প্রকাশিত:
24 NOV 2026 8:00PM by PIB Kolkata
কলকাতা, ২৪ নভেম্বর, ২০২৬
আজ শিবপুরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি)তে ১৭১তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হল প্রতিষ্ঠানটির। এই উপলক্ষে দুটি সমঝোতাপত্র (MoU) স্বাক্ষরিত হয় এবং একটি নতুন অ্যাকাডেমিক অ্যানেক্স ভবন ও একটি মাল্টি-স্পোর্টস সিন্থেটিক স্পোর্টস কোর্টের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআইইএসটি শিবপুরের অধিকর্তা অধ্যাপক ভি. এম. এস. আর. মূর্তি; বিশেষ অতিথি, স্যার জে. সি. বোস ন্যাশনাল ফেলো এবং আইআইটি খড়্গপুরের অধিকর্তা অধ্যাপক সুমন চক্রবর্তী; সম্মানিত অতিথি, প্রাক্তন রাষ্ট্রদূত এবং সোনিপতের ও. পি. জিন্দল গ্লোবাল ইউনিভার্সিটির ডিপ্লোম্যাটিক প্র্যাকটিসের অধ্যাপক ড. জিতেন্দ্র নাথ মিশ্র; আইআইইএসটি শিবপুরের বোর্ড অফ গভর্নর্স (BoG)-এর সভানেত্রী শ্রীমতী তেজস্বিনী অনন্তকুমার; এবং গ্যাবেসু (গ্লোবাল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি, শিবপুর)-র সভাপতি শ্রী অমিতাভ দত্ত। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, কর্মী এবং পড়ুয়ারা।
আজ অধিকর্তার কনফারেন্স রুমে দুটি সমঝোতাপত্র স্বাক্ষরের মধ্য দিয়ে উদযাপন অনুষ্ঠানের সূচনা হয়। আইআইইএসটি শিবপুর ক্যাম্পাসের হরিৎ বৃক্ষরাজি ও বিরল উদ্ভিদ প্রজাতির নথিভুক্তকরণ এবং সেগুলির বৈজ্ঞানিক পরিচিতি-সংবলিত ফলক স্থাপনের লক্ষ্যে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (BSI) এবং আচার্য জগদীশচন্দ্র বসু ইন্ডিয়ান বোটানিক গার্ডেনের সঙ্গে একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়।
ভারত সরকারের এমএসএমই টেস্টিং সেন্টার এবং ইউনিরক্স বাইকস প্রাইভেট লিমিটেডের সঙ্গেও একটি ত্রিপাক্ষিক সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে দেশীয় ইঞ্জিনিয়ারিং-এর মানকে আন্তর্জাতিক স্তরে উন্নীত করার লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ সাইকেল পরীক্ষণ পরিকাঠামো গড়ে তোলার ভিত্তি স্থাপিত হল।
নতুন অ্যাকাডেমিক অ্যানেক্স (জি+৫) ভবনটিরও উদ্বোধন করা হয়। ২০২৪ সালের জুন মাস থেকে ২৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য উপযোগী ভবনটির প্লিন্থ এরিয়া প্রায় ২,৬০০ বর্গমিটার এবং বিল্ট-আপ এরিয়া ৫,৫০০ বর্গমিটার। পড়ুয়াদের সংখ্যা ও শিক্ষক-শিক্ষিকার সংখ্যা বৃদ্ধির ফলে বিদ্যমান পরিকাঠামোর ওপর যে চাপ তৈরি হয়েছে, তা কমানোর পাশাপাশি, বর্তমান শিক্ষাগত পরিকাঠামোকে আরও সম্প্রসারিত করার লক্ষ্যে ভবনটি নির্মাণ করা হয়েছে। প্রাথমিকভাবে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ব্যবহারের জন্য পরিকল্পিত এই ভবনে রয়েছে দশটি সাধারণ শ্রেণীকক্ষ, সাতটি পরীক্ষাগার, ২০০ আসনবিশিষ্ট একটি অডিটোরিয়াম, একটি সেমিনার হল এবং শিক্ষক-শিক্ষিকা ও গবেষকদের জন্য নির্দিষ্ট বসার জায়গা।
