নির্বাচনকমিশন

বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচন কর্তৃপক্ষগুলিকে নিয়ে গঠিত সংগঠনের কার্যনির্বাহী পর্ষদের বিশেষ সভায় ভারতের মুখ্য নির্বাচন কমিশনার শ্রী সুনীল অরোরা

প্রকাশিত: 03 SEP 2019 4:21PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর, ২০১৯

 

 

 

বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচন কর্তৃপক্ষগুলিকে নিয়ে গঠিত সংগঠনের কার্যনির্বাহী পর্ষদের বিশেষ সভায় ভারতের মুখ্য নির্বাচন কমিশনার শ্রী সুনীল অরোরা ভাষণ দিয়েছেন। বেঙ্গালুরুতে ২-৪ সেপ্টেম্বর পর্যন্ত এই সংগঠনের সম্মেলন আয়োজন করা হয়েছে। ২০১১-১২-তে যখন এই সংগঠন গঠিত হয়েছিল তখন থেকেই ভারত এর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত রয়েছে। ২০১৩-র অক্টোবরে ভারত এই সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য পদ পায়। সে বছরই সংগঠনের কার্যনির্বাহী পর্ষদেরও সদস্য দেশ নির্বাচিত হয় ভারত। ভারত এই সংগঠনের উপ-সভাপতির দায়িত্ব পালন করে আসছে ২০১৭ সাল থেকে। বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচন পরিচালনা কর্তৃপক্ষগুলির মধ্যে অংশীদারিত্ব ও সহযোগিতার প্রসারে সংগঠনের উদ্দেশ্যগুলিকে এগিয়ে নিয়ে যেতে ভারত আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবে।

 

এই উপলক্ষে শ্রী অরোরা বলেন, সদস্য দেশগুলি নির্বাচনী পরিচালনা কর্তৃপক্ষগুলির সংগঠনের উদ্দেশ্যকে এগিয়ে নিয়ে যেতে একযোগে কাজ করবে এবং একে অপরের অভিজ্ঞতা ও কর্মসম্পাদনের সেরা পদ্ধতিগুলি বিনিময় করবে। ১০৯টি দেশের ১১৫টি নির্বাচনী পরিচালনা কর্তৃপক্ষ এবং ২০টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান অ্যাসোসিয়েট মেম্বারকে নিয়ে গঠিত এই সংগঠন নির্বাচনী পরিচালনা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করে তোলার ক্ষেত্রে প্রকৃতপক্ষে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান হয়ে উঠেছে। নির্বাচন পরিচালনা সম্পর্কে শ্রী অরোরা বলেন, এক্ষেত্রে কোন ভুল-ভ্রান্তি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি সম্পর্কে জনমানসে অনাস্থা ও সন্দেহের অবকাশ তৈরি করে। এ ধরনের অনাস্থা ও সন্দেহের ইতি ঘটাতে বিভিন্ন দেশের নির্বাচন কর্তৃপক্ষগুলিকে নিয়ে গঠিত সংগঠনের মতো বহুপাক্ষিক প্রতিষ্ঠানের গুরুত্ব রয়েছে।

 

শ্রী অরোরা আরও জানান, ভারতের নির্বাচন কমিশন এখনও পর্যন্ত ১৭টি জাতীয় নির্বাচন ও ৩৩৮টি রাজ্য নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করেছে। এভাবেই নির্বাচনী গণতন্ত্রের প্রতি জনমানসে আস্থা দৃঢ় হয়েছে। ভারতের নির্বাচন কমিশন মর্যাদাপূর্ণ এক প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক সহযোগিতা কর্মসূচির মাধ্যমে ঐ সংগঠনের অন্যান্য দেশগুলির সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করে চলেছে। সংগঠনের ২৬টি নির্বাচনী পরিচালনা কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে নির্বাচন ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে সমঝোতাপত্র স্বাক্ষর করেছে।

 

সংগঠনের এই বৈঠকে ৫০টি দেশের ১২০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন। ভারতে অন্যান্য দেশের নির্বাচনী পরিচালনা কর্তৃপক্ষগুলির প্রতিনিধিদের নিয়ে এখনও পর্যন্ত এটিই সবথেকে বড় সম্মেলন।

 

 

 

CG/BD/DM


(রিলিজ আইডি: 1583968) ভিজিটরের কাউন্টার : 63
এই রিলিজটি পড়তে পারেন: English