PIB Backgrounder
azadi ka amrit mahotsav

জাতীয় দুগ্ধ দিবস

প্রকাশিত: 25 NOV 2026 10:55AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ নভেম্বর, ২০২৬

 

“ভারতের দুগ্ধ উৎপাদন ও কৃষকদের সমৃদ্ধির উদযাপন”

ভারতের পুষ্টি ও গ্রামীণ অর্থনীতির কেন্দ্রে দুধ

ভারতের পুষ্টির চাহিদা পূরণে দুধের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দুধ সহজে শোষিত হয় এমন উচ্চমানের প্রাণীজ প্রোটিন ও ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম এবং পটাশিয়ামের মতো প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। প্রায় সম্পূর্ণ খাদ্য হিসেবে বিবেচিত দুধ সব বয়সের মানুষের বৃদ্ধি, হাড়ের স্বাস্থ্য ও প্রাণশক্তি বজায় রাখতে সহায়তা করে।

ভারত ধারাবাহিকভাবে বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদক দেশ হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। বিশ্বের মোট দুধ উৎপাদনের প্রায় এক-চতুর্থাংশ ভারতে উৎপাদিত হয়। ২০১৪-১৫ থেকে ২০২৪-২৫ সালের মধ্যে দুধ উৎপাদনের বার্ষিক যৌগিক বৃদ্ধির হার (সিএজিআর) ছিল ৫.৪১ শতাংশ। উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ২৪৭.৮৭ মিলিয়ন টন। এই অগ্রগতির সঙ্গে গ্রামীণ অর্থনীতিরও গভীর যোগ রয়েছে। দুগ্ধ উৎপাদন ৮.৫ কোটি গ্রামীণ পরিবারের জীবিকার সংস্থান করে। দুধ উৎপাদন ও সংগ্রহে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভারতের দুগ্ধ উৎপাদন কর্মীবাহিনীর প্রায় ৭০ শতাংশ মহিলা। এই পরিসংখ্যান দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে তাঁদের অবদান এবং অন্তর্ভুক্তিমূলক গ্রামীণ উন্নয়নে এই ক্ষেত্রের ভূমিকা তুলে ধরে।

প্রতি বছর ২৬ নভেম্বর পালিত হয় জাতীয় দুগ্ধ দিবস। ভারতের শ্বেত বিপ্লবের জনক ড. ভার্গিস কুরিয়েনের জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনটি পালিত হয়। ভারতের দুগ্ধ সমবায় আন্দোলনে তাঁর যুগান্তকারী অবদানকে স্মরণ করা হয়। দুধ উৎপাদনে দেশের নেতৃত্ব বজায় রাখতে লক্ষ লক্ষ দুগ্ধচাষির অবদানকেও সম্মান জানানো হয়।

ভারতের দুগ্ধ উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি

দুধ উৎপাদন ও উৎপাদনশীলতায় ধারাবাহিক বৃদ্ধির ফলে ভারত বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদক দেশ হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে।

দুধ উৎপাদন: ২০১৪-১৫ সালে ১৪৬.৩১ মিলিয়ন টন থেকে ২০২৪-২৫ সালে ২৪৭.৮৭ মিলিয়ন টনে পৌঁছেছে। বৃদ্ধি ৬৯.৪১ শতাংশ।

প্রধান দুধ উৎপাদক রাজ্য: উত্তরপ্রদেশ (১৫.৬৬ শতাংশ), রাজস্থান (১৪.৮২ শতাংশ), মধ্যপ্রদেশ (৯.১২ শতাংশ), গুজরাট (৭.৭৮ শতাংশ) এবং মহারাষ্ট্র (৬.৭১ শতাংশ)। দেশের মোট দুধ উৎপাদনের ৫৪.০৯ শতাংশ এই পাঁচটি রাজ্য থেকে আসে।

