প্রকাশিত:
23 NOV 2026 4:52PM by PIB Kolkata
কলকাতা, ২৩ নভেম্বর, ২০২৬
প্রথম সারির নৌযান নির্মাণ ও সরবরাহের ক্ষেত্রে ধারাবাহিক অগ্রগতির প্রতিফলন ঘটিয়ে, ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অন্তর্গত নবরত্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (GRSE) ভারতীয় নৌবাহিনীর জন্য নির্মিত অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট (ASW-SWC) ‘আশঙ্ক ‘ হস্তান্তর করল।
এবছর ৫ নভেম্বর আমিনি হস্তান্তরের মাত্র ১৮ দিন পরই এই হস্তান্তর সম্পন্ন হল আজ। এর ফলে, চলতি মাসে জিআরএসই-র দ্বিতীয় যুদ্ধজাহাজ হস্তান্তরের ঘটনা ঘটল। আজ রিয়ার অ্যাডমিরাল গৌতম মারওয়াহা, ভিএসএম, সিএসও (টেক), এইচকিউইএনসি যুদ্ধজাহাজটি গ্রহণ করেন।
এই হস্তান্তরে জিআরএসই-র নির্মিত যুদ্ধজাহাজের সংখ্যা ১২০-এ পৌঁছল, যার মধ্যে ৮২টি ভারতীয় নৌবাহিনীর হাতে হস্তান্তর করা হয়েছে।
ভারতের নৌ-সক্ষমতা বৃদ্ধিতে জাহাজ নির্মাণ সংস্থাটির অবদানের ক্ষেত্রে এটি আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
‘আশঙ্ক’ নামটি নির্ভীকতা ও অদম্য মনোভাবের প্রতীক। এই নামাঙ্কন ভারতের সমুদ্র সীমানার সুরক্ষায় যুদ্ধজাহাজটির ভূমিকার প্রতিফলন ঘটায়। উপকূলীয় জলসীমায় ডুবোজাহাজ-বিরোধী যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে ভারতীয় নৌবাহিনীর প্রয়োজনীয়তা পূরণে নির্মিত 'আশঙ্ক' উপকূলবর্তী সামুদ্রিক অঞ্চলে নৌবাহিনীর কার্যকরী সক্ষমতা বৃদ্ধি করবে।
ASW-SWC কর্মসূচি দেশীয় প্রতিরক্ষা উৎপাদনের ক্ষেত্রেও এক উল্লেখযোগ্য অগ্রগতি। প্রায় ৮৮ শতাংশ দেশীয় উপাদান নিয়ে নির্মিত এই যুদ্ধজাহাজগুলিতে জিআরএসই-র তৈরি ৩০ মিমি নেভাল সারফেস গান রয়েছে। এই কর্মসূচি সামনের সারির নৌযানগুলিতে জটিল দেশীয় ব্যবস্থা ও প্রযুক্তি সংযোজনের ক্ষেত্রে জাহাজ নির্মাণ সংস্থাটির সক্ষমতার প্রতিফলন ঘটায়, যা আত্মনির্ভর ভারত-এর জাতীয় ভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
জিআরএসই বর্তমানে ১২টি প্রথম সারির নৌযান নির্মাণ করছে। এর মধ্যে রয়েছে একটি প্রজেক্ট ১৭এ অ্যাডভান্সড স্টেলথ ফ্রিগেট, দুটি ASW-SWC, চারটি নেক্সট জেনারেশন অফশোর প্যাট্রোল ভেসেল এবং পাঁচটি নেক্সট জেনারেশন করভেট। এছাড়াও, জাহাজ নির্মাণ সংস্থাটি ১৩টি রপ্তানির প্রয়োজনে নির্মিত নৌযানসহ আরও ৩৬টি জাহাজ নির্মাণ করছে। এই বৈচিত্র্যময় ও বৃহৎ অর্ডার বুক ভারতের সামুদ্রিক নিরাপত্তা, দেশীয় প্রতিরক্ষা উৎপাদন এবং ক্রমবর্ধমান জাহাজ নির্মাণ সক্ষমতায় জিআরএসই-র গুরুত্বপূর্ণ অবদানকে আরও সুদৃঢ় করছে।

****
SSS/RP/Kol/23.11.26……