PIB Headquarters
ইন্ডিয়া এআই স্ট্যাক: বৃহত্তর পরিসরে বুদ্ধিমত্তার প্রয়োগ
প্রকাশিত:
04 FEB 2026 4:05PM by PIB Kolkata
৪ ফেব্রুয়ারি, ২০২৬
ভূমিকা
ভারতের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সংক্রান্ত কৌশলের মূল ভিত্তি হলো AI-এর গণতন্ত্রীকরণ, যাতে এর সুফল সব নাগরিকের কাছে পৌঁছায়। “AI for Humanity”-এর আদর্শকে সামনে রেখে মানুষকে প্রযুক্তিগত অগ্রগতির কেন্দ্রে রাখা হয়েছে, যাতে AI স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, অর্থনীতি ও শাসনব্যবস্থায় জনকল্যাণমূলক ভূমিকা গ্রহণ করতে পারে। প্রাথমিক স্তরে প্রভাব সৃষ্টি করতে একটি শক্তিশালী ও সমন্বিত AI স্ট্যাক অপরিহার্য, যা AI-এর নির্ভরযোগ্য ব্যবহার ও বাস্তব প্রয়োগ সুনিশ্চিত করা যায়।
AI স্ট্যাক: স্থাপন ও বিস্তারের সক্ষমতা প্রদানকারী স্তরসমূহ
AI স্ট্যাক পাঁচটি পরস্পর-সংযুক্ত স্তর নিয়ে গঠিত—অ্যাপ্লিকেশন স্তর, AI মডেল স্তর, কম্পিউট স্তর, ডেটা সেন্টার ও নেটওয়ার্ক স্তর, এবং শক্তি স্তর। এই স্তরগুলো একত্রে ডেটা ও কম্পিউটিং ক্ষমতাকে কাজে লাগিয়ে কার্যকর, বিস্তৃত ও নির্ভরযোগ্য সমাধানে রূপান্তরিত করে।
১. অ্যাপ্লিকেশন স্তর
এটি AI স্ট্যাকের ব্যবহারকারী-মুখী স্তর, যেখানে AI সরাসরি মানুষের কাজে লাগে। স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ, কৃষি পরামর্শ, চ্যাটবট পরিষেবা, ভাষা অনুবাদ এবং প্রশাসনিক পরিষেবার মতো বাস্তবমুখী অ্যাপ্লিকেশন এই স্তরের অন্তর্ভুক্ত। বৃহৎ পরিসরে এগুলির ব্যবহারই প্রমাণ করে AI-এর প্রকৃত সামাজিক ও অর্থনৈতিক প্রভাব।
অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভারতে AI-এর ব্যবহার
ভারতে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, বিচারব্যবস্থা ও দুর্যোগ ব্যবস্থাপনায় AI-এর ব্যবহার দ্রুত বাড়ছে। কৃষিতে উৎপাদনশীলতা বৃদ্ধি, স্বাস্থ্যক্ষেত্রে রোগের আগাম শনাক্তকরণ, NEP ২০২০ অনুযায়ী শিক্ষায় AI সংযোজন, ই-কোর্টে দক্ষতা ও স্বচ্ছতা বৃদ্ধি এবং IMD-এর দেওয়া উন্নত আবহাওয়ার পূর্বাভাস—এই উদাহরণগুলো AI-এর পরীক্ষামূলক স্তর থেকে জনপরিসরে কার্যকর ব্যবহারের প্রমাণ।
AI অ্যাপ্লিকেশন ব্যবহারের সামগ্রিক প্রবণতা
ভারত “AI diffusion” কৌশল অনুসরণ করছে, যেখানে নির্দিষ্ট ক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ না রেখে AI-কে সর্বত্র বিস্তৃত করা হচ্ছে। বাস্তব সমস্যার সমাধান ও বৃহৎ পরিসরে প্রয়োগের মাধ্যমে AI সরাসরি নাগরিক পরিষেবা প্রদানে সহায়তা করছে ও উৎপাদনশীলতা বৃদ্ধি করছে।
২. AI মডেল স্তর
এই স্তর AI-এর মস্তিষ্ক হিসেবে কাজ করে। এখানে ডেটার উপর প্রশিক্ষিত মডেল বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে। ভারত দেশীয় ভাষা, জনপরিষেবা ও ক্ষেত্রভিত্তিক প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ স্বদেশি AI মডেল গড়ে তুলছে, যাতে নির্ভরযোগ্যতা ও প্রযুক্তিগত স্বনির্ভরতা সুনিশ্চিত করা সম্ভবপর হয়।
ভারতে AI মডেল স্তরের বিকাশ
IndiaAI Mission-এর অধীনে দেশীয় AI মডেলের উন্নয়ন, কম্পিউট সুবিধাকে জনসাধারণের কাছে পৌঁছে দিতে ভর্তুকি প্রধান, BharatGen-এর ফাউন্ডেশন মডেল এবং IndiaAIKosh-এর ডেটাসেট ও মডেল ভাণ্ডার গড়ে তোলা হচ্ছে। Bhashini ও Sarvam AI-এর মতো উদ্যোগ বহুভাষিক ও ক্ষেত্রভিত্তিক AI সক্ষমতা জোরদার করছে।
AI মডেল গ্রহণের সামগ্রিক প্রবণতা
ওপেন-সোর্স মডেলের প্রসারের ফলে AI উন্নয়নের ক্ষেত্রে আর্থিক বাধা হ্রাস পেয়েছে। এই প্রবণতাকে কাজে লাগিয়ে ভারত একটি স্বদেশী, অন্তর্ভুক্তিমূলক ও প্রয়োগকেন্দ্রিক AI মডেল ইকোসিস্টেম গড়ে তুলছে, যা জাতীয় অগ্রাধিকার ভিত্তিক ক্ষেত্রগুলিতে এবং জনকল্যাণে প্রয়োগ করা হবে।