মাথাপিছু দুধের প্রাপ্যতা: ২০১৪-১৫ সালে প্রতিদিন মাথাপিছু ৩১৯ গ্রাম থেকে ২০২৪-২৫ সালে ৪৮৫ গ্রামে পৌঁছেছে। বৃদ্ধি ৫২.০৩ শতাংশ।

গবাদি পশুর গড় দুধ উৎপাদনশীলতা: ২০১৪-১৫ সালে প্রতি পশু বছরে ১,৬৪০ কিলোগ্রাম থেকে ২০২৪-২৫ সালে ২,৮০০ কিলোগ্রামে পৌঁছেছে। বৃদ্ধি ৬৯ শতাংশ।

ভারতের দুগ্ধ অর্থনীতির পিছনে সমবায় শক্তি

ভারতের দুগ্ধ সমবায় আন্দোলন দুধ উৎপাদকদের একটি সংগঠিত মঞ্চ প্রদান করে। এটি গ্রাম স্তরের সমিতিগুলির সঙ্গে জেলা দুগ্ধ ইউনিয়ন এবং রাজ্য ফেডারেশনগুলির সংযোগ স্থাপন করে। এই প্রতিষ্ঠানগুলি দুধ সংগ্রহ, প্রক্রিয়াকরণ, বিপণন এবং দুগ্ধ পরিষেবা পাওয়ার ক্ষেত্রে সহায়তা করে।

ভারতের দুগ্ধ উৎপাদনের ঐতিহাসিক অগ্রগতি জানতে: এখানে ক্লিক করুন

দেশের দুগ্ধ সমবায় নেটওয়ার্কের অন্তর্ভুক্ত:

মোট ২২টি দুধ উৎপাদক ফেডারেশন।

মোট ২৪১টি জেলা সমবায় দুগ্ধ ইউনিয়ন।

মোট ২৮টি বিপণন দুগ্ধ সংস্থা।

মোট ২৫টি দুধ উৎপাদক সংস্থা।

প্রায় ২.৪৫ লক্ষ গ্রাম এবং ১.৬৫ কোটি দুগ্ধচাষি সদস্যের আওতায় রয়েছে এই নেটওয়ার্ক।

এই নেটওয়ার্ক গ্রামীণ দুধ উৎপাদকদের সঙ্গে সংগঠিত দুগ্ধ বাজারের প্রাতিষ্ঠানিক সংযোগ গড়ে তোলে। এটি যৌথ বিপণন এবং আরও সংগঠিত দুধ সংগ্রহ ব্যবস্থার সুযোগও তৈরি করে।

এনডিডিবি ডেয়ারি সার্ভিসেস

জাতীয় দুগ্ধ উন্নয়ন পর্ষদ (এনডিডিবি) ভারতে কৃষক-মালিকানাধীন দুগ্ধ প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এর সম্পূর্ণ মালিকানাধীন অলাভজনক সহযোগী সংস্থা এনডিডিবি ডেয়ারি সার্ভিসেস (এনডিডিবি-ডিএস) দুধ উৎপাদক সংস্থাগুলির (এমপিও) প্রতিষ্ঠা ও কার্যক্রম পরিচালনায় সহায়তা করে।

এমপিওগুলি কৃষক-মালিকানাধীন উৎপাদক সংস্থা। এগুলি দুধ উৎপাদকদের পেশাদার পরিচালনাধীন প্রতিষ্ঠানের আওতায় সংগঠিত করে। এর মাধ্যমে যৌথভাবে দুধ সংগ্রহ, বাজারের সঙ্গে সংযোগ শক্তিশালী করা, স্বচ্ছ মূল্য নির্ধারণ এবং সরাসরি ব্যাঙ্কের মাধ্যমে অর্থপ্রাপ্তির সুযোগ তৈরি হয়।

৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত:

এনডিডিবি-ডিএস সফলভাবে ২৫টি এমপিও প্রতিষ্ঠা করেছে।

এই ২৫টির মধ্যে ১৮টি এমপিওতে সমস্ত সদস্য মহিলা। সংশ্লিষ্ট সংস্থাগুলির পরিচালন পর্ষদেও সমস্ত প্রযোজক পরিচালক মহিলা।

