PIB Headquarters
azadi ka amrit mahotsav

বিশ্ব বেতার দিবস ২০২৬

জনসেবার মাধ্যম হিসাবে বেতারের উদ্‌যাপন

প্রকাশিত: 12 FEB 2026 2:32PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

 

মূল বিষয়সমূহ

* প্রতি বছর ১৩ ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস পালিত হয়। ১৯৪৬ সালে জাতিসংঘ বেতারের প্রতিষ্ঠা এই দিবসের প্রেক্ষাপট।
* বিশ্ব বেতার দিবস ২০২৬-এর বিষয়: “বেতার ও কৃত্রিম বুদ্ধিমত্তা: কৃত্রিম বুদ্ধিমত্তা একটি সহায়ক উপকরণ, কণ্ঠস্বর নয়।”
* ১ ফেব্রুয়ারি ২০০৪ তারিখে ভারতরত্ন শ্রী লালকৃষ্ণ আদবানি দেশের প্রথম কমিউনিটি বেতার কেন্দ্রের উদ্বোধন করেন।
* উত্তর প্রদেশের আমরোহা জেলার গজরৌলার রাম সিং বৌদ্ধ, ‘ভারতের রেডিও ম্যান’ নামে পরিচিত। ২০২৫ সালে ১,২৫৭টি বেতারযন্ত্রের সংগ্রহের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্বীকৃতি পান।

ভূমিকা

বেতার সব সময়েই এক বিশেষ আবেদন বহন করেছে। সহজ অথচ শক্তিশালী, অন্তরঙ্গ অথচ বিস্তৃত। দৈনন্দিন জীবনে নিঃশব্দে প্রবেশ করে সে সঙ্গ, তথ্য ও আত্মীয়তার অনুভূতি দেয়। পর্দার দুনিয়া প্রাধান্য পাওয়ার বহু আগে বেতারই ছিল ঘরের বিশ্বস্ত কণ্ঠস্বর। দূরবর্তী অঞ্চল, নানা ভাষা ও অগণিত মানুষের জীবনকে একসূত্রে বেঁধেছে এই মাধ্যম।

ইতিহাসের বহু মুহূর্ত মানুষের স্মৃতিতে অম্লান রয়েছে বেতার ঘোষণার মাধ্যমে। প্রসঙ্গত, ১৪ ও ১৫ আগস্ট ১৯৪৭-এর মধ্যরাতে স্বাধীনতার ঘোষণা বেতারের তরঙ্গেই পৌঁছেছিল মানুষের কানে। সেই একক সম্প্রচার সমগ্র দেশকে স্বাধীনতার এক অভিন্ন সুরে যুক্ত করেছিল।

ঐতিহাসিক প্রেক্ষাপট

২০১১ সালে রাষ্ট্রসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা তাদের ৩৬তম সাধারণ সম্মেলনে বিশ্ব বেতার দিবস ঘোষণার সিদ্ধান্ত গ্রহণ করে। ২০১২ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৭তম অধিবেশনে এই প্রস্তাব অনুমোদিত হয়। ফলে, এটি আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত দিবসের মর্যাদা পায়। ১৩ ফেব্রুয়ারি ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রসংঘ বেতারের স্মৃতিকে চিহ্নিত করতেই প্রতি বছর এই দিনটি পালন করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বব্যাপী তথ্য বিনিময় ও যোগাযোগের অঙ্গীকারের প্রতীক ছিল এই উদ্যোগ।

বিশ্ব বেতার দিবস ২০২৬-এর বিষয়

২০২৬ সালের বিষয় বা থিম “বেতার ও এআই: কৃত্রিম বুদ্ধিমত্তা একটি সহায়ক উপকরণ, স্বতন্ত্র কণ্ঠস্বর নয়।” এই থিম সম্প্রচার ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান ভূমিকার উপর আলোকপাত করে। বিষয়বস্তু নির্মাণ, সংরক্ষণ, অনুবাদ, শ্রোতাদের সঙ্গে যোগাযোগ এবং সহজপ্রাপ্যতা বৃদ্ধিতে কৃত্রিম বুদ্ধিমত্তা সহায়ক হতে পারে।

তবে প্রযুক্তি মানবকণ্ঠ, সম্পাদনাগত বিচক্ষণতা ও বিশ্বাসযোগ্যতার বিকল্প নয়। এই মূল্যবোধই বেতারের পরিচয় নির্ধারণ করে। নৈতিক ও দায়িত্বশীল ব্যবহারের উপর জোর দিয়ে এই থিম জানায়, নতুন উদ্ভাবন বেতারের মূল শক্তিকে আরও সুদৃঢ় করবে।

রায়পুরে বিশ্ব বেতার দিবস সম্মেলন ২০২৬

বিশ্ব বেতার দিবস উপলক্ষে ছত্তিশগড়ের রায়পুরে আকাশবাণী রায়পুর, জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার সহযোগিতায় ১৩ ফেব্রুয়ারি অর্থাৎ, আগামীকাল সকাল ১০টা থেকে ‘বিশ্ব বেতার দিবস সম্মেলন’-এর আয়োজন করছে। সরকারি থিমের ভিত্তিতে সম্মেলনে বিষয়বস্তু নির্মাণ, শ্রোতা সম্পৃক্ততা ও সহজপ্রাপ্যতা বৃদ্ধিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা নিয়ে আলোচনা হবে।

