ভূ-বিজ্ঞানমন্ত্রক
সামুদ্রিক ঘূর্নিঝড় ‘তাউতে’র আজ সন্ধ্যা নাগাদ গুজরাট উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা এবং আগামীকাল সকালের আগেই আরও তীব্র রূপ ধারণ করে ঘূর্নিঝড়টি ভাবনগর জেলার পোরবন্দর ও মাহুভা-র মধ্য দিয়ে ঘণ্টায় ১৫৫-১৬৫ কিলোমিটার গতিবেগে স্থলভূমিতে প্রবেশ করবে
প্রকাশিত:
17 MAY 2021 4:14PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৭ মে, ২০২১
ভারতীয় আবহাওয়া দপ্তরের জাতীয় আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের পক্ষ থেকে আজ ভোর ৪-১৫ মিনিটে জারি করা পূর্বাভাস অনুযায়ী বলা হয়েছে, আরব সাগরের সৃষ্ট অতি প্রবল সামুদ্রিক ঘূর্নিঝড় ‘তাউতে’ গত ছয় ঘণ্টায় ১৮ কিলোমিটার গতিবেগে উত্তর-উত্তর পশ্চিম অভিমুখে অগ্রসর হয়েছে। আজ রাত ২-৩০ মিনিট নাগাদ এই ঘূর্নিঝড়টির অবস্থান ছিল গোয়ার পাঞ্জিম থেকে ৩৬০ কিলোমিটার উত্তর-উত্তর পশ্চিমে। মুম্বাই থেকে ১৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, গুজরাটের ভেরাভাল থেকে ৩৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে, দিউ থেকে ৩১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে এবং পাকিস্তানের করাচি থেকে ৯০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী অতি প্রবল ঘূর্নিঝড় ‘তাউতে’ আজ সন্ধ্যা নাগাদ উত্তর-উত্তর পশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে গুজরাট উপকূলের কাছাকাছি পৌঁছবে। এরপর, সেটি আগামীকাল সকালের আগেই ভাবনগর জেলার পোরবন্দর ও মাহুভার মধ্য দিয়ে স্থলভূমিতে আছড়ে পড়বে। স্থলভূমিতে আছড়ে পড়ার প্রবল এই ঘূর্নিঝড়টির ঘণ্টায় গতিবেগ থাকবে ১৫৫-১৬৫ কিলোমিটার, ক্ষেত্রবিশেষে তা ঘণ্টায় সর্বোচ্চ ১৮৫ কিলোমিটার গতিবেগে পৌঁছতে পারে।
এই ঘূর্নিঝড়ের প্রভাবে আজ কেরল, দক্ষিণ কোঙ্কন ও গোয়ার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্তভাবে কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। গুজরাটের একাধিক এলাকায় আজ ও কাল হালকা থেকে মাঝারি এবং দুপুরের পর সৌরাষ্ট্র, কচ্ছ ও দক্ষিণ গুজরাটের অধিকাংশ এলাকায় অতিভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। আগামীকালও সৌরাষ্ট্র, কচ্ছ, দিউ ও দক্ষিণ গুজরাটেও বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় প্রবল বর্ষণের পূর্বাভাস। অন্যদিকে রাজস্থানে আগামীকাল ও বুধবার বিক্ষিপ্তভাবে কিছু এলাকায় হালকা থেকে মাঝারি এবং নির্দিষ্ট কিছু এলাকায় ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। এই ঘূর্নিঝড়ের প্রভাবে আজ সকাল থেকে আগামীকাল দুপুর পর্যন্ত পূর্ব-মধ্য আরব সাগর উত্তাল থাকবে। তারপর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে।
পূর্বাভাসে মৎস্যজীবীদের পূর্ব-মধ্য আরব সাগরে মাছ ধরতে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এমনকি যাঁরা ইতিমধ্যেই মাছ ধরার জন্য উত্তর আরব সাগরে রয়েছেন, তাঁদের দ্রুত উপকূলে ফিরে আসতে বলা হয়েছে।
CG/BD/DM
(রিলিজ আইডি: 1719330)
ভিজিটরের কাউন্টার : 155