আয়ুষ
ন্যাম কনক্লেভের প্রথম দিনে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির আয়ুষ/স্বাস্থ্য মন্ত্রীদের সক্রিয় অংশগ্রহণ আয়ুষ সহযোগিতা শক্তিশালী করার পথ প্রশস্ত করেছে
প্রকাশিত:
01 MAY 2025 8:16PM by PIB Kolkata
মুম্বাই, ০১ মে, ২০২৫
আয়ুষ ক্ষেত্রের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত এবং এই ক্ষেত্রে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির অগ্রগতির কথা তুলে ধরে আজ মহারাষ্ট্রের লোনাভালার কাইভালিয়াধামায় জাতীয় আয়ুষ মিশন (ন্যাম) কনক্লেভের সূচনা হয়েছে। এই কনক্লেভ দেশ জুড়ে আয়ুষ পরিষেবাকে সুসংহত করে এর প্রসার এবং এর ভবিষ্যৎ দিশানির্দেশের মঞ্চ তৈরি করছে।
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় আয়ুষ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী শ্রী প্রতাপ রাও যাদব দু-দিনের এই কনক্লেভের আনুষ্ঠানিক সূচনা করেন। উপস্থিত ছিলেন বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের আয়ুষ/স্বাস্থ্য মন্ত্রীরা।
আয়ুষ মন্ত্রক আয়োজিত এই কনক্লেভে আয়ুষ বিশেষজ্ঞ, নীতি নির্ধারক, স্বাস্থ্য ক্ষেত্রের পেশাদার, গবেষক ও উদ্ভাবকরা যোগ দিয়েছেন। এর লক্ষ্য হল, ঐতিহ্যবাহী ভারতীয় চিকিৎসা ব্যবস্থাকে মূল ধারার স্বাস্থ্য পরিষেবার সঙ্গে সংযুক্ত করা এবং সাধারণ নাগরিকদের কাছে সহজে ও সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া।
কেন্দ্রীয় আয়ুষ প্রতিমন্ত্রী বলেন, এর আগে ২০২৩ সালে ন্যাম কনক্লেভের আয়োজন করা হয়েছিল। জাতীয় আয়ুষ মিশনের কার্যকর রূপায়ণ নিয়ে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রীরা তাঁদের মূল্যবান বক্তব্য রেখেছিলেন। এর ভিত্তিতে একটি কর্মপরিকল্পনা প্রস্তুত করা হয়েছিল। দেশজুড়ে ১২,৫০০ আয়ুষ্মান আরোগ্য মন্দির প্রতিষ্ঠার যে উদ্যোগ নেওয়া হয়, তাতে সুবিধাভোগীর সংখ্যা ২০২১ সালে ছিল ১.৫ কোটি। ২০২৫ সালে তা বেড়ে ১১.৫ কোটি ছাড়িয়ে গেছে। উন্নত পরিকাঠামো, ওষুধপত্রের সহজলভ্যতা, প্রশিক্ষিত মানবশক্তি এবং উচ্চগুণমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলির সুবাদে আয়ুষ স্বাস্থ্য পরিষেবা দেশজুড়ে ছড়িয়ে পড়েছে।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, জাতীয় আয়ুষ মিশনের এই দ্বিতীয় কনক্লেভও আয়ুষের প্রসার, এর পরিচালন ব্যবস্থা শক্তিশালী করা, উদ্ভাবন, আর্থিক জোগান ও তৃণমূল স্তরে বিভিন্ন কর্মসূচি রূপায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা করেন।