এই সংস্থাগুলি ১২টি রাজ্যের ১৭৫টি জেলায় ১৩ লক্ষেরও বেশি দুধ উৎপাদককে অন্তর্ভুক্ত করেছে।

এই সংস্থাগুলির উৎপাদকদের প্রায় ৭৮ শতাংশ মহিলা।

এমপিওগুলি প্রতিদিন প্রায় ৭০ লক্ষ লিটার দুধ সংগ্রহ করে।

দুগ্ধ সমবায়ের দুধ সংগ্রহ ও বিক্রয়

দুগ্ধ সমবায়গুলি কৃষকদের সংগঠিত বাজার প্রদান করে এবং নিয়মিত দুধ সংগ্রহ নিশ্চিত করতে সহায়তা করে। উৎপাদন খরচ ও বাজার পরিস্থিতির ভিত্তিতে সমবায় এবং অন্যান্য দুগ্ধ সংস্থাগুলি দুধ সংগ্রহের মূল্য নির্ধারণ করে। অনেক দুগ্ধ সমবায় স্বয়ংচালিত পদ্ধতিতে দুধ সংগ্রহ ও অর্থপ্রদান ব্যবস্থা ব্যবহার করে। কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অর্থ জমা হয়।

৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত দুগ্ধ সমবায়গুলির কর্মসম্পাদনভিত্তিক পরিসংখ্যান:

প্রতিদিন ৬৯০.৯০ লক্ষ কেজি দুধ সংগ্রহ।

প্রতিদিন ৪৬২.৯৫ লক্ষ লিটার তরল দুধ বিক্রি।

দুগ্ধ সমবায়ে নতুন গতি

শ্বেত বিপ্লব ২.০ একটি সমবায়-নেতৃত্বাধীন উদ্যোগ। ২০২৪ সালের ২৫ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এর সূচনা হয়। এর এসওপি ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছিল। এই উদ্যোগের লক্ষ্য, যেসব গ্রাম ও পঞ্চায়েতে দুগ্ধ সমবায় নেই সেখানে সমবায়ের আওতা বাড়ানো। আগামী পাঁচ বছরে দুগ্ধ সমবায়ের দুধ সংগ্রহ ৫০ শতাংশ বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে। সমবায় নেটওয়ার্ক শক্তিশালী করা, বাজারে প্রবেশের সুযোগ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি এবং মহিলাদের ক্ষমতায়নের উপর এই উদ্যোগ গুরুত্ব দেয়। শ্বেত বিপ্লব ২.০-এর অধীনে পরিকল্পিত কর্মসূচিগুলি জাতীয় দুগ্ধ উন্নয়ন কর্মসূচি (এনপিডিডি)-এর আওতায় অর্থায়ন করা হয়।

২০২৮-২৯ সালের মধ্যে এই উদ্যোগের লক্ষ্য, অনাবৃত গ্রাম ও পঞ্চায়েতে ৭৫,০০০টি নতুন দুগ্ধ সমবায় সমিতি প্রতিষ্ঠা করা এবং বর্তমান ৪৬,৪২২টি  দুগ্ধ সমবায় সমিতিকে শক্তিশালী করা।

এ বছর ৩১ অক্টোবর পর্যন্ত শ্বেত বিপ্লব ২.০-এর অগ্রগতি:

