধ্যে যোগাযোগ বাড়াবে। সেইসঙ্গে অঞ্চল জুড়ে বাণিজ্য এবং উন্নয়নের নতুন রাস্তা খুলে দেবে। এই প্রকল্প প্রধানমন্ত্রীর নব প্রজন্মের পরিকাঠামো উন্নয়নের স্বপ্নের প্রতিফলন যাতে উচ্চগতিসম্পন্ন যোগাযোগ ব্যবস্থার সঙ্গে পরিবেশগত সুস্থায়িত্ব এবং নাগরিকদের উন্নত জীবনের মানের সম্মিলন ঘটাবে।

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2251792) ভিজিটরদের কাউন্টার : 4
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English