রাষ্ট্রপতির সচিবালয়
azadi ka amrit mahotsav

রাষ্ট্রপতি জামশেদপুরে ২২তম পার্সি মহা এবং অলচিকি-র শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে অংশ নিলেন

পোস্ট করার দিনক্ষণ: 29 DEC 2025 3:56PM by PIB Agartala

নতুন দিল্লি, ২৯ ডিসেম্বর, ২০২৫: রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ (২৯ ডিসেম্বর, ২০২৫) ঝাড়খণ্ডের জামশেদপুরে ২২তম পার্সি মহা এবং অলচিকি-র শতবর্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়ে ভাষণ দেন।

অনুষ্ঠানে প্রদত্ত ভাষণে রাষ্ট্রপতি বলেন, সাঁওতালদের নিজস্ব ভাষা, সাহিত্য এবং সংস্কৃতি আছে। তবে ১০০ বছর আগে সাঁওতালি ভাষার লিপির অভাবের কারণে রোমান, দেবনাগরী, ওড়িয়া এবং বাংলার মতো বিভিন্ন লিপি ব্যবহার করা হতো। এইসব লিপিতে অনেক সাঁওতালি শব্দ ঠিকভাবে উচ্চারণ করা যেতো না। ১৯২৫-এ পণ্ডিত রঘুনাথ মুর্মু অলচিকি লিপি তৈরি করেন। তখন থেকেই এই লিপি সাঁওতাল পরিচিতির একটি শক্তিশালী প্রতীক হয়ে গেছে।

রাষ্ট্রপতি বলেন যে, ২৫ ডিসেম্বর, ২০২৫-এ প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীতে তাঁর সুযোগ হয়েছে অলচিকি লিপিতে লেখা সাঁওতালি ভাষায় ভারতের সংবিধান প্রকাশ করার। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন যে, এখন সাঁওতালিভাষী মানুষ তাদের মাতৃভাষায় এবং অলচিকি লিপিতে লেখা সংবিধান পড়তে এবং বুঝতে সক্ষম হবেন।

রাষ্ট্রপতি বলেন যে, যেকোনো ভাষায় শিক্ষা গ্রহণের থেকে মাতৃভাষায় শিক্ষা গ্রহণ, অলচিকি লিপিতে সাঁওতালি ভাষায় শিক্ষা গ্রহণ সাঁওতাল সম্প্রদায়ের সার্বিক উন্নয়নের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, লেখক এবং ভাষা সম্পর্কে উৎসাহীরা সাঁওতালি ভাষার উন্নয়ন ও প্রসারের জন্য কাজ করছেন।

রাষ্ট্রপতি সকল মানুষকে পরিবেশ রক্ষার কথা মাথায় রাখার পাশাপাশি উন্নয়নের পথে এগিয়ে চলার আহ্বান জানান। তিনি বলেন যে, পরিবেশবান্ধব জীবনশৈলী শেখা যায় সাঁওতাল এবং অন্য জনজাতি সমূহের কাছ থেকে।

রাষ্ট্রপতি বলেন যে, সাঁওতালি সাহিত্য শক্তিশালী হচ্ছে সাঁওতাল সম্প্রদায়ের মৌখিক ঐতিহ্য এবং গানের মাধ্যমে। তিনি বলেন, অনেক লেখক তাঁদের কাজের মাধ্যমে সাঁওতালি সাহিত্যকে সমৃদ্ধ করছেন। তিনি বলেন যে, জনজাতি মানুষের জাগরণ ঘটানো একটি গুরুত্বপূর্ণ কাজ। তিনি লেখকদের তাঁদের লেখার মাধ্যমে সেই কাজই করার আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, ভাষা এবং সাহিত্য সম্প্রদায়কে একসঙ্গে বেঁধে রাখে। বিভিন্ন ভাষার মধ্যে সাহিত্যের আদানপ্রদান সেই ভাষা এবং সম্প্রদায়কে সমৃদ্ধ করে। অনুবাদের মাধ্যমে সেই বিনিময় সম্ভব হয়। সেইজন্য সাঁওতালি ভাষার ছাত্রদের সঙ্গে অন্য ভাষাগুলির পরিচয় ঘটানোর প্রয়োজন আছে। একইরকমভাবে চেষ্টা করতে হবে সাঁওতালি ভাষাকে অন্য ভাষার ছাত্রদের কাছে পৌঁছে দিতে। তিনি বলেন, তাঁর বিশ্বাস যে অল ইন্ডিয়া সাঁওতালি রাইটার্স অ্যাসোসিয়েশন সেই কাজ চালিয়ে যাবে কার্যকরীভাবে।

রাষ্ট্রপতির ভাষণ পড়তে নীচের লিঙ্কে ক্লিক করুন –

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/dec/doc20251229747101.pdf

*****

PS


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2209653) ভিজিটরদের কাউন্টার : 32
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English