উত্তর-পূর্বাঞ্চলেরউন্নয়নসংক্রান্তমন্ত্রক
কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং বলেছেন, উত্তর-পূর্বের মহিলা শিল্পোদ্যোগের এক সমৃদ্ধি পরম্পরা রয়েছে
প্রকাশিত:
15 APR 2021 6:53PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৫ এপ্রিল, ২০২১
কেন্দ্রীয় উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং বলেছেন, নতুন ভারত গঠনে উত্তর-পূর্ব অগ্রণী ভূমিকা পালন করতে চলেছে। বণিকসভা ফিকি আয়োজিত এক অনুষ্ঠানে ডাঃ সিং আরও বলেন, এই অঞ্চলে মহিলা শিল্পোদ্যোগের এক সমৃদ্ধ পরম্পরা রয়েছে। মহিলাদের এই উদ্যোগ স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও সুবিন্যস্ত করেছে। স্বাধীনতার পর ১৯৫০ সালের প্রসঙ্গ স্মরণ করে মন্ত্রী বলেন, সেই সময় আসামে দেশের প্রথম মহিলা মন্ডল গড়ে উঠেছিল। এই অভিনব উদ্যোগ বহু রাজ্যের মহিলারা অনুসরণ করেছিলেন। আজ পরিবর্তিত উত্তর-পূর্বাঞ্চলে এমন অনেক প্রগতিশীল মহিলা গোষ্ঠী রয়েছে, যেগুলি আর্থিক ক্ষমতায়নের পাশাপাশি, জীবন-জীবিকার মানোন্নয়নে বড় ভূমিকা পালন করছে।
সমগ্র উত্তর-পূর্বাঞ্চল এক সুসংবদ্ধ ও মর্যাদাপূর্ণ মহিলা সমাজ ও পরম্পরার জন্য অত্যন্ত পরিচিত বলে উল্লেখ করে ডাঃ সিং বলেন, মহিলারা না কেবল লোকজীবনে অবদান রাখছেন, পাশাপাশি তাঁরা সৃজনশীল ও দূরদৃষ্টিসম্পন্ন পদক্ষেপ গ্রহণ করছেন। উত্তর-পূর্বাঞ্চলকে হস্তশিল্প, কারুশিল্পের অন্যতম পীঠস্থান হিসাবে উল্লেখ করে তিনি বলেন, কোভিড মহামারীর একেবারে গোড়ার দিকে সারা দেশে যখন ফেসমাস্কের চাহিদা ক্রমবর্ধমান তখন এই অঞ্চলের মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলি চাহিদা অনুযায়ী ফেসমাস্ক যোগান দিতে পেরেছেন।
তিনি বলেন, মোদী সরকার উত্তর-পূর্বে শিল্পোদ্যোগের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এই লক্ষ্যে বাঁশ শিল্প ও বাঁশজাত সামগ্রী বিপণনে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। ডাঃ সিং বণিকসভা ফিকির মতো অন্যান্য মহিলা বণিক সংগঠনগুলিকেও উত্তর-পূর্বে বাঁশ শিল্পের ক্ষেত্রে মহিলা শিল্পোদ্যোগের প্রসারে আরও বেশি অবদান রাখার আহ্বান জানান। প্রধানমন্ত্রী উত্তর-পূর্ব ভারতকে দেশের নতুন চালিকাশক্তি হিসাবে বর্ণনা করেছেন বলে উল্লেখ করে ডাঃ সিং জানান, কোভিড পরবর্তী সময়ে এই অঞ্চলের বিপুল সম্পদ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে।
CG/BD/SB
(রিলিজ আইডি: 1712296)
ভিজিটরের কাউন্টার : 113