রাষ্ট্রপতিরসচিবালয়
সিয়াচেন সফরে রাষ্ট্রপতি; ১৪ বছর প্রথম রাষ্ট্রপতি শ্রী কোবিন্দ সেখানে গেলেন
প্রকাশিত:
11 MAY 2018 1:10PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১০ মে, ২০১৮
রাষ্ট্রপতি শ্রী রাম নাথ কোবিন্দ আজ (১০ই মে) বৃহস্পতিবার সেনাবাহিনীর সিয়াচেন বেস ক্যাম্প পরিদর্শন করেন। তিনি সেখানে সৈনিকদের উদ্দেশে ভাষণ দেন। শ্রী কোবিন্দ হলেন দ্বিতীয় রাষ্ট্রপতি যিনি সিয়াচেন বেস ক্যাম্প পরিদর্শন করলেন। এর আগে ২০০৪ সালের এপ্রিল মাসে তৎকালীন রাষ্ট্রপতি শ্রী এ পি জে আব্দুল কালাম প্রথম সিয়াচেন বেস ক্যাম্পে যান। দীর্ঘ ১৪ বছর পর রাষ্ট্রপতি কোবিন্দ এই সেনা ক্যাম্পে গেলেন।
সৈনিকদের উদ্দেশে ভাষণে রাষ্ট্রপতি বলেন, সেনাবাহিনীর সর্বাধিনায়ক ও ভারতের রাষ্ট্রপতি হিসাবে সমগ্র দেশবাসীর কৃতজ্ঞতা জানাতে তিনি আজ তাঁদের মধ্যে উপস্থিত হয়েছেন। রাষ্ট্রপতি আরও বলেন, সিয়াচেন বিশ্বের সর্বোচ্চ যুদ্ধ ক্ষেত্র। এখানকার চরম প্রতিকূল আবহাওয়ায় সাধারণ জীবনযাপন অত্যন্ত কঠিন। এ ধরণের পরিস্থিতিতে, সৈনিকদের সর্বদা প্রস্তুত থাকা এক কথায় অসাধারণ। এঁদের একাগ্রতা ও নিষ্ঠা প্রশংসার চেয়েও বেশি কিছুর দাবী রাখে। এমনকি, ভারতের নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে এঁদের আনুগত্য প্রত্যেক দেশবাসীর কাছে আদর্শস্বরূপ।
বিগত তিন দশকেরও বেশি সময় ধরে সিয়াচেনে মোতায়েন সৈনিকদের সাহসিকতা ও শৌর্য প্রতিটি ভারতবাসীর মনে এই বিশ্বাস তৈরি করেছে যে, তাঁদের দেশের সীমানা সুরক্ষিত ও নিরাপদ। রাষ্ট্রপতি আরও বলেন, সিয়াচেনে মোতায়েন সৈনিকদের কাছে তিনি একথাই জানতে এসেছেন যে, ভারতের প্রতিটি নাগরিক ও কেন্দ্রীয় সরকার সর্বাদাই তাঁদের পাশে রয়েছে এবং তাঁদের পরিবারগুলিকে সমর্থন ও সহায়তা যুগিয়ে চলেছে।
সিয়াচেন যুদ্ধ স্মারকে রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদন করেন। উল্লেখ করা যেতে পারে, ১৯৮৪-র ১৩ই এপ্রিল সিয়াচেন হিমবাহে মেঘদূত অপারেশন শুরু হওয়ার পর থেকে সেনাবাহিনীর ১১ হাজার সৈনিক ও আধিকারিক দেশের সেবায় শহীদ হয়েছেন। শহীদদের শ্রদ্ধা ও সম্মান জানাতেই এই যুদ্ধস্মারক তৈরি করা হয়।
CG/BD/SB……
(রিলিজ আইডি: 1531873)
ভিজিটরের কাউন্টার : 105