মোট ২৪,০৯৭টি নতুন দুগ্ধ সমবায় সমিতি গঠিত হয়েছে।

মোট ৩১,৩৯৪টি চলতি দুগ্ধ সমবায় সমিতি শক্তিশালী করা হয়েছে।

দুগ্ধ উৎপাদনে সুস্থায়ী উন্নয়ন ও সম্পদের পুনর্ব্যবহার

১. শ্বেত বিপ্লব ২.০ দুগ্ধ উৎপাদনের সম্পূর্ণ মূল্যশৃঙ্খলে সুস্থায়ী উন্নয়ন ও সম্পদের পুনর্ব্যবহারকে উৎসাহিত করে। এটি জলবায়ু-সহনশীল পদ্ধতি, সম্পদের দক্ষ ব্যবহার এবং পুনর্নবীকরণযোগ্য ও কম নির্গমনযুক্ত সমাধানের প্রসারে সহায়তা করে। এই উদ্যোগ ‘আবর্জনা থেকে সম্পদ’ ভাবনাকে এগিয়ে নিয়ে যায়। এর মাধ্যমে গোবর ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে বায়োগ্যাস, জৈব সার এবং মূল্য সংযোজিত জৈব সার উৎপাদনে উৎসাহ দেওয়া হয়। এই কাজে দুটি বহু-রাজ্য সমবায় সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

কোঅপারেটিভ ইনপুটস অ্যান্ড সার্ভিসেস ডেলিভারি মাল্টি-স্টেট লিমিটেড: পশুখাদ্য, রোগ নিয়ন্ত্রণ এবং কৃত্রিম প্রজননসহ গুণমানসম্পন্ন উপকরণ ও পরিষেবা প্রদানের লক্ষ্য রয়েছে এই সংস্থার।

গোময় সহকারি সমিতি মাল্টি-স্টেট লিমিটেড: গোবরের বৈজ্ঞানিক ব্যবস্থাপনা ও ব্যবহার নিয়ে কাজ করে এই সংস্থা।

২. গোবরধন, জাতীয় সার্কুলার বায়োএনার্জি প্রকল্প, এবছর ১ অক্টোবর চালু হয়েছে। ভারতের জৈব সম্পদকে পরিচ্ছন্ন শক্তি, গ্রামীণ সমৃদ্ধি ও অর্থনৈতিক বৃদ্ধিতে রূপান্তর করাই এই প্রকল্পের লক্ষ্য। প্রকল্পের বরাদ্দ ২৩,৭৩১ কোটি টাকা। ২০২৬-২৭ থেকে ২০৩৫-৩৬ অর্থবর্ষ পর্যন্ত এটি কার্যকর থাকবে।

এই প্রকল্পের লক্ষ্য, নিশ্চিত ক্রয়, স্থিতিশীল মূল্য, মূলধনী সহায়তা, পাইপলাইন সংযোগ এবং ঋণ সহায়তার মাধ্যমে দেশে কম্প্রেসড বায়োগ্যাস (সিবিজি) উৎপাদন প্রায় ১০ গুণ বৃদ্ধি করা। এর ফলে, শক্তি নিরাপত্তা বলিয়ান হবে, বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং সম্পদের পুনর্ব্যবহারভিত্তিক অর্থনীতি প্রসারিত হবে।

গ্যালভানাইজিং অর্গানিক বায়ো-অ্যাগ্রো রিসোর্সেস ধন (গোবরধন) উদ্যোগটি মূলত ২০১৮ সালে স্বচ্ছ ভারত মিশন (গ্রামীণ)-এর অধীনে চালু হয়েছিল। এই উদ্যোগে গোবর ও কৃষিজ অবশিষ্টাংশ-সহ জৈব বর্জ্য থেকে বায়োগ্যাস ও বায়ো-স্লারি উৎপাদনে উৎসাহ দেওয়া হয়। এর মাধ্যমে গ্রাম পরিচ্ছন্ন রাখা, বর্জ্য ব্যবস্থাপনা এবং গ্রামীণ জীবিকার উন্নয়নে সহায়তা করা হয়।

এই উদ্যোগগুলি সম্পদের পুনর্ব্যবহার শক্তিশালী করে এবং গ্রামীণ পরিবারগুলির জীবিকার নতুন সুযোগ তৈরি করে।

