তথ্যওসম্প্রচারমন্ত্রক
বুকমাইশো অ্যাপের মাধ্যমে ভারতীয় সিনেমার জাতীয় সংগ্রহালয়ের টিকিট পাওয়া যাবে
প্রকাশিত:
05 DEC 2019 4:12PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৪ ডিসেম্বর, ২০১৯
ভারতীয় চলচ্চিত্রের জাতীয় সংগ্রহালয়ের (এনএমআইসি) অনলাইন টিকিট ব্যবস্থার জন্য একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হল ফিল্মস ডিভিশন এবং বুকমাইশো (বিএমএস)-এর মধ্যে। স্বাক্ষর করলেন ফিল্মস ডিভিশনের মহানির্দেশক শ্রীমতী স্মিতা ভাট্স শর্মা এবং বুকমাইশো-এর লাইভ এন্টারটেইনমেন্টের চিফ অপারেটিং অফিসার শ্রী অ্যালবার্ট আলমেডিয়া। নতুন দিল্লিতে আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অতিরিক্ত সচিব শ্রী অতুল কুমার তিওয়ারি। এর ফলে, এনএমআইসি দেখতে হলে টিকিট পাওয়া এখন একটি ক্লিকেই সম্ভব যাতে দেশ-বিদেশের চলচ্চিত্রপ্রেমীরা উপকৃত হবেন। সমঝোতাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে অতিরিক্ত সচিব বলেন, সংগ্রহালয়কে সকলের কাছে পৌঁছে দেওয়ার এই সমঝোতাপত্র একটি অন্যতম উদ্যোগ যাতে এনএমআইসি-তে আরও বেশি দর্শক সমাগম হয়।
এনএমআইসি ভারতের একমাত্র সংগ্রহালয় যা সিনেমার জন্য উৎসর্গীকৃত। এটি দেশের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। মুম্বাইয়ের ফিল্মস ডিভিশন কমপ্লেক্সে এ বছর জানুয়ারি মাসে উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
এই সংগ্রহালয়টি তৈরি করা হয়েছে ভারতের চলচ্চিত্রের মূল্যবান ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরতে, যে চলচ্চিত্রের মাধ্যমে উঠে এসেছে ভারতের সামাজিক-সাংস্কৃতিক ইতিহাস এবং বিবর্তন। এই সংগ্রহালয়টিতে আছে দুটি ভবন। একটি নতুন সংগ্রহালয় ভবন এবং অন্যটি ঊনবিংশ শতকের একটি ঐতিহ্যশালী বাড়ি যার নাম গুলশন মহল। দুটিই ফিল্মস ডিভিশন কমপ্লেক্সের মধ্যে অবস্থিত। এতে আছে দুর্লভ নানা শিল্পকর্ম, পোশাক-পরিচ্ছদ, সিনেমায় ব্যবহার্য নানা জিনিস, ডিজিটাল কিয়স্ক, ডিজিটাল পর্দা ইত্যাদি।
এই সমঝোতাপত্র অনুযায়ী, এনএমআইসি-র টিকিট অনলাইন এবং অফলাইন বিক্রির জন্য প্রযুক্তিগত সহায়তা দেবে বুকমাইশো। যাঁরা প্রথম আসবেন তাঁদের জন্য বিশেষ কিছু সুবিধাও দেবে তারা। যাঁরা গ্রাহক তাঁদের নিয়মিত ই-মেল এবং জ্ঞাতব্য তথ্য জানাবে বিএমএস। এর পাশাপাশি, ফেসবুক ও ইন্সটাগ্রামে প্রচার চালানো হবে বিনামূল্যে। দর্শক সংখ্যা বাড়াতে এনএমআইসি-র ওয়েবসাইটেও বিষয়টি দেওয়া হবে।
CG/AP/DM
(রিলিজ আইডি: 1595084)
ভিজিটরের কাউন্টার : 119