৩. কম্পিউট স্তর
এই স্তর AI মডেল প্রশিক্ষণ ও পরিচালনার জন্য প্রয়োজনীয় কম্পিউটিং শক্তি সরবরাহ করে। সরকার-সমর্থিত পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে সাশ্রয়ী ও যৌথ কম্পিউট সুবিধা প্রদান এবং দেশীয় সেমিকন্ডাক্টর ও সুপারকম্পিউটিং সক্ষমতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়েছে।
ভারতে কম্পিউট সক্ষমতা ও AI পরিকাঠামো
IndiaAI Mission-এর আওতায় ক্লাউড-ভিত্তিক GPU ও TPU অ্যাক্সেস, জাতীয় GPU ক্লাস্টার, সেমিকন্ডাক্টর প্রকল্প এবং PARAM Siddhi-AI ও AIRAWAT-এর মতো সুপারকম্পিউটার স্থাপন করা হচ্ছে, যা গবেষণা, স্টার্টআপ ও সরকারি কর্মকাণ্ডে সহায়তা করবে।
AI কম্পিউট ব্যবহারের সামগ্রিক প্রবণতা
ভর্তুকিযুক্ত ও শেয়ারড কম্পিউট সুবিধার মাধ্যমে ভারত অর্থনৈতিক বাধা অতিক্রম করে AI উদ্ভাবনকে আরও অন্তর্ভুক্তিমূলক করছে এবং দীর্ঘমেয়াদী প্রযুক্তিগত স্বনির্ভরতা সুনিশ্চিত করছে।
৪. ডেটা সেন্টার ও নেটওয়ার্ক সংক্রান্ত পরিকাঠামো স্তর
এই স্তর AI ব্যবস্থার মেরুদণ্ড। ডেটা সেন্টার ও ব্রডব্যান্ড/৫জি নেটওয়ার্কের মাধ্যমে দ্রুত ও নির্ভরযোগ্য ডেটা পরিষেবা সুনিশ্চিত করা হয়েছে, যা বৃহৎ পরিসরে AI পরিষেবা প্রদানের জন্য অপরিহার্য।
ভারতের ডেটা সেন্টার ও নেটওয়ার্ক পরিকাঠামো
দেশব্যাপী অপটিক্যাল ফাইবার, ৫জি কভারেজ এবং ডেটা সেন্টার স্থাপনের মাধ্যমে ভারতে AI ও ক্লাউড পরিকাঠামোকে শক্তিশালী করা হচ্ছে। দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগ ভারতের ডিজিটাল সক্ষমতা আরও মজবুত করছে।
AI পরিকাঠামো বিকাশের সামগ্রিক প্রবণতা
ডিজিটাল সংযোগ ও ডেটা সেন্টার বিস্তারের মাধ্যমে ভারত একটি নিরাপদ, বিস্তৃত ও জাতীয়ভাবে সংযুক্ত AI পরিবেশ তৈরি করছে।
৫. শক্তি স্তর
এই স্তর পুরো AI স্ট্যাককে সচল রাখে। ডেটা সেন্টার ও উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউট পরিচালনার জন্য নিরবচ্ছিন্ন, সাশ্রয়ী ও দূষণমুক্ত বিদ্যুৎ অপরিহার্য।
ভারতে সাশ্রয়ী, নিরাপদ ও দূষণমুক্ত শক্তির সহজলভ্যতা
৫০০ গিগাওয়াটের বেশি বিদ্যুৎ সক্ষমতা (যার অর্ধেকের বেশি অ-জীবাশ্ম উৎস থেকে) ভারতের AI পরিকাঠামো ক্ষেত্রে শক্তির চাহিদা পূরণে সহায়ক হতে চলেছে। ভবিষ্যতে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ও শক্তি সঞ্চয় প্রকল্প শক্তি ক্ষেত্রে স্থিতিশীলতা সুনিশ্চিত করবে।
AI ও শক্তি চাহিদার সামগ্রিক প্রবণতা
বিশ্বব্যাপী AI-এর কারণে বিদ্যুৎ চাহিদা বাড়লেও, ভারতের দূষণমুক্ত শক্তির উৎপাদন বৃদ্ধির ফলে এই চাহিদা পূরণ সম্ভবপর হচ্ছে।
উপসংহার
ভারতের AI স্ট্যাক একটি সমন্বিত ও জনকল্যাণমুখী কৌশলের প্রতিফলন। অ্যাপ্লিকেশন থেকে শক্তি—প্রতিটি স্তরকে শক্তিশালী করে ভারত AI-এর গণতন্ত্রীকরণ সুনিশ্চিত করছে। “AI for Humanity” এই নীতির ভিত্তিতে গৃহীত কৌশলগুলি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, উন্নত জনপরিষেবা এবং দীর্ঘমেয়াদী জাতীয় কল্যাণে AI-কে কার্যকর হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
তথ্যসূত্র
PIB Headquarters
Ministry of Electronics and Information Technology
Ministry of Science and Technology
Office of the Principal Scientific Adviser to the Government of India
Ministry of Communications:
Ministry of Power:
International Energy Agency:
DD News:
Click here of pdf file.
***
SSS/PK/4.2.26
(রিলিজ আইডি: 2223903)
ভিজিটরের কাউন্টার : 6