আকাশবাণী: ভারতের জনসেবামূলক সম্প্রচার ব্যবস্থা

আকাশবাণী, অল ইন্ডিয়া রেডিও নামে সুপরিচিত, প্রসার ভারতীর বেতার শাখা। “বহুজন হিতায়, বহুজন সুখায়” মন্ত্র নিয়ে ১৯৩৬ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান স্বাধীনতার পর জনমালিকানাধীন সংস্থায় পরিণত হয়। ভাষার বৈচিত্র্য ও বিপুল শ্রোতাপরিসরের নিরিখে এটি বিশ্বের বৃহত্তম সম্প্রচার সংস্থাগুলির অন্যতম।

দেশজুড়ে ৫৯১টি কেন্দ্র নিয়ে আকাশবাণীর পরিষেবা দেশের প্রায় ৯২ শতাংশ ভৌগোলিক এলাকা এবং ৯৯.১৯ শতাংশ জনগোষ্ঠীকে আচ্ছাদিত করে। মোট ২৩টি ভাষা ও ১৮২টি উপভাষায় অনুষ্ঠান প্রচারিত হয়। মধ্য তরঙ্গ, স্বল্প তরঙ্গ, এফএম ও ডিজিটাল মাধ্যমে মহানগর থেকে দুর্গম গ্রাম ও সীমান্ত অঞ্চলেও পৌঁছে যায় আকাশবাণী।

সংবাদ, সাম্প্রতিক বিষয়, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা, যুব অনুষ্ঠান, শাস্ত্রীয় ও লোকসংগীত-সহ নানা বিষয় এতে অন্তর্ভুক্ত। প্রাকৃতিক দুর্যোগের সময় আকাশবাণী নির্ভরযোগ্য তথ্য সরবরাহ করেছে।

কোভিড অতিমারীর সময় গ্রামীণ বিহার, ঝাড়খণ্ড ও মধ্যপ্রদেশের বহু অঞ্চলে বিদ্যালয় বন্ধ ছিল। সেখানে শিক্ষার্থীরা আকাশবাণীর শিক্ষামূলক সম্প্রচারের উপর নির্ভর করেছে। ওড়িশা ও তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে জেলেরা সমুদ্রে যাওয়ার আগে আবহাওয়া বুলেটিন শোনেন। ২০১৯ সালের ফণী ঘূর্ণিঝড়ের সময় সময়োচিত সতর্কবার্তা বহু মানুষকে নিরাপদে ফিরতে সহায়তা করে।

বেসরকারি এফএম বেতার

বেসরকারি এফএম বেতার শহর ও অঞ্চলে স্থানীয় বিনোদন ও তথ্য পরিবেশন করে। ২০২৪ সালের আগস্টে কেন্দ্রীয় মন্ত্রিসভা ২৩৪টি শহর ও নগরে ৭৩০টি নতুন এফএম চ্যানেল চালুর অনুমোদন দেয়। সংরক্ষিত মূল্য ৭৮৪.৮৭ কোটি টাকা। আঞ্চলিক বিষয়বস্তু বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তথ্য অনুযায়ী, এফএম তৃতীয় পর্যায় নীতির আওতায় বর্তমানে ১১৯টি শহরে ৩৯১টি বেসরকারি এফএম চ্যানেল চালু রয়েছে।

ভারতে কমিউনিটি বেতার

কমিউনিটি বেতার কেন্দ্রগুলি স্বল্পক্ষমতাসম্পন্ন ও অলাভজনক। স্থানীয় জনগোষ্ঠী তাদের নিজস্ব যোগাযোগ প্রয়োজন মেটাতে এই কেন্দ্র পরিচালনা করে। ২০০২ সালে শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে লাইসেন্স প্রদানের নীতি অনুমোদনের মাধ্যমে যাত্রা শুরু হয়। ২০০৪ সালে প্রথম কেন্দ্রের উদ্বোধন হয়। ২০০৫ সালে অন্না বিশ্ববিদ্যালয় ‘অন্না কমিউনিটি রেডিও’ চালু করে।

স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, কৃষি ও সামাজিক উন্নয়ন সংক্রান্ত বিষয় এতে গুরুত্ব পায়। স্থানীয় ভাষা ও উপভাষায় সম্প্রচার বৃহত্তর সংযোগ গড়ে তোলে। বর্তমানে দেশে ৫২৮টি কমিউনিটি বেতার কেন্দ্র কার্যকর রয়েছে।

মন কি বাত: ডিজিটাল যুগে বেতারের ক্ষমতা

২০১৪-র ৩ অক্টোবর শুরু হওয়া ‘মন কি বাত’ আকাশবাণীতে সম্প্রচারিত একটি মাসিক অনুষ্ঠান। প্রতি মাসের শেষ রবিবার এটি প্রচারিত হয়। ইতিমধ্যে ১৩০টি পর্ব সম্পূর্ণ হয়েছে। এই কর্মসূচি দেখিয়েছে যে ডিজিটাল যুগেও বেতার গণযোগাযোগের কার্যকর মাধ্যম।