শক্তিশালী দুগ্ধ ব্যবস্থা গড়ে তোলা

ভারতের দুগ্ধ উৎপাদন নির্ভর করে শক্তিশালী পরিকাঠামো, বৈজ্ঞানিক প্রজনন ব্যবস্থা, গুণমানসম্পন্ন পশুখাদ্য এবং সহজলভ্য পশুচিকিৎসা পরিষেবার উপর। সরকারি উদ্যোগগুলি এই ব্যবস্থাগুলিকে শক্তিশালী করে। এগুলি পশুর উৎপাদনশীলতা বৃদ্ধি, পশুর স্বাস্থ্য সুরক্ষা এবং দুগ্ধচাষিদের আয় বাড়াতে সহায়তা করে।

এনপিডিডি-র মাধ্যমে দুগ্ধ পরিকাঠামো শক্তিশালী করা

জাতীয় দুগ্ধ উন্নয়ন কর্মসূচি (এনপিডিডি) দুধ উৎপাদন বৃদ্ধি এবং দেশের দুগ্ধ পরিকাঠামো শক্তিশালী করার লক্ষ্য নিয়ে কাজ করে। এই কর্মসূচিতে দুধ সংগ্রহ, প্রক্রিয়াকরণ, মূল্য সংযোজন, বিপণন এবং দুধের গুণমান সংক্রান্ত পরিকাঠামো উন্নয়নে সহায়তা করা হয়।

দুগ্ধ উৎপাদনের ভারসাম্যপূর্ণ উন্নয়নে এই কর্মসূচির দুটি উপাদান রয়েছে।

উপাদান এ: দুধ সংগ্রহ ও গুণমান সংক্রান্ত পরিকাঠামো শক্তিশালী করা

সংগঠিত দুধ সংগ্রহের নেটওয়ার্ক সম্প্রসারণ এবং উত্তর-পূর্বাঞ্চল, পার্বত্য অঞ্চল ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে দুধ প্রক্রিয়াকরণ ও মূল্য সংযোজনের পরিকাঠামো শক্তিশালী করার উপর গুরুত্ব দেওয়া হয়। গ্রাম স্তরের শীতলীকরণ ব্যবস্থা, দুধ পরীক্ষার সুবিধা এবং দুধের গুণমান ও পরিচ্ছন্ন দুধ উৎপাদন সংক্রান্ত প্রশিক্ষণেও সহায়তা করা হয়।

উপাদান বি: সমবায়ের মাধ্যমে দুগ্ধ উৎপাদন

কৃষকদের সংগঠিত বাজারে প্রবেশের সুযোগ বাড়িয়ে দুধ ও দুগ্ধজাত পণ্যের বিক্রয় বৃদ্ধি করাই এই উপাদানের লক্ষ্য। দুগ্ধ প্রক্রিয়াকরণ ও বিপণনের পরিকাঠামো উন্নয়ন এবং উৎপাদক-মালিকানাধীন প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করার মাধ্যমে কৃষকদের আয় বাড়াতে সহায়তা করা হয়।

উপাদান বি নয়টি রাজ্যে কার্যকর। রাজ্যগুলি হল অন্ধ্রপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, রাজস্থান, তেলঙ্গানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং পশ্চিমবঙ্গ।

২০২৬-এর ৩১ অক্টোবর পর্যন্ত এনপিডিডি-র বাস্তব অগ্রগতি

মোট ৪০,৮০০টি নতুন দুগ্ধ সমবায় সমিতি সংগঠিত বা পুনরুজ্জীবিত করা হয়েছে।

মোট ২৫.৮২ লক্ষ অতিরিক্ত কৃষক নথিভুক্ত হয়েছেন। অতিরিক্ত দুধ সংগ্রহের পরিমাণ ১৬১.১৭ লক্ষ।

