কর্পোরেটবিষয়সংক্রান্তমন্ত্রক

দায়িত্বপূর্ণ ভাবে ব্যবসা চালানোর জন্য কর্পোরেট বিষয়ক মন্ত্রকের জাতীয় নির্দেশিকা প্রকাশ

প্রকাশিত: 14 MAR 2019 1:28PM by PIB Kolkata

নয়াদিল্লি , ১৩ই মার্চ, ২০১৯

 

ব্যবসা বাণিজ্যে সামাজিক, পরিবেশগত এবং অর্থনৈতিক দায়বদ্ধতার জন্য ২০১১ সালের জাতীয় স্বতঃপ্রবৃত্ত নির্দেশিকা এন ভি জিএস,  কর্পোরেট বিষয়ক মন্ত্রক সংশোধন করেছে। মন্ত্রক দায়িত্বপূর্ণ ভাবে ব্যবসা চালানোর জন্য জাতীয় নির্দেশিকা বা এন জি আর বি সি প্রণয়ন করেছে। এই নির্দেশিকায় ব্যবসার সময় নীতিগুলি যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

 

নীতিগুলি হলঃ-

১। ব্যবসা পরিচালনার সময় নৈতিকতা, স্বচ্ছতা এবং দায়বদ্ধতা মেনে চলা উচিৎ।

২। ব্যবসা করার সময় খেয়াল রাখতে হবে টেঁকসই এবং নিরাপদভাবে যেন পণ্য ও পরিষেবা দেওয়া হয়।

৩। ব্যবসা করার সময় প্রতিষ্ঠানের কর্মীদের এবং সংশ্লিষ্ট সকলকে গুরুত্ব দিতে হবে এবং তাঁদের যেন ভালো হয় সেদিকে নজর রাখতে হবে।

৪। ব্যবসায় সব অংশীদারদের স্বার্থ যেন সুরক্ষিত থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।

৫। ব্যবসা করার সময় মানবাধিকারের  সুরক্ষা  এবং প্রসারের দিকটি নিশ্চিত করতে হবে।

৬। পরিবেশ রক্ষা এবং পুনরুদ্ধারের বিষয়টি ব্যবসা করার সময় বিবেচনায় রাখতে হবে।

৭। জনসাধারণ এবং নিয়ন্ত্রক নীতি, যেসব ব্যবসার ক্ষেত্রে প্রভাবিত হবে, তা যেন দায়িত্বশীল এবং স্বচ্ছ ভাবে করা হয়।  

৮। সামুদয়িক বৃদ্ধি এবং ন্যায়সংগত উন্নয়নের প্রসার, ব্যবসার মাধ্যমে ঘটাতে হবে।

৯। উপভোক্তাদের প্রতি দায়বদ্ধভাবে ব্যবসা করা উচিৎ

 

কোম্পানিগুলি যেন দায়িত্বশীল হয়ে ব্যবসা করে, তা নিশ্চিত করতে কর্পোরেট বিষয়ক মন্ত্রক নানা উদ্যোগ নিয়েছে। ব্যবসা বাণিজ্যের দায়বদ্ধতার ধারণা থেকে ২০০৯ সালে কর্পোরেট সংস্থাগুলির সামাজিক দায়বদ্ধতার জন্য স্বতঃপ্রবৃত্ত নির্দেশিকা প্রণয়ণ করা হয়। পরবর্তীতে ব্যবসায়ী, শিক্ষাবিদ-সহ সমাজের নানা স্তরের মানুষের সঙ্গে বিশদে আলোচনা করে নির্দেশিকাটির পরিমার্জনা করা হয়। ব্যবসা বাণিজ্যে সামাজিক, পরিবেশগত এবং আর্থিক দায়বদ্ধতার জন্য ২০১১ সালের জাতীয় স্বতঃপ্রবৃত্ত নির্দেশিকা বা এন ভি জি এস চালু হয়। এই এন জি ভি এস আন্তর্জাতিক ক্ষেত্রে সবথেকে ভালো প্রয়োগগুলি বিবেচনা করে ভারতের আর্থ সামাজিক দিকের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল।

 

