পোস্ট করার দিনক্ষণ:
23 NOV 2026 4:49PM by PIB Agartala
গুয়াহাটি, ২৩ নভেম্বর, ২০২৬:উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের সংবাদপত্র ও সাময়িকপত্রের প্রকাশক এবং মালিকদের নিয়ে আজ একটি মতবিনিময় সভার আয়োজন করে প্রেস ইনফরমেশন ব্যুরো, গুয়াহাটি। নতুন প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ পিরিওডিক্যালস অ্যাক্ট, ২০২৩-এর বিভিন্ন বিধান এবং প্রেস সেবা পোর্টালের মাধ্যমে উপলব্ধ প্রক্রিয়া ও পরিষেবা সম্পর্কে তাঁদের অবহিত করতেই এই ‘বার্তা’ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
_20261123165114_7f4883.jpeg)
সভায় বক্তব্য রাখতে গিয়ে ভারতের অতিরিক্ত প্রেস রেজিস্ট্রার জেনারেল সন্তোষ কুমার নতুন আইনের তাৎপর্য ব্যাখ্যা করেন। তিনি জানান, দেড় শতাব্দীরও বেশি সময় ধরে সংবাদপত্র ও সাময়িকপত্রের নিবন্ধন ব্যবস্থা পরিচালিত হয়ে আসছিল ১৮৬৭ সালের পুরনো প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ বুকস অ্যাক্টের মাধ্যমে। পরিবর্তিত সময়ের সঙ্গে মুদ্রিত সংবাদমাধ্যমের চাহিদা ও প্রয়োজনের সামঞ্জস্য রেখে একটি আধুনিক আইনি কাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তা থেকেই নতুন আইন প্রণয়ন করা হয়েছে। এর ফলে নিবন্ধন প্রক্রিয়া আরও সরল হয়েছে এবং প্রযুক্তিনির্ভর পরিষেবার সুযোগ তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
_20261123165214_2c0047.jpeg)
নতুন ব্যবস্থায় আসা পরিবর্তন ও উন্নতির কথা তুলে ধরে সন্তোষ কুমার জানান, প্রতি মাসে প্রায় ১,০০০টি নিবন্ধনের আবেদন জমা পড়ে। এর মধ্যে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে প্রায় ৭০০ থেকে ৮০০টি আবেদনকে নিবন্ধন মঞ্জুর করা হয়। নিবন্ধন প্রক্রিয়ার ডিজিটাল ব্যবস্থাপনার ফলে কাজের দক্ষতা ও প্রকাশকদের কাছে পরিষেবা পৌঁছনোর সুযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলেও তিনি জানান।
প্রেস সেবা পোর্টালের কার্যপ্রণালী ব্যাখ্যা করতে গিয়ে তিনি এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে উপলব্ধ বিভিন্ন পরিষেবা ও পদ্ধতি সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন। পাশাপাশি প্রকাশকদের সহায়তার জন্য প্রেস রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া (পিআরজিআই)-এর পক্ষ থেকে গৃহীত বিভিন্ন ব্যবস্থার কথাও তুলে ধরেন। এর মধ্যে রয়েছে সাপ্তাহিক বৈঠক, অনলাইন অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা এবং প্রকাশকদের বিভিন্ন প্রশ্ন ও সমস্যার সমাধানে ল্যান্ডলাইন ও মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগযোগ্য বিশেষ হেল্পডেস্ক।
আইন অনুযায়ী বিধিবদ্ধ দায়বদ্ধতা পালনের ওপর গুরুত্ব আরোপ করে সন্তোষ কুমার জানান, প্রকাশকদের জন্য বার্ষিক বিবরণী জমা দেওয়া বাধ্যতামূলক। প্রথমবার বার্ষিক বিবরণী জমা দিতে ব্যর্থ হলে জরিমানার পরিমাণ ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১০,০০০ টাকা করা হয়েছে। পরবর্তী ক্ষেত্রগুলিতে এই জরিমানার পরিমাণ আরও বেশি হবে। এছাড়া সাময়িকপত্রের নিয়মিত প্রকাশনা নিশ্চিত করার জন্য প্রকাশকদের প্রতি সংখ্যার প্রকাশের ৪৮ ঘণ্টার মধ্যে তার প্রথম পৃষ্ঠাটি প্রেস সেবা পোর্টালে আপলোড করতে হবে।

নিবন্ধিত সাময়িকপত্রগুলির তথ্য সুরক্ষিত রাখার লক্ষ্যে পিআরজিআই-এর উদ্যোগের কথাও তিনি তুলে ধরেন। তিনি জানান, যেসব সাময়িকপত্রের প্রকাশক তিন বছরেরও বেশি সময় ধরে বার্ষিক বিবরণী জমা দেননি, সেগুলিকে নিষ্ক্রিয় হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে, ১০ বছরেরও বেশি সময় ধরে নিষ্ক্রিয় থাকা সাময়িকপত্রগুলির নিবন্ধন বাতিল করা হয়েছে। এই প্রক্রিয়ায় এখনও পর্যন্ত প্রায় ৮৮ হাজার সাময়িকপত্রের নিবন্ধন বাতিল করা হয়েছে।
রাজ্যভিত্তিক নিবন্ধন সংক্রান্ত তথ্য তুলে ধরে সভায় জানানো হয়, ২০২৬ সালের ১৭ নভেম্বর পর্যন্ত আসামে মোট ৩৭৩টি নিবন্ধিত সাময়িকপত্র এবং ৩৮টি প্রিন্টিং প্রেস রয়েছে। এর মধ্যে ১৬৩টি বার্ষিক বিবরণী জমা দিয়েছে। অন্যদিকে, ৭৮টি সাময়িকপত্রকে নিষ্ক্রিয় হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সভায় পিআরজিআই-এর ওয়েবসাইট এবং প্রেস সেবা পোর্টালের কার্যপ্রণালী নিয়ে বিস্তারিত প্রদর্শনী করেন ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের (এনআইসি) উপ-পরিচালক গৌরব শর্মা। সংবাদপত্রের মালিক ও প্রকাশক-সহ বিভিন্ন অংশীদারের লগইনের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মগুলির কার্যপদ্ধতি তুলে ধরা হয়। এর ফলে অংশগ্রহণকারীরা বিভিন্ন পরিষেবা ও নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে বাস্তবসম্মত ধারণা লাভ করেন।
এ সংক্রান্ত বিস্তারিত উপস্থাপনা এখানে দেখা যাবে https://www.whatsapp.com/channel/0029VabvLIZB4hdLDaA3jw08
পিআরজিআই-এর পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, সংস্থার কোনও অনুমোদিত প্রতিনিধি বা এজেন্ট নেই। তাই নিবন্ধন সংক্রান্ত পরিষেবা গ্রহণের জন্য প্রকাশকদের সরাসরি সরকারি প্রেস সেবা পোর্টাল এবং পিআরজিআই-এর নির্ধারিত মাধ্যম ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। সময়মতো বিভিন্ন বিজ্ঞপ্তি ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে সমস্ত প্রকাশককে পিআরজিআই-এর WhatsApp Channel যুক্ত হওয়ার জন্যও আহ্বান জানানো হয়েছে।
এই মতবিনিময় সভায় আসাম, মেঘালয়, মিজোরাম ও নাগাল্যান্ডের বিভিন্ন সংবাদপত্র ও সাময়িকপত্রের প্রকাশক এবং মালিকরা অংশগ্রহণ করেন। সভায় পিআইবি উত্তর-পূর্বাঞ্চলীয় জোনের পদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন।
***
PS/PKS/KMD