প্রতিদিন ১৬৮ লক্ষ লিটার দুধ শীতলীকরণের ক্ষমতা তৈরি হয়েছে।

মোট ৯৪,০০০টি দুধের গুণমান পরীক্ষার যন্ত্র বিতরণ করা হয়েছে।

রাষ্ট্রীয় গোকুল মিশন

রাষ্ট্রীয় গোকুল মিশন (আরজিএম) ২০১৪ সালের ডিসেম্বর মাসে দেশীয় গবাদি পশুর জাতগুলির বৈজ্ঞানিক, সামগ্রিক উন্নয়ন ও সংরক্ষণের লক্ষ্যে প্রবর্তিত হয়। দুধের ক্রমবর্ধমান চাহিদা পূরণে এই প্রকল্প দুধ উৎপাদন ও গবাদি পশুর উৎপাদনশীলতা বৃদ্ধি করছে। এর ফলে, দেশের গ্রামীণ কৃষকদের কাছে দুগ্ধ উৎপাদন আরও লাভজনক হয়ে উঠছে।

২০২৫ সালের মার্চ মাসে সংশোধিত এই প্রকল্পে প্রজনন পরিকাঠামো শক্তিশালী করা এবং উন্নত প্রজনন প্রযুক্তির সুযোগ সম্প্রসারণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর আওতায় বীর্য উৎপাদন কেন্দ্র শক্তিশালী করা, কৃত্রিম প্রজনন পরিষেবা সম্প্রসারণ এবং লিঙ্গ নির্ধারিত বীর্য ও আইভিএফ প্রযুক্তির মতো উন্নত পদ্ধতির মাধ্যমে জাত উন্নয়নের গতি বাড়ানো হচ্ছে।

রাষ্ট্রীয় গোকুল মিশনের অগ্রগতি

গ্রামীণ ভারতে ৫০,০২৩ জন বহুমুখী কৃত্রিম প্রজনন প্রযুক্তিবিদ (মৈত্রী) প্রশিক্ষিত ও সরঞ্জামসহ প্রস্তুত হয়েছেন।

মোট ২৪টি ইন-ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) পরীক্ষাগার প্রতিষ্ঠা করা হয়েছে।

মোট ৪৮টি বীর্য উৎপাদন কেন্দ্র শক্তিশালী করা হচ্ছে।

মোট ৩২টি বকনা বাছুর প্রতিপালন কেন্দ্র অনুমোদিত হয়েছে।

দেশজুড়ে কৃত্রিম প্রজনন কর্মসূচি (এনএআইপি)

এই কর্মসূচির লক্ষ্য কৃত্রিম প্রজননের আওতা বৃদ্ধি করা এবং কৃষকদের বাড়ির কাছে উন্নত জিনগত বৈশিষ্ট্যসম্পন্ন ষাঁড়ের বীর্য ব্যবহার করে গুণমানসম্পন্ন কৃত্রিম প্রজনন পরিষেবা প্রদান করা। এর মধ্যে দেশীয় ষাঁড়ও অন্তর্ভুক্ত।

মোট ১৮.৭১ কোটিরও বেশি কৃত্রিম প্রজনন সম্পন্ন হয়েছে।

প্রায় ১১.১৭ কোটি পশুর আওতায় এসেছে এই কর্মসূচি।

পশুপালন পরিকাঠামো উন্নয়ন তহবিল (এএইচআইডিএফ)

পশুপালন পরিকাঠামো উন্নয়ন তহবিল (এএইচআইডিএফ) বেসরকারি ক্ষেত্র ও সমবায়গুলিতে আধুনিক দুগ্ধ প্রক্রিয়াকরণ, মূল্য সংযোজন এবং শীতলীকরণ ব্যবস্থার পরিকাঠামো উন্নয়নে সহায়তা করে।

যোগ্য সুবিধাভোগীদের ৮ বছরের জন্য ৩ শতাংশ সুদে ভর্তুকি প্রদান করা হয়।

২০২০-২১ সাল থেকে এএইচআইডিএফ-এর মাধ্যমে বেসরকারি ক্ষেত্র ও সমবায়গুলির ২৫৮টি দুগ্ধ প্রক্রিয়াকরণ কেন্দ্রকে ৩ শতাংশ সুদে ভর্তুকি দেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রায় ২১,৭৯৭ কোটি টাকা বিনিয়োগ হয়েছে।

