বিদেশমন্ত্রক
আগামী ১৮ এপ্রিল পশ্চিমবঙ্গ জুড়ে আয়োজিত হতে চলেছে পাসপোর্ট মেলা
কলকাতা-সহ ১১টি পাসপোর্ট কেন্দ্রে বিশেষ অভিযান, ২,৪০০-র বেশি অ্যাপয়েন্টমেন্টের সুবিধা প্রদান
প্রকাশিত:
08 APR 2026 2:33PM by PIB Kolkata
কলকাতা, ৮ এপ্রিল, ২০২৬
নাগরিকদের পাসপোর্ট সংক্রান্ত পরিষেবা প্রদানের লক্ষ্যে আগামী ১৮ এপ্রিল, ২০২৬ তারিখে পশ্চিমবঙ্গের একাধিক পাসপোর্ট সেবা কেন্দ্র (PSK) এবং পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্রে (POPSK) একটি বিশেষ পাসপোর্ট মেলা আয়োজিত হতে চলেছে।
এই পাসপোর্ট মেলাটি কলকাতা পিএসকে এবং আসানসোল, ব্যারাকপুর, বিডন স্ট্রীট, হাওড়া, শ্রীরামপুর, বর্ধমান, চুঁচুড়া, দমদম, যাদবপুর ও খড়গপুরের পিওপিএসকে-সহ মোট ১১টি স্থানে অনুষ্ঠিত হবে।
এই মেলার জন্য মোট ২,৪০০-র বেশি অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করা হয়েছে, যার মধ্যে রয়েছে:
* পিএসকে কলকাতা ২,০০০টি অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবে।
* প্রতিটি পিওপিএসকে কেন্দ্র ৪০টি করে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবে।
রাজ্যের বিভিন্ন কেন্দ্রের মাধ্যমে নাগরিক পরিষেবা পৌঁছে দিয়ে দ্রুত ও সহজতর পাসপোর্ট পরিষেবা নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য।
আবেদনকারীদের যা যা করতে হবে তার মধ্যে রয়েছে:
* অনলাইনে আবেদন করে একটি অ্যাপ্লিকেশন রেফারেন্স নম্বর (ARN) সংগ্রহ করা।
* সরকারি পোর্টাল www.passportindia.gov.in-এর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট বুক করা।
* অনলাইন পেমেন্ট সিস্টেমের মাধ্যমে পাসপোর্টের ফি জমা দেওয়া।
শুধুমাত্র আগামী ১৮ এপ্রিলের জন্য অনলাইন অ্যাপয়েন্টমেন্টপ্রাপ্ত আবেদনকারীরাই এই পাসপোর্ট মেলায় পরিষেবা পাবেন।
আবেদনকারীদের সঙ্গে আনতে হবে-
* এআরএন (ARN) রসিদের প্রিন্টআউট
* নিম্নলিখিত নথিপত্রের মূল কপি এবং স্ব-প্রত্যয়িত ফটোকপি:
ক) পরিচয়পত্র
খ) ঠিকানার প্রমাণপত্র
গ) জন্ম তারিখের প্রমাণপত্র
প্রয়োজনীয় নথিপত্র সম্পর্কে বিস্তারিত তথ্য সরকারি ওয়েবসাইটে পাওয়া যাবে।
সরাসরি উপস্থিত হলে (Walk-in) আবেদন গ্রহণ করা হবে না।
* তৎকাল এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (PCC) সংক্রান্ত আবেদনগুলি প্রক্রিয়া করা হবে না।
* স্থগিত থাকা (On-hold) আবেদনগুলি বিবেচনা করা হবে না।
* এই পাসপোর্ট মেলাটি শুধুমাত্র সাধারণ বিভাগের (Normal Category) নতুন আবেদন বা পুনরায় ইস্যু (Fresh/Re-issue) করার জন্য আয়োজিত হচ্ছে।
এই উদ্যোগ নাগরিক-কেন্দ্রিক পরিষেবা প্রদান ব্যবস্থার উন্নতি, অপেক্ষার সময় কমানো এবং পশ্চিমবঙ্গ জুড়ে পাসপোর্ট পরিষেবাকে আরও সহজলভ্য করার সরকারি প্রচেষ্টার অংশ।
*****
SSS/PK
(রিলিজ আইডি: 2250004)
ভিজিটরের কাউন্টার : 26