স্বরাষ্ট্র মন্ত্রক
ওড়িশার মুন্ডালিতে সিআইএসএফ-এর ৫৭ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ
পোস্ট করার দিনক্ষণ:
06 MAR 2026 2:45PM by PIB Agartala
নতুন দিল্লি, ৬ মার্চ, ২০২৬
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ আজ ওড়িশার মুন্ডালিতে সিআইএসএফ-এর ৫৭ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন। এই অনুষ্ঠানে তিনি বাহিনীর সদস্যদের জন্য ৩টি আবাস স্থলের শিলান্যাস করেন। এগুলি কামরূপ, নাসিক ও সেহোরে ৮৯০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে। এছাড়াও পশ্চিমবঙ্গের রাজারহাট ও দিল্লিতে নবনির্মিত দুটি রেসিডেনশিয়াল কমপ্লেক্সের উদ্বোধন করেছেন শ্রী শাহ। অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান, ওড়িশার মুখ্যমন্ত্রী শ্রী মোহন চরণ মাঝি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এবং সিআইএসএফ-এর মহানির্দেশক সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
তাঁর ভাষণে শ্রী শাহ বলেন, কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সেন্ট্রাল ইন্ডাসস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স – সিআইএসএফ) গত ৫৬ বছরে শূণ্য থেকে শীর্ষে পৌঁছেছে, বাহিনীর সদস্যদের শৌর্য ও অধ্যবসায়ের কারণেই এটি সম্ভব হয়েছে। আজ এই বাহিনী ভারতের শিল্পোন্নয়নে অপরিহার্য হয়ে উঠেছে। সংসদ, জাতীয় স্তরের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং পরিকাঠামোগুলির সুরক্ষা সুনিশ্চিত করতে বাহিনীর জওয়ানরা তাদের পারদর্শিতার প্রমাণ দেখিয়েছেন। বর্তমানে দেশের বন্দরগুলির নিরাপত্তার দায়িত্বেও রয়েছেন এঁরা।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০৪৭ সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্রে উন্নীত করার যে লক্ষ্যমাত্রা ধার্য করেছেন, তা পূরণে সিআইএসএফ অনুঘটকের কাজ করছে। ভারতের ৭০ টি বিমান বন্দর সহ ৩৬১ টি গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা প্রদানের দায়িত্বে রয়েছে সিআইএসএফ। প্রধানমন্ত্রী ড্রোনের মাধ্যমে নিরাপত্তা প্রদানের যে উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগে নোডাল এজেন্সির দায়িত্ব পালন করছে এই বাহিনী। আগামী দিনে বেসরকারি শিল্প সংস্থাগুলিতে বাহিনীর সদস্যরা যৌথভাবে নিরাপত্তা ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে। দেশের বিভিন্ন প্রান্তে নকশালবাদকে নির্মূল করতেও এঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যে নকশালরা একসময় স্বপ্ন দেখতো তিরুপতি থেকে পশুপতিনাথ মন্দির পর্যন্ত রেড করিডোর গড়ে তুলবে, আমাদের নিরাপত্তা বাহিনীর জন্যই আগামী ৩১ মার্চের মধ্যে তাদের নির্মূল করা সম্ভব হবে।
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2236779)
ভিজিটরদের কাউন্টার : 4