অনুমোদিত প্রকল্পগুলির দুধ প্রক্রিয়াকরণ ক্ষমতা প্রতিদিন ৫০০.৫৮ লক্ষ লিটার। মূল্য সংযোজনের ক্ষমতাও তৈরি হয়েছে।

পশুর স্বাস্থ্য ও রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি

পশুর স্বাস্থ্য ও রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি (এলএইচডিসিপি) অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ পশুর রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সহায়তা করে। এটি পশুচিকিৎসা পরিকাঠামো শক্তিশালী করে এবং ভ্রাম্যমাণ পশুচিকিৎসা ইউনিটের (এমভিইউ) মাধ্যমে পশুর বাড়িতে চিকিৎসা পরিষেবা প্রদান করে।

৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত

মোট ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৪,০১৯টি এমভিইউ কার্যকর ছিল।

এই ইউনিটগুলি প্রায় ১.৫ কোটি কৃষকের বাড়িতে পরিষেবা পৌঁছে দিয়েছে এবং প্রায় ৩.৩ কোটি পশুর চিকিৎসা করেছে।

জাতীয় পশুরোগ নিয়ন্ত্রণ কর্মসূচি

জাতীয় পশুরোগ নিয়ন্ত্রণ কর্মসূচি (এনএডিসিপি) এলএইচডিসিপি-র একটি উপাদান। এই কর্মসূচিতে টিকাকরণ ও নজরদারির মাধ্যমে ক্ষুর ও মুখের রোগ (এফএমডি) নিয়ন্ত্রণ এবং শেষ পর্যন্ত নির্মূল করার পাশাপাশি, ব্রুসেলোসিস নিয়ন্ত্রণে সহায়তা করা হয়।

৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত:

এফএমডি-র মোট টিকাকরণ ১৫২ কোটি ডোজেরও বেশি। এর ফলে, প্রায় ৮ কোটি কৃষক উপকৃত হয়েছেন।

এফএমডি-র প্রকোপ ২০১৯ সালে ১৩২ থেকে ২০২৫ সালে ৪০-এ নেমেছে।

ব্রুসেলোসিসের প্রকোপ ২০১৯ সালে ২২ থেকে ২০২৫ সালে ১৫-তে নেমেছে।

ভারত পশুধন-এর মাধ্যমে ডিজিটাল পশুর নথি

পশুপালন ও দুগ্ধ উৎপাদন বিভাগ জাতীয় দুগ্ধ উন্নয়ন পর্ষদের (এনডিডিবি) সহযোগিতায় ‘ভারত পশুধন’ তথ্যভাণ্ডার তৈরি করেছে। এই তথ্যভাণ্ডারে নথিভুক্ত পশুদের ১২ সংখ্যার অনন্য কানের ট্যাগ নম্বর দিয়ে শনাক্ত করা হয়। এটি ‘পশু আধার’ নামে পরিচিত। টিকাকরণ, প্রজনন, চিকিৎসা-সহ পশু সংক্রান্ত সমস্ত লেনদেনের নথিভুক্তির ক্ষেত্রে এটি প্রাথমিক শনাক্তকরণ নম্বর হিসেবে কাজ করে। এই তথ্যভাণ্ডারে শনাক্ত পশুদের ডিজিটাল নথি সংরক্ষিত থাকে এবং পশুপালন ব্যবস্থাপনায় সহায়তা করে।

৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত:

মোট ৯,৯৮,৫৫,৯৫৫ জন পশুপালক নথিভুক্ত হয়েছেন।

মোট ৩৯.৪২ কোটিরও বেশি পশু আধার জারি করা হয়েছে।

বিশ্বের বাজারে ভারতীয় দুগ্ধজাত পণ্য

ভারতের দুগ্ধ উৎপাদন ক্ষেত্র বৃহৎ দেশীয় বাজারের চাহিদা পূরণ করে। পাশাপাশি, বিদেশের বাজারেও এর উপস্থিতি বাড়ছে।