         বিগত এক দশকে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে নানা পরিবর্তন ঘটেছে। এর উপর ভিত্তি করে ব্যবসা বাণিজ্য  এবং মানবাধিকারের নীতির ক্ষেত্রে রাষ্ট্রসংঘের  নীতি নির্দেশিকা ౼ ইউ এন জি পি তে ব্যবসা বাণিজ্যের সময় স্থিতিশীলতা এবং আরো দায়বদ্ধতার ওপর জোর দেওয়া হয়েছে। বর্তমান পরিবর্তনের ক্ষেত্রে এগুলি ছাড়াও ব্যবসার অংশীদারদের উপর গুরুত্ব আরোপ করে তৈরি হওয়া ২০১৩ সালের কোম্পানিস অ্যাক্টটিও বিবেচিত হয়েছে। এই ধারা অনুযায়ী, কোম্পানিগুলির অধিকর্তাদের দায়িত্ব থাকবে, তাঁরা যেন প্রতিষ্ঠানের লক্ষ্যপূরণের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট সকল স্বার্থ সুরক্ষিত থাকে সে দিকে নজর রাখেন। এর মধ্যে রয়েছে কর্মীরা, অংশীদাররা,সম্প্রদায় এমনকি পরিবেশও। জাতিসংঘের মানবাধিকার পরিষদ  বা  ইউ এন এইচ সি আর এর নীতি অনুযায়ী ‘সুরক্ষা, সম্মান , প্রতিকার’ কাঠামোয় তৈরি ইউ এন জি পির বাস্তবায়ন ভারত যে করছে, সেটি আরো ভাল করে বোঝাতে হবে। যার মাধ্যমে বোঝানো যাবে স্থিতিশীল উন্নয়নের লক্ষে ভারতের দায়বদ্ধতার দিকটিও।  

 

     দ্য সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি)র ২০১২ সালের তালিকা নিয়ন্ত্রণ পদ্ধতি অনুযায়ী মূলধনের বিচারে বাজারে প্রথম সারির ১০০টি তালিকাভুক্ত সংস্থার বিজনেস রেসপন্সিবিলিটি রিপোর্ট বা বি. আর. আর. জমা দিতে হয়। এই বি. আর. আর. তৈরি করা হয়  পরিবেশগত, সামাজিক ও প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে।  যার ফলে অংশীদারদের থেকে নির্ধারিত আর্থিক সম্মতি ছাড়াও  ব্যবসা করার সময় এন ভি জির নীতিগুলি গ্রহণের বিষয়টিও নিশ্চিত হয়ে থাকে। ২০১৫-১৬ অর্থ বর্ষে এধরণের সংস্থার সংখ্যা বাড়িয়ে ৫০০ করা হয়। ভারতে কোম্পানিগুলির জন্য এই প্রথম বার  স্বতঃপ্রবৃত্ত হয়ে স্থিতিশীলতার প্রতিবেদন তৈরি করতে হবে। যদিও এটি  এখন অঙ্কুরিত অবস্থায় আছে।  

 

    এন ভি জিকে আরো যুগোপযোগী এবং এন জি আর বি সি গঠনের জন্য কর্পোরেট বিষয়ক মন্ত্রক তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন কোম্পানিগুলির বি আর আর তৈরির জন্য একটি কমিটি গঠন করেছে। বিনিয়োগকারীদের ব্যবসা করায় আস্থা এবং গ্রহণযোগ্যতা বাড়ানো্র জন্য আর্থিক বিষয়গুলি ছাড়া অন্য বিষয়গুলির রিপোর্টও গুরুত্ব পাচ্ছে। কমিটি এই সব  রিপোর্ট তৈরিতে জটিলতা যেন না তৈরি হয় সেজন্য সহজ এবং সমন্বিত একটি খসড়া তৈরি করছে।

 

    কর্পোরেট বিষয়ক মন্ত্রক ২০২০ সালের মধ্যে ভারতের বানিজ্য এবং মানবাধিকারের জন্য জাতীয় নীতি, এন এ পি ౼ তৈরির উদ্দেশ্যে বিভিন্ন মন্ত্রক ও রাজ্য সরকারগুলির সঙ্গে আলাপ আলোচনা চালাচ্ছে। ইউ এন জি পির তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে ভারতের এই জাতীয় নীতির একটি প্রাথমিক খসড়া তৈরি হয়েছে। ইতিমধ্যেই এটি মন্ত্রকের ওয়েবসাইটে আপলোড করা আছে।

 

 

CG/CB


(রিলিজ আইডি: 1568805) ভিজিটরের কাউন্টার : 516
এই রিলিজটি পড়তে পারেন: English