আজ উলফেনডেন হলের কাছে একটি অত্যাধুনিক মাল্টি-স্পোর্টস সিন্থেটিক স্পোর্টস কোর্টেরও উদ্বোধন করা হয়। কেভেন্টার গ্রুপের সংস্থা বেঙ্গল বন্ডেড ওয়্যারহাউস লিমিটেড তাদের কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (CSR) উদ্যোগের অধীনে এই পরিকাঠামোটি দান করেছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত এবং আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (ITF) অনুমোদিত এই সিন্থেটিক কোর্টটির আয়তন ৩৬ মিটার × ২০ মিটার, যা প্রায় ৭,৭৫০ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত। একই সময়ে একাধিক খেলা আয়োজনের উপযোগী করে তৈরি এই কোর্টে রয়েছে দুটি ব্যাডমিন্টন কোর্ট, দুটি পিকলবল কোর্ট এবং একটি টেনিস কোর্ট। সন্ধ্যা ও রাতে খেলার সুবিধার্থে এতে ৫০০ লাক্স ক্ষমতাসম্পন্ন একটি বিশেষ ক্রীড়া আলোকসজ্জা ব্যবস্থাও রয়েছে।
এই উপলক্ষে আইআইইএসটি শিবপুরের অধিকর্তা অধ্যাপক ভি. এম. এস. আর. মূর্তি বলেন, ১৭১তম বর্ষে পদার্পণের প্রাক্কালে আইআইইএসটি শিবপুর এমন এক আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে রয়েছে, যেখানে চিরন্তন ঐতিহ্যের সঙ্গে উদ্ভাবনের মেলবন্ধন ঘটেছে। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং এমএসএমই টেস্টিং সেন্টারের সঙ্গে অংশীদারিত্ব, নতুন অ্যাকাডেমিক অ্যানেক্স ভবন ও মাল্টি-স্পোর্টস কোর্টের উদ্বোধনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মাইলফলকের কথা তুলে ধরে তিনি প্রতিষ্ঠানের সামগ্রিক উৎকর্ষ সাধনের লক্ষ্যের ওপর জোর দেন। তিনি বলেন, অতীতের প্রজ্ঞায় পথনির্দেশিত এবং নবীন প্রজন্মের মেধায় চালিত হয়ে প্রতিষ্ঠানটি দেশ ও বিশ্বের আরও উজ্জ্বল এবং আত্মনির্ভর ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে নতুন উদ্যমে এগিয়ে চলেছে।
মূল অনুষ্ঠানটি ইনস্টিটিউটের হলে অনুষ্ঠিত হয়। মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বন্দে মাতরম পরিবেশন, স্বাগত ভাষণ, পুষ্পস্তবক প্রদান এবং আনুষ্ঠানিক প্রদীপ প্রজ্বলন করা হয় একে একে।
অধিকর্তার ভাষণে অধ্যাপক ভি. এম. এস. আর. মূর্তি প্রতিষ্ঠানের সাম্প্রতিক সাফল্যগুলি ব্যক্ত করেন এবং আন্তর্জাতিক শিক্ষাক্ষেত্রে ভবিষ্যতের প্রয়োজনে প্রতিষ্ঠানের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করেন। বিশেষ অতিথি, আইআইটি খড়্গপুরের অধিকর্তা অধ্যাপক সুমন চক্রবর্তী ট্রান্সলেশনাল রিসার্চ এবং প্রযুক্তিগত আত্মনির্ভরতার রূপান্তরকারী ক্ষমতা সম্পর্কে বক্তব্য রাখেন।
বস্তুত, ২৫ বছর বা তার বেশি সময় ধরে কর্মরত কর্মীদের সার্ভিস মাইলস্টোন অ্যাওয়ার্ড প্রদান করে সংবর্ধিত করা হয়। বিশিষ্ট অতিথিরা “IIEST, Shibpur – A Journey of 170 Years” শীর্ষক একটি স্মারক কফি টেবিল বইও প্রকাশ করেন। ১৮৫৬ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটির পথচলার চিত্র ও বিবরণ এই পুস্তকে তুলে ধরা হয়েছে।
সভাপতির ভাষণে আইআইইএসটি শিবপুরের বোর্ড অফ গভর্নর্স (BoG)-এর সভানেত্রী শ্রীমতী তেজস্বিনী অনন্তকুমার তরুণ প্রজন্মকে পরিবেশ সংরক্ষণ ও মানবিক সেবার পাশাপাশি, প্রযুক্তিগত অগ্রগতির লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।



*********
SSS/RP/Kol 24.11.26……..