অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

ডিজিজিআই পাটনা জোনাল ইউনিট তামাক খাতে ৮৮ কোটি টাকারও বেশি জিএসটি রিফান্ড জালিয়াতির ঘটনা উদঘাটন করেছে; ১৫০ কোটি টাকারও বেশি মূল্যের সিগারেট বাজেয়াপ্ত করা হয়েছে

প্রকাশিত: 28 NOV 2026 3:36PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৮ নভেম্বর, ২০২৬

 

তামাক খাতে কর ফাঁকি রোধে ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে, ডিরেক্টরেট জেনারেল অফ জিএসটি ইন্টেলিজেন্স (ডিজিজিআই)-এর পাটনা জোনাল ইউনিট এমন একটি চক্রের সন্ধান পেয়েছে, যারা জালিয়াতির মাধ্যমে জিএসটি রিফান্ড গ্রহণ করছিল।

তদন্তে জানা গেছে, চক্রটি বেশ কিছু ভুয়া প্রতিষ্ঠানের একটি নেটওয়ার্কের মাধ্যমে কার্যক্রম চালাচ্ছিল। তারা নামী ব্র্যান্ডের সিগারেটের ডিলারদের কাছ থেকে পণ্য গ্রহণ না করেই কেবল ইনভয়েস বা চালান সংগ্রহ করত। এর মাধ্যমে তারা ‘সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স অ্যাক্ট, ২০১৭’-এর ১৬ নম্বর ধারা লঙ্ঘন করে বিপুল পরিমাণ ‘ইনপুট ট্যাক্স ক্রেডিট’ (আইটিসি) জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নিত। এছাড়া, চক্রটি অজানা উৎস থেকে নিম্নমানের সিগারেট সংগ্রহ করে ‘লেটার অফ আন্ডারটেকিং’ (এলইউটি)-এর আওতায় কলকাতার ফলতা স্পেশাল ইকোনমিক জোনে (এসইজেড) সরবরাহ করত।

পরবর্তীতে, এই তথাকথিত রপ্তানির বিপরীতে জমে থাকা ইনপুট ট্যাক্স ক্রেডিটের ওপর ভিত্তি করে তারা জালিয়াতির মাধ্যমে জিএসটি রিফান্ডের দাবি জানাত। তদন্তে বেরিয়ে এসেছে যে, গত দুই বছরে এই কৌশলে চক্রটি ৮৮ কোটি টাকারও বেশি অর্থ রিফান্ড হিসেবে হাতিয়ে নিয়েছে।

তদন্ত চলাকালীন, কলকাতার ফলতা এসইজেড-এ বিভিন্ন নামী ব্র্যান্ডের নাম সম্বলিত প্রায় ৮.৭৬ কোটি শলাকা (৮,৪১০ কার্টন) নকল ও নিম্নমানের সিগারেটের সন্ধান পাওয়া যায়, যার মোট এমআরপি মূল্য ১৫০ কোটি টাকারও বেশি। এই পণ্যগুলো বাজেয়াপ্ত বা নিষিদ্ধ করা হয়েছে।

এই চক্রের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে শনাক্ত করতে এবং কর ফাঁকি ও জালিয়াতির মাধ্যমে নেওয়া রিফান্ডের প্রকৃত পরিমাণ নির্ণয় করতে আরও তদন্ত চলছে।

ডিজিজিআই বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত চক্রগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে—অবৈধভাবে সিগারেট উৎপাদন, গোপনে পণ্য সরবরাহ, অযোগ্য ইনপুট ট্যাক্স ক্রেডিট হস্তান্তর, নগদ লেনদেনের মাধ্যমে নামী ব্র্যান্ডের সিগারেট অন্য পথে সরিয়ে ফেলা এবং নিম্নমানের সিগারেটকে নামী ব্র্যান্ডের সিগারেট হিসেবে ঘোষণা দিয়ে এসইজেড-এ রপ্তানি বা সরবরাহ করা। চলতি বছরের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে, দুটি অবৈধ সিগারেট উৎপাদন কেন্দ্র শনাক্ত করে ধ্বংস করা হয়েছে। এ সময় প্রায় ২৫ লাখ শলাকা সিগারেট এবং সিগারেট উৎপাদন ও প্যাকেজিংয়ের ৩টি মেশিন জব্দ করা হয়েছে। চলতি আর্থিক বছরে এখন পর্যন্ত, ডিজিজিআই সিগারেট উৎপাদন ও সরবরাহের সঙ্গে জড়িত ছয়টি (০৬) মামলা নথিভুক্ত করেছে এবং ১০.০৭ কোটি শলাকারও বেশি সিগারেট জব্দ করেছে, যার মূল্য ১৬০ কোটি টাকারও বেশি। এছাড়া বিভিন্ন যন্ত্রপাতি, প্যাকেজিং সামগ্রী ও কাঁচামালও জব্দ করা হয়েছে। পাশাপাশি, জালিয়াতির মাধ্যমে নেওয়া জিএসটি রিফান্ডের পরিমাণ এখন পর্যন্ত ১১০ কোটি টাকারও বেশি বলে শনাক্ত হয়েছে। 

 

 

SC/SB/AS


(রিলিজ আইডি: 2343349) ভিজিটরের কাউন্টার : 9
এই রিলিজটি পড়তে পারেন: English , Gujarati , Urdu , हिन्दी , Tamil