প্রকাশিত:
23 NOV 2026 2:12PM by PIB Kolkata
দিল্লি, ২৩ নভেম্বর, ২০২৬
মাননীয় প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহজি,
উভয় দেশের প্রতিনিধিবৃন্দ,
সংবাদমাধ্যমের বন্ধুগণ,
নমস্কার!
নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তাঁর প্রথম দ্বিপাক্ষিক সফরে বলেন্দ্র শাহজিকে ভারতে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।
কয়েক মাস আগে, বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে তিনি যখন রাষ্ট্রসংঘে ভাষণ দিয়েছিলেন, তখন আমরা তাঁর দূরদর্শিতার স্পষ্ট পরিচয় পেয়েছিলাম। আর আজ, গত কয়েক ঘণ্টার আলোচনায় নেপালের ভবিষ্যৎ এবং ভারত-নেপাল সম্পর্ক নিয়ে তাঁর সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকার অনুভব করেছি। এ বছর নেপালের জনগণ তাঁকে যে ঐতিহাসিক সমর্থন দিয়েছেন, তা নেপালের নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতিফলন।
একটি শক্তিশালী ও সমৃদ্ধ নেপালের উন্নয়নযাত্রায় ভারত বরাবরই অংশীদার থেকেছে। এই ভাবনা থেকেই আজ আমাদের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছি।
বন্ধুগণ,
ভারত ও নেপালের সম্পর্ক কেবল প্রতিবেশীর সম্পর্ক নয়, এটি আত্মীয়তা ও অটুট বিশ্বাসের সম্পর্ক। আমাদের আনন্দ অভিন্ন, আমাদের চ্যালেঞ্জও অভিন্ন। আমরা একে অপরের অগ্রগতির সহযোগী এবং কঠিন সময়ে পরস্পরের পাশে দাঁড়ানোর শক্তি।
আগস্ট মাসে নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি। আজ নেপালের পুনর্গঠন এবং দীর্ঘমেয়াদি উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আমরা ২৪০০০ কোটি নেপালি টাকার উন্নয়ন সহযোগিতা প্যাকেজ ঘোষণা করছি।
আমাদের অঙ্গীকার থাকবে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জীবন আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসবে, নতুন সুযোগ সৃষ্টি হবে এবং ভবিষ্যতের দুর্যোগ মোকাবিলায় নেপালের ক্ষমতা আরও শক্তিশালী হবে।
বন্ধুগণ,
ভারত ও নেপালের সম্পর্ক অভিন্ন ইতিহাস, বিশ্বাস, সংস্কৃতি এবং দু-দেশের জনগনের গভীর সম্পর্কের বন্ধনে আবদ্ধ। ভগবান রাম ও মা সীতা আমাদের অভিন্ন সভ্যতা ও বিশ্বাসের প্রতীক। ২০১৮ সালে জনকপুরের পবিত্র ভূমিতে আমি বলেছিলাম, “নেপাল ছাড়া আমাদের তীর্থস্থানগুলি অসম্পূর্ণ, নেপাল ছাড়া আমাদের রামও অসম্পূর্ণ।”
২০২৪ সালে অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠা সম্পন্ন হয়। এই ঐতিহাসিক উপলক্ষ আমাদের অভিন্ন বিশ্বাসকে নতুন শক্তি জুগিয়েছে। এরপর থেকে কোটি কোটি ভক্ত রামলালার দর্শনে অযোধ্যায় আসছেন। শুধুমাত্র ২০২৫ সালেই দেশ-বিদেশ থেকে প্রায় ৩০ কোটি ভক্ত অযোধ্যা ভ্রমণ করেছেন।
আজ চালু হওয়া ‘সরযূ-কামলা এক্সপ্রেস’ ট্রেন পরিষেবা আমাদের এই পবিত্র সম্পর্ককে নতুন মাত্রা দিচ্ছে। এর ফলে অযোধ্যায় আগত ভক্তদের জনকপুরে গিয়ে মা সীতার দর্শন করা আরও সহজ হবে।
লুম্বিনী ও বোধগয়া-সহ দুই দেশের বৌদ্ধ ধর্ম এবং শিব-শক্তির সঙ্গে সম্পর্কিত পবিত্র স্থানগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতেও আমরা একযোগে কাজ করব।
বন্ধুগণ,
আজ উত্তরাখণ্ড ও নেপালের মধ্যে ধারচুলা সড়ক সেতুর উদ্বোধন এবং বনবাসায় সমন্বিত চেক পোস্টের শিলান্যাস করা হয়েছে। পাশাপাশি, নেপালের দিকে দোধারা-চাঁদনি সমন্বিত চেক পোস্টের কাজও আমরা দ্রুত এগিয়ে নিয়ে যাব। এই উদ্যোগগুলির ফলে উত্তরাখণ্ড ও নেপালের মধ্যে বাণিজ্য এবং মানুষের যাতায়াত আরও সহজ হবে।