গ্রামীণ উদ্ভাবন, সামাজিক উদ্যোগ ও সাংস্কৃতিক ঐতিহ্যের কথা এতে উঠে আসে। ডিজিটাল মাধ্যমেও এটি একযোগে উপলব্ধ থাকে। ফলে প্রযুক্তির সঙ্গে সমন্বয় ঘটিয়েও বেতার তার বিশ্বাসযোগ্যতা ও সহজপ্রাপ্যতা বজায় রেখেছে।

গিনেস বিশ্বরেকর্ডধারী ভারতীয় সংগ্রাহক

উত্তর প্রদেশের রাম সিং বৌদ্ধ ১,২৫৭টি বেতারযন্ত্র সংগ্রহ করেছেন। ২০২৫ সালে তিনি গিনেস বিশ্বরেকর্ডসে স্বীকৃতি পান। তাঁর সংগ্রহে বিংশ শতাব্দীর প্রাচীন কাঠের যন্ত্র থেকে আধুনিক ট্রানজিস্টর পর্যন্ত স্থান পেয়েছে।

সিদ্ধার্থ ইন্টার কলেজে তাঁর সংগ্রহ স্থাপিত হয়েছে। শিক্ষার্থী ও গবেষকদের কাছে এটি একটি জীবন্ত ঐতিহ্যভাণ্ডার।

উপসংহার

বিশ্ব বেতার দিবস বেতারের স্থায়ী গুরুত্বকে স্মরণ করায়। দ্রুত ডিজিটাল পরিবর্তনের মধ্যেও বেতার সহজপ্রাপ্য ও অন্তর্ভুক্তিমূলক মাধ্যম হিসেবে গুরুত্বপূর্ণ। সাক্ষরতা, ভাষা ও সংযোগের বাধা অতিক্রম করে এটি তথ্য, শিক্ষা ও দুর্যোগকালীন যোগাযোগে সহায়তা করে।

ভারতে জনসেবামূলক ও কমিউনিটি বেতার অংশগ্রহণমূলক যোগাযোগকে শক্তিশালী করেছে। নীতিগত সহায়তা ও উদ্ভাবনের মাধ্যমে বেতারকে মুক্ত অভিব্যক্তি, বিশ্বাসযোগ্য তথ্য ও অন্তর্ভুক্তিমূলক আলোচনার ক্ষেত্র হিসাবে সংরক্ষণ করা প্রয়োজন। দ্রুত পরিবর্তনশীল গণমাধ্যম পরিসরে বেতারের ভূমিকা তাই আজও সমান প্রাসঙ্গিক।

তথ্যসূত্র

UNESCO

https://www.unesco.org/en/days/world-radio/past-editions

https://www.unesco.org/en/days/world-radio

https://unesdoc.unesco.org/ark:/48223/pf0000215084

United Nations

World Radio Day | United Nations

Guinness World Record

Indian man with passion for history gathers world's largest collection of radios | Guinness World Records

https://www.guinnessworldrecords.com/news/2025/2/indian-man-with-passion-for-history-gathers-worlds-largest-collection-of-radios

Ministry of Information and Broadcasting

https://mib.gov.in/ministry/our-wings/broadcating-wing

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&opi=89978449&url=https://mib.gov.in/sites/default/files/2026-01/annual-report-2024-25.pdf&ved=2ahUKEwiP8Jy6nc6SAxXXd2wGHc2EMZoQFnoECCAQAQ&usg=AOvVaw3eoZLx-WlqmoyU9G16UDcX  

https://www.myscheme.gov.in/schemes/crss

https://www.facebook.com/inbministry/videos/-world-radio-day-13th-februaryon-this-worldradioday-lets-acknowledge-the-role-of/504225397937663/

All India Radio

https://www.newsonair.gov.in/govt-establishes-212-new-community-radio-stations-in-five-years-minister-of-state-dr-l-murugan/

 Ministry of Culture

https://www.instagram.com/p/DPndf0SDzWL/?img_index=1

https://www.instagram.com/reel/DGA5cnxPXtJ/

https://www.facebook.com/AzadiKaAmritMahotsav/posts/thisdaythatyear-when-indian-broadcasting-company-ltd-became-bankrupt-the-govt-to/382445287279944/

Press Information Bureau

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&opi=89978449&url=https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2024/feb/doc2024213311201.pdf&ved=2ahUKEwjN5P3em86SAxUcTWwGHVRpM2YQFnoECAQQAQ&usg=AOvVaw2ALfNXudBcpOee0KhwtZV0

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2102566&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2049325&reg=3&lang=2

Click here to see PDF

 

SSS/RS.......


(রিলিজ আইডি: 2228296) ভিজিটরের কাউন্টার : 2
এই রিলিজটি পড়তে পারেন: English , हिन्दी , Gujarati