স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
ডাঃ হর্ষবর্ধন কেন্দ্রীয় স্বাস্হ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের কার্যভার নিয়েছেন
প্রকাশিত:
03 JUN 2019 5:36PM by PIB Kolkata
ডাঃ হর্ষবর্ধন আজ কেন্দ্রীয় স্বাস্হ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের কার্যভার গ্রহণ করেছেন। তিনি দায়িত্ব গ্রহণের জন্য সাইকেল চালিয়ে নির্মাণ ভবনে যান এবং একে তাঁর পরিবেশ বান্ধব এক কাজ হিসেবে বর্ণনা করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ দিয়ে ডাঃ হর্ষবর্ধন বলেন, দেশের মানুষের স্বাস্হ্য সুরক্ষা মোদী সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। মানুষ যাতে সদর্থক এবং স্বাস্হ্যকর জীবনযাত্রার মধ্য দিয়ে এগিয়ে চলেন, সরকার সেই লক্ষে ব্যবস্হাকে আরও জোরদার করবে। আয়ুষ্মান ভারত প্রসঙ্গে ডাঃ হর্ষবর্ধন বলেন, যেসব মানুষ পিএমজেএওয়াই প্রকল্প থেকে বাদ পড়েছেন সেইসব দরিদ্র এবং দুর্বলতর শ্রেণীর মানুষকে যাতে এই প্রকল্পে অর্ন্তভুক্ত করা যায় সেইজন্য যোগ্যতামানকে প্রসারিত করা হবে। আরও বেশি বেসরকারি হাসপাতালকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করার জন্য উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান। মন্ত্রী বলেন, সরকার আয়ুষ্মান ভারত, পিএমজেএওয়াই এবং হেল্থ অ্যান্ড ওয়েলনেস সেন্টারগুলিকে একযোগে জন আন্দোলনে পরিণত করার উদ্যোগ নেবে। ইতিমধ্যেই সারা দেশে ১৮ হাজারেরও বেশি হেল্থ অ্যান্ড ওয়েলনেস সেন্টার কাজ করতে শুরু করেছে। সরকার জনসাধারণের অংশগ্রহণের মধ্য দিয়ে স্বাস্হ্যকে জন-আন্দোলনে পরিণত করবে বলে ডাঃ হর্ষবর্ধন জানান। তিনি বলেন, ‘সবার জন্য স্বাস্হ্য’ কর্মসূচিকে রূপায়ণ করার সম্ভাবনা এবং দক্ষতা ভারতের রয়েছে। ২০২৫ সালের মধ্যে দেশ থেকে যক্ষ্মা নির্মূল করা এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে কুষ্ঠ ও কালাজ্বরকে সম্পূর্ণভাবে নির্মূল করার ওপর তিনি জোর দেন। এছাড়া, দেশের চিকিৎসা শিক্ষা ব্যবস্হার সংস্কার, ভারতের মেডিকেল কাউন্সিলের পুনর্গঠনের ওপর সরকার বিশেষ গুরুত্ব দেবে বলে তিনি জানান।
ডাঃ হর্ষবর্ধনকে স্বাস্হ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী অশ্বিনী কুমার চৌবের উপস্হিতিতে মন্ত্রকের প্রবীণ ও বরিষ্ঠ আধিকারিকরা স্বাগত জানান।
(রিলিজ আইডি: 1573409)
ভিজিটরের কাউন্টার : 59