উপ-রাষ্ট্রপতির সচিবালয়
azadi ka amrit mahotsav

রামেশ্বরমে কাশী তামিল সঙ্গমম-এর চতুর্থ সংস্করণের সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখলেন উপরাষ্ট্রপতি

পোস্ট করার দিনক্ষণ: 30 DEC 2025 6:48PM by PIB Agartala

নতুন দিল্লি, ৩০ ডিসেম্বর, ২০২৫

 

উপরাষ্ট্রপতি শ্রী সি পি রাধাকৃষ্ণণ আজ রামেশ্বরমে কাশী তামিল সঙ্গমম-এর চতুর্থ সংস্করণের সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এই উদ্যোগকে তিনি ভারতের চিরায়ত আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐক্যের জীবন্ত প্রতীক হিসেবে বর্ণনা করেন।

কাশী ও তামিলনাড়ুর দীর্ঘ বন্ধনের উল্লেখ করে উপরাষ্ট্রপতি বলেন, এই সংযোগ শুধু ঐতিহাসিক নয়, এক সুগভীর সভ্যতাগত ও আধ্যাত্মিক ধারাবাহিকতা, যা ভারতকে হাজার হাজার বছর ধরে ঐক্যবদ্ধ রেখেছে। এই ধরনের সংযোগ ভারতের অভিন্ন ঐতিহ্য ও জাতীয় সংহতির অনুভবকে আরও গভীর করে।

মহাকবি সুব্রামণিয়া ভারতীকে উদ্ধৃত করে উপরাষ্ট্রপতি বলেন, কাশী তামিল সঙ্গমম কবির ঐক্যবদ্ধ, সংহত ও আত্মবিশ্বাসী ভারতের দৃষ্টিভঙ্গির প্রতিফলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী দৃষ্টিভঙ্গি ও সুনির্দিষ্ট উদ্যোগের মাধ্যমে আজ ভারতীর স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে।

প্রধানমন্ত্রীর এক ভারত শ্রেষ্ঠ ভারতের ভাবনার উপর জোর দিয়ে উপরাষ্ট্রপতি বলেন, কাশী-তামিল সঙ্গমমের মতো উদ্যোগ সাংস্কৃতিক বিনিময়, অভিন্ন ঐতিহ্য ও পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে জাতীয় সংহতিকে আরও শক্তিশালী করে তোলে। এই ধরনের উদ্যোগের মাধ্যমে সমগ্র দেশ বিকশিত ভারতের লক্ষ্যের দিকে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যায়।

সমাপ্তি অনুষ্ঠানে তামিলনাড়ুর রাজ্যপাল শ্রী আর এন রবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান, তথ্য ও সম্প্রচার এবং সংসদীয় প্রতিমন্ত্রী শ্রী এল মুরুগান প্রমুখ উপস্থিত ছিলেন।

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2210186) ভিজিটরদের কাউন্টার : 31
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English