মানবসম্পদবিকাশমন্ত্রক
মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের উদ্যোগে আইআইটি খড়গপুরে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ২০১৯-এর হার্ডওয়্যার সংস্করণ শুরু
প্রকাশিত:
08 JUL 2019 10:29PM by PIB Kolkata
কলকাতা, ০৮ জুলাই, ২০১৯
কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের উদ্যোগে আইআইটি খড়গপুরে আজ থেকে সপ্তাহব্যাপি স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ২০১৯-এর হার্ডওয়্যার সংস্করণ শুরু হয়েছে। আসাম, দিল্লী, হরিয়ানা, মহারাষ্ট্র, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং পশ্চিমবঙ্গে ১৪টি দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী ডঃ রমেশ পোখরিয়াল ‘নিশাঙ্ক’ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করে বলেন, ভারতের অর্থনীতি দ্রুত বিকাশশীল। আমাদের সমাজে বর্তমানে যেসব সমস্যা রয়েছে, সেগুলির সমাধান করতে হবে। সেই লক্ষ্যে এই উদ্ভাবন সংক্রান্ত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এখানে ছাত্রছাত্রীরা স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনের নানা ধারনা নিয়ে এসেছেন। বিশ্বের বৃহত্তম এই উদ্ভাবনী প্রতিযোগিতার এটি তৃতীয় বর্ষ। ছাত্রছাত্রীরা শ্রেণীকক্ষে তাদের কর্মসূচি সীমাবদ্ধ রাখতে চাননা। আমি নিশ্চিত, বিজয়ী ছাত্রছাত্রীদের কাছ থেকে কৃষি সমস্যা, জল সংকটের মতো নানা সমাধানের সূত্র পাওয়া যাবে।
হ্যাকাথনের সম্পর্কে আইআইটি খড়গপুরের অধ্যাপক পি পি চক্রবর্তী বলেন, এটি শিক্ষা ব্যবস্হার নতুন এক ধারা। ইঞ্জিনিয়ারিং শিক্ষায় পাঠ্যসূচিতে নতুন নতুন যে বিষয় অন্তর্ভুক্ত হয়েছে, হ্যাকাথনের মাধ্যমে তার প্রতিফলন ঘটছে। অর্থনীতি, কলা বিভাগের বিভিন্ন বিষয় এবং সমাজ বিজ্ঞান এই কারিগরি চিন্তাভাবনার সাথে যুক্ত হয়ে বর্তমান প্রজন্মকে নানা সৃজনশীল চিন্তাভাবনা করতে সাহায্য করছে।
আইআইটি খড়গপুরের ৯৩ জন ছাত্রছাত্রী স্মার্ট ভেহিকল, স্মার্ট কমিউনিকেশন, নিরাপত্তা এবং নজরদারি সহ বিভিন্ন বিষয়ে কাজ করছেন। তাদের এই কর্মসূচির মাধ্যমে বিভিন্ন বাণিজ্যিক উৎপাদন ভবিষ্যতে সম্ভব হবে।
আইআইটি খড়গপুরের ডিরেক্টর অধ্যাপক এস কে ভট্টাচার্য্য বলেন, দেশের বহু সমস্যার সমাধানের জন্য প্রচুর মেধাবী ছাত্রছাত্রী এগিয়ে আসছেন। তারা বিভিন্ন সমস্যার কিভাবে সমাধান করেন সেটা দেখা খুব জরুরি।
এই হ্যাকাথনে মহিলা ছাত্রছাত্রীদের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। দেশের ২ হাজার ২৩৫টি কলেজের ১ লক্ষ ২০ হাজার ছাত্রছাত্রী ১৮৯টি সমস্যার সমাধানের জন্য প্রস্তাব জমা দিয়েছে, যা বিভিন্ন সরকারি দপ্তরের ৯টি মন্ত্রকের অধিনস্ত ৪০টি শিল্পের থেকে বেশি। চূড়ান্ত পর্বে ১৭৮টি কলেজের ২ হাজার জন ছাত্রছাত্রী ২৫০টি দলে ভাগ হয়ে ১২৪টি সমস্যার উদ্ভাবনী সমাধান করছে।
CG/CB/NS
(রিলিজ আইডি: 1577872)
ভিজিটরের কাউন্টার : 163