২০২৫-২৬ সালে ভারত ৯৭,৫২৪.৮২ মেট্রিক টন দুগ্ধজাত পণ্য রপ্তানি করেছে।

এই বছরে রপ্তানি থেকে আয় হয়েছে ৪০৭.১২ মিলিয়ন মার্কিন ডলার।

প্রধান রপ্তানি গন্তব্যগুলির মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, মার্কিন যুক্তরাষ্ট্র, ভুটান এবং বাহরাইন।

এই রপ্তানি ভারতের দুগ্ধজাত পণ্যের বিভিন্ন দেশের বাজারে পৌঁছানোর পরিসর তুলে ধরে। দেশের অভ্যন্তরীণ চাহিদার বাইরেও এই শিল্পের উপস্থিতি প্রসারিত হচ্ছে।

প্রতিটি ফোঁটার পিছনে শক্তি

ভারতের দুগ্ধ উৎপাদনের অগ্রযাত্রায় লক্ষ লক্ষ কৃষক, মহিলা এবং সমবায় প্রতিষ্ঠানের অবদান রয়েছে। দুধ উৎপাদন বৃদ্ধি, শক্তিশালী পরিকাঠামো, বৈজ্ঞানিক প্রজনন ব্যবস্থা এবং উন্নত পশুচিকিৎসা পরিষেবা এই ক্ষেত্রের অগ্রগতিকে ধারাবাহিকভাবে সহায়তা করছে। জাতীয় দুগ্ধ দিবস ড. ভার্গিস কুরিয়েনের উত্তরাধিকারকে স্মরণ করে। একই সঙ্গে দেশের দুগ্ধ উৎপাদনে নেতৃত্ব বজায় রাখা, গ্রামীণ জীবিকা শক্তিশালী করা এবং দেশের পুষ্টি নিরাপত্তায় অবদান রাখা কৃষকদের সম্মান জানায়।

তথ্যসূত্র

Ministry of Fisheries, Animal Husbandry and Dairying

https://www.dahd.gov.in/static/uploads/2026/06/9ae804b82e59e283443396dbb5a245e0.pdf

https://www.dahd.gov.in/static/uploads/2026/04/29232c53442fadce97015a62fd715e74.pdf

https://www.nddbdairyservices.com/milkproducer

https://www.nddbdairyservices.com/aboutUs

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2241603&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287675&reg=48&lang=2

https://www.dahd.gov.in/offerings?page=1

https://www.dahd.gov.in/offerings/schemes-and-services/details/national-programme-for-dairy-development-npdd-EjN5UTMtQWa

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298197&reg=48&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2110279&reg=3&lang=2

https://www.dahd.gov.in/offerings/schemes-and-services/details/livestock-health-disease-control-program-lhdcp-MzN5UTMtQWa

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2204580

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298199

https://bharatpashudhan.ndlm.co.in/

Ministry of Cooperation

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2238399&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2247837

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291129

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2247837&reg=48&lang=2

https://sansad.in/getFile/annex/268/AU3046_BTEYKH.pdf?source=pqars

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294896

Ministry of Commerce and Industry

https://apeda.gov.in/DairyProducts

Ministry of Petroleum & Natural Gas

https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2317937&lang=1&reg=3

PIB Backgrounder

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2194086&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2302242

https://www.pib.gov.in/FactsheetDetails.aspx?id=150838&ModuleId=16&reg=percent203&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2212724&reg=3&lang=2

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/aug/doc202686946301.pdf

 

Click here to see pdf

 

***

SSS/S Saha.....


(রিলিজ আইডি: 2343342) ভিজিটরের কাউন্টার : 4
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Gujarati , Tamil