যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
প্রধানমন্ত্রী দেশ জুড়ে ‘ফিট ইন্ডিয়া অভিযান’-এর সূচনা করলেন
এক শক্তিশালী ও প্রগতিশীল ভারতের জন্য ‘ফিট ইন্ডিয়া’র প্রয়োজন – জানালেন কিরেন রিজিজু
প্রকাশিত:
29 AUG 2019 10:12PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৯ অগাস্ট, ২০১৯
জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে ‘ফিট ইন্ডিয়া অভিযান’-এর সূচনা করেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন, ‘ফিট ইন্ডিয়া অভিযান’ জাতীয় লক্ষ্য হয়ে উঠবে। জাতিকে অনুপ্রাণিত করতে প্রধানমন্ত্রী বলেন, ‘ফিট ইন্ডিয়া অভিযান’ সরকার শুরু করলেও এই অভিযানকে সর্বতোভাবে সফল করে তোলার দায়িত্ব সাধারণ মানুষের।
অনুষ্ঠানে কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী শ্রী কিরেন রিজিজু প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বলেন, শ্রী মোদী এই অভিযানের মূল অনুপ্রেরণা হয়ে উঠেছেন। প্রধানমন্ত্রী গত ২৫ তারিখ তাঁর ‘মন কি বাত’ অনুষ্ঠানেও ‘ফিট ইন্ডিয়া অভিযান’-এর কথা উল্লেখ করেছিলেন। শ্রী রিজিজু বলেন, এক শক্তিশালী ও প্রগতিশীল ভারতের জন্য ‘ফিট ইন্ডিয়া’ অত্যন্ত জরুরি। তিনি বলেন, প্রত্যেক ব্যক্তির শারীরিক ও মানসিক দিক থেকে ফিট থাকা প্রয়োজন। এই অভিযানের উদ্দেশ্য হল প্রত্যেক ভারতীয়কে সরল, সহজ জীবনযাপনে অভ্যস্ত করা এবং ফিট থাকা। অনুষ্ঠানে, শতবর্ষ পেরোনো ক্রীড়াবিদ মন কউর, ৮১ বছর বয়সী ঊষা সোমন প্রমুখ ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। এ বছরের ক্রীড়া পুরস্কার জয়ীরাও অনুষ্ঠানে যোগ দেন।
SSS/BD/DM
(রিলিজ আইডি: 1583569)
ভিজিটরের কাউন্টার : 116