একই সঙ্গে বিহার, উত্তরপ্রদেশ এবং ভারতের অন্যান্য রাজ্যের সঙ্গে নেপালের সড়ক, রেল ও সীমান্ত যোগাযোগের প্রকল্পগুলিও আমরা আরও গতিশীল করব। নেপালের ট্রানজিট বাণিজ্য আরও সহজ করতে আমরা কান্ডলা ও পারাদীপ বন্দরের ব্যবহারের সুযোগ করে দেব। আমি বিশ্বাস করি, বাণিজ্য, যোগাযোগ ও বিনিয়োগের ক্ষেত্রে এই সমস্ত উদ্যোগ নেপালের অর্থনৈতিক উন্নয়নে নতুন গতি সঞ্চার করবে।
বন্ধুগণ,
নেপালের নদীগুলিতে স্বচ্ছ শক্তি উৎপাদনের বিপুল সম্ভাবনা রয়েছে। ভারতের বিশাল জ্বালানি বাজার এই সম্ভাবনাকে নেপালের অর্থনৈতিক সমৃদ্ধির শক্তিশালী ভিত্তিতে পরিণত করতে পারে।
আজ লোয়ার অরুণ জলবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস এবং অরুণ-৩ প্রকল্প নির্ধারিত সময়ে সম্পন্ন করার প্রতি আমাদের অঙ্গীকার এই দূরদর্শী পরিকল্পনারই অংশ।
বন্ধুগণ,
ভারত বহু বছর ধরে নেপালের পেট্রোলিয়ামজাত পণ্য ও অন্যান্য অত্যাবশ্যকীয় সামগ্রীর নির্ভরযোগ্য সরবরাহকারী। ‘প্রতিবেশী প্রথম’ নীতির ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে, এ বছর তেল সরবরাহের ক্ষেত্রে গুরুতর চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা নেপালে জ্বালানি, সার এবং অন্যান্য অত্যাবশ্যকীয় সামগ্রীর সরবরাহ অব্যাহত রেখেছি।
আজ মোতিহারি-আমলেখগঞ্জ পাইপলাইনের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন এবং ঝাপা পেট্রোলিয়াম টার্মিনালের শিলান্যাস এই অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে।
বন্ধুগণ,
নেপালের তরুণ প্রজন্ম প্রতিভা, উদ্যম ও বড় স্বপ্নে সমৃদ্ধ। তাদের স্বপ্ন বাস্তবায়নে ভারত সম্পূর্ণ অঙ্গীকারের সঙ্গে সহযোগিতা করতে চায়।
এই অঙ্গীকার বাস্তবায়নে আমরা নেপালে স্টার্ট-আপ ইনকিউবেটর, ইনোভেশন হাব এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির একটি অফশোর ক্যাম্পাস প্রতিষ্ঠা করব।
নেপালি শিক্ষার্থীদের জন্য ভারতে আইন ও প্রযুক্তি বিষয়ে বৃত্তির সুযোগ বাড়ানো হবে। পাশাপাশি, খাদ্য প্রক্রিয়াকরণ ও মূল্য সংযোজনকে উৎসাহিত করতে নেপালে কৃষি-শিল্প পার্ক গড়ে তোলার ক্ষেত্রেও আমরা সহযোগিতা করব।
বন্ধুগণ,
রামায়ণের কাহিনি আজ চলচ্চিত্র ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে নতুন প্রজন্ম এবং বিশ্বের মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। আমরা চাই, ভারত ও নেপালের তরুণ সৃজনশীল শিল্পীরা একযোগে তাঁদের অভিন্ন ঐতিহ্যকে নতুন মাধ্যমের সাহায্যে বিশ্বের সামনে তুলে ধরুন। এই লক্ষ্যেই আগামী WAVES সম্মেলনে আমরা নেপালের একটি বৃহৎ প্রতিনিধিদলকে স্বাগত জানাব।
খেলাধুলা, বিশেষ করে ক্রিকেটের ক্ষেত্রেও নেপালে পরিকাঠামো উন্নয়ন এবং খেলোয়াড়দের প্রশিক্ষণে আমাদের সহযোগিতা আরও বাড়ানো হবে।
মাননীয় প্রধানমন্ত্রী,
আজ আমরা আমাদের অভিন্ন ভবিষ্যৎকে নতুন দিশা দিতে একটি যৌথ ভিশন ডকুমেন্ট প্রকাশ করছি। এটি “বিকশিত ভারত ও সমুন্নত নেপাল”-এর নিজ নিজ অঙ্গীকারকে একযোগে বাস্তবায়িত করার রূপরেখা।
আমাদের লক্ষ্য স্পষ্ট, পারস্পরিক বিশ্বাস রয়েছে, সেই লক্ষ্য পূরণের ক্ষমতাও আমাদের আছে। আর সর্বোপরি, আমাদের সঙ্গে রয়েছেন মা সীতা, ভগবান রাম ও ভগবান বুদ্ধের আশীর্বাদ।
আমি বিশ্বাস করি, এই ভাবনা ও চেতনাকে সঙ্গে নিয়ে আমরা আমাদের অভিন্ন দৃষ্টিভঙ্গিকে সাফল্যে বাস্তবায়িত করব এবং একযোগে ভারত-নেপাল সম্পর্কের এক নতুন স্বর্ণালি অধ্যায় রচনা করব।
ভারত–নেপাল মৈত্রী অমর হোক!
অনেক অনেক ধন্যবাদ।
SC......