স্বাগত ভাষণে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের সচিব বৈদ্য রাজেশ কোটেচা বলেন, ২০১৪ সালে মাত্র ৭৮ কোটি টাকা বাজেট বরাদ্দ দিয়ে আয়ুষ মিশনের সূচনা হয়েছিল। ২০২৫-২৬ সালে বরাদ্দের পরিমান বেড়ে হয়েছে ১,২৭৫ কোটি টাকা। এর থেকেই আয়ুষ চিকিৎসা পদ্ধতির প্রসারে ভারত সরকারের সুদৃঢ় অঙ্গীকার এবং এর আওতায় থাকা বিভিন্ন প্রকল্পের সাফল্য প্রতিফলিত হয়। সার্বিক দৃষ্টিভঙ্গী, ব্যক্তিগত স্তরে যত্ন, বিশ্বজুড়ে এই চিকিৎসা পদ্ধতির প্রতি আগ্রহ এবং সুদৃঢ় সরকারি সহায়তায় আয়ুষ পদ্ধতি ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে। এনএসএসও-র ২০২২-২৩ সালের সমীক্ষা অনুযায়ী গ্রামীণ জনসংখ্যার প্রায় ৯৫ শতাংশ এবং শহরে বসবাসকারীদের ৯৬ শতাংশ আয়ুষ সম্পর্কে ওয়াকিবহাল। লক্ষ লক্ষ মানুষ নিয়মিত যোগাভ্যাস করেন। দেশজুড়ে আয়ুষের প্রতি আস্থা ও নির্ভরতা ক্রমশই বেড়ে চলেছে।
উত্তরপ্রদেশের আয়ুষ মন্ত্রী ডঃ দয়াশঙ্কর মিশ্র বলেন, রাজ্যে বর্তমানে ৩,৯৫৯টি আয়ুষ হাসপাতাল রয়েছে। এই পদ্ধতির প্রতি রাজ্যের মানুষের আস্থা ক্রমবর্ধমান।
ছত্তিশগড়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী শ্যাম বিহারী জয়সওয়াল বলেন, আয়ুষ ও আধুনিক চিকিৎসা পদ্ধতির সংযোগ সাধনে এক অর্থপূর্ণ চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
রাজস্থানের উপমুখ্যমন্ত্রী প্রেমচাঁদ বাইরুয়া বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারগুলির যৌথ উদ্যোগে আর্য়ুবেদ আজ তৃণমূল স্তরে পৌঁছে গেছে। রাজ্যস্থান সরকার একটি সার্বিক আয়ুষ নীতি প্রণয়ন করছে।
হিমাচলপ্রদেশের আয়ুষ মন্ত্রী ইয়াদবিন্দর গোমা বলেন, প্রথাগত জ্ঞানের সঙ্গে আধুনিক প্রযুক্তির মিশ্রণে হিমাচলপ্রদেশ সরকার আয়ুষ ক্ষেত্রে এক সংযুক্ত মডেল তৈরি করেছে। মহিলাদের স্বাস্থ্যের ওপর বিশেষ নজর দিয়ে এই পদ্ধতি গ্রামে গ্রামে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
মিজোরামের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী শ্রীমতী পি লালরিনপুই বলেন, বিভিন্ন জায়গায় আয়ুষ সুস্থতা কেন্দ্র গড়ে ওঠার ফলে মাত্র কয়েক বছরের মধ্যেই আয়ুষ পদ্ধতি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।
সিকিমের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জি টি ধুঙ্গেল বলেন, সিকিম সরকার রাজ্যের সর্বত্র আয়ুষ পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিরন্তর কাজ করে চলেছে।
উদ্বোধনী অধিবেশনে শারীরবৃত্তীয় প্রক্রিয়া সংক্রান্ত সমস্যায় আয়ুষ পদ্ধতির সাধারণ চিকিৎসা নিয়ে নির্দেশিকা প্রকাশ করা হয়। এতে প্রধানত ডায়াবেটিস, স্থূলতা, বাত, নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার এবং অনিদ্রাজনিত অসুস্থতার চিকিৎসা সম্পর্কে বলা হয়েছে।
উদ্বোধনী অধিবেশনের পর বিভিন্ন রাজ্যের আয়ুষ/স্বাস্থ্য মন্ত্রীরা দেশে আয়ুষ পরিষেবাকে আরও শক্তিশালী করার পন্থা-পদ্ধতি নিয়ে গোলটেবিল বৈঠক করেন।
SC/SD/NS…
(রিলিজ আইডি: 2126171)
ভিজিটরের কাউন্টার : 38