প্রতিরক্ষামন্ত্রক

প্রথম প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ‘এলসিএ তেজস’-এ সওয়ার হলেন শ্রী রাজনাথ সিং

प्रविष्टि तिथि: 19 SEP 2019 5:49PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর, ২০১৯

 

 

 

লাইট কমব্যাট এয়ারক্র্যাফ্‌ট (এলসিএ) ‘তেজস’-এ প্রথম প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে সওয়ার হয়ে ইতিহাস রচনা করলেন শ্রী রাজনাথ সিং। আজ সকালে বেঙ্গালুরুতে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড (হ্যাল)-এ এয়ার ভাইস মার্শাল নর্মদেশ্বর তিওয়ারির সঙ্গে দেশজ প্রযুক্তিতে তৈরি বহু কর্মসক্ষম যুদ্ধবিমানে ৩০ মিনিটের উড়ানে অংশ নেন শ্রী রাজনাথ সিং।

 

প্রতিরক্ষা মন্ত্রী চতুর্থ প্রজন্মের এই বিমানে চড়ার অভিজ্ঞতাকে বিশেষ এবং রোমহর্ষক বলে বর্ণনা করেন। বহু কর্মসক্ষম এই যুদ্ধবিমান তৈরির জন্য হ্যাল, ডিআরডিও এবং এরোনটিক্যাল ডেভেলপেমেন্ট এজেন্সিকে ধন্যবাদ জানিয়ে শ্রী রাজনাথ সিং বলেন, বিভিন্ন দেশ থেকে ‘তেজস’ চেয়ে পাঠানো হয়েছে। তিনি বলেন, এটা গর্বের বিষয় যে ভারত এখন সেই স্তরে পৌঁছে গেছে যেখানে যুদ্ধবিমান এবং অস্ত্রশস্ত্র রপ্তানি করতে সক্ষম।

 

প্রতিরক্ষা মন্ত্রী ভারতীয় বিমানবাহিনীর পাশাপাশি, সেনাবাহিনী এবং নৌ-বাহিনীকেও তাদের পেশাদারিত্ব, সাহস এবং শৌর্যের জন্য প্রশংসা করেন। তিনি বলেন, “আমি আমাদের সশস্ত্র বাহিনীর জওয়ানদের জন্য গর্বিত।”

 

এয়ার ভাইস মার্শাল নর্মদেশ্বর তিওয়ারি বলেন, প্রতিরক্ষা এমনকি কিছুক্ষণের জন্য আকাশে ‘তেজস’-এর নিয়ন্ত্রণ হাতে নিয়েছিলেন এবং তাঁকে বিমানের আধুনিক যান্ত্রিক কলাকৌশলও দেখানো হয়। তিনি বলেন, “শ্রী রাজনাথ সিং বিমানের গুণমান এবং তার স্বচ্ছন্দ্য গতির জন্য সন্তোষ প্রকাশ করেছেন।”

 

এর আগে শ্রী সিং-কে বিমানবাহিনীর বরিষ্ঠ আধিকারিকরা ‘তেজস’-এর কার্যকারিতা সম্পর্কে অবহিত করেন।

 

প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন দপ্তরের সচিব এবং ডিআরডিও-র চেয়ারম্যান ডঃ জি সতীশ রেড্ডি, হ্যাল-এর চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর শ্রী আর মাধবন ও ডিআরডিও এবং হ্যাল-এর বরিষ্ঠ আধিকারিকরা এদিন উপস্থিত ছিলেন।

 

‘তেজস’ বহু কর্মসক্ষম যুদ্ধবিমান যার বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষমতা আছে। এটি ভারতের আকাশপথে প্রতিরক্ষায় শক্তি বাড়াবে বলে মনে করা হচ্ছে।

 

 

SSS/AP/DM


(रिलीज़ आईडी: 1585582) आगंतुक पटल : 108
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English