প্রকাশিত:
22 NOV 2026 10:08PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২২ নভেম্বর, ২০২৬
কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল পশ্চিমবঙ্গের কার্সিয়ংয়ে 'টি বোর্ড অফ ইন্ডিয়া') আয়োজিত চা শিল্পের অংশীদারদের সঙ্গে এক মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন। সভায় দার্জিলিংয়ের সাংসদ শ্রী রাজু বিস্তা এবং কার্সিয়াংয়ের বিধায়ক শ্রী সোনম লামাও উপস্থিত ছিলেন।
বৈঠকে রাজ্য সরকারের ঊর্ধ্বতন আধিকারিক, বিভিন্ন চা সমিতির প্রতিনিধি এবং ভারতীয় চা শিল্পের বিভিন্ন ক্ষেত্রের অংশীজনরা যোগ দেন। ভারতীয় চা ক্ষেত্রের দীর্ঘমেয়াদী অগ্রগতি, স্থায়িত্ব এবং বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ, বর্তমান চ্যালেঞ্জসমূহ এবং নতুন সুযোগ-সুবিধা নিয়ে গঠনমূলক আলোচনার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করেছে এই সভা।
ভারত বিশ্বের বৃহত্তম ব্ল্যাক টি (কালো চা) উৎপাদনকারী দেশ এবং তৃতীয় বৃহত্তম চা রপ্তানিকারক দেশ হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। ২০২৫-২৬ অর্থ বছরে ভারত ২৮২.১১ মিলিয়ন কেজি চা রপ্তানি করেছে, যার মূল্য ৯৮৮.১৩ মিলিয়ন মার্কিন ডলার। এটি দেশের কৃষি অর্থনীতি এবং রপ্তানি আয়ে এই ক্ষেত্রের উল্লেখযোগ্য অবদানেরই প্রতিফলন।
সভায় দার্জিলিং চা শিল্পের পুনরুজ্জীবন, চা নিলাম ব্যবস্থাকে আরও কার্যকর, দ্রুত ও শক্তিশালী করে তোলা, চা গবেষণা জোরদার করা, গুণমান উন্নয়ন, রপ্তানি প্রসার, চা শ্রমিকদের কল্যাণ এবং 'এক্সপোর্ট প্রমোশন মিশন'-এর আওতায় বিভিন্ন উদ্যোগ সহ নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়াও, বর্তমান চা নিলাম ব্যবস্থাকে আরও শক্তিশালী, দক্ষ, দ্রুত এবং শিল্পের পরিবর্তনশীল চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলার লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়। এতে প্রযুক্তি-চালিত সংস্কার, স্বচ্ছতা বৃদ্ধি, কার্যপরিচালনাগত দক্ষতা উন্নত করা এবং লেনদেন সংক্রান্ত জটিলতা কমানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
'ইজ অফ ডুয়িং বিজনেস' বা সহজে ব্যবসার পরিবেশ তৈরি করাকে অন্যতম অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়। এর মধ্যে রয়েছে বিভিন্ন প্রক্রিয়ার সরলীকরণ, দক্ষতা বৃদ্ধি এবং চা শিল্প প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সকল অংশীদারদের জন্য আরও অনুকূল পরিবেশ সৃষ্টি করা।
ভারত সরকারের 'এক্সপোর্ট প্রমোশন মিশন'-এর সুযোগগুলিকে কার্যকরভাবে কাজে লাগিয়ে এবং সুনির্দিষ্ট প্রচারমূলক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ভারতীয় চা রপ্তানিকে আরও শক্তিশালী করার ওপর বিশেষ জোর দেওয়া হয়। আন্তর্জাতিক বাজারে ভারতের উপস্থিতির সম্প্রসারণ, বিশ্ব বাজারে ভারতীয় চায়ের অবস্থান সুদৃঢ় করা, বাজারে প্রবেশাধিকার উন্নত করা এবং রপ্তানি ক্ষেত্রে প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধির বিষয়ে অংশীজনরা তাঁদের মতামত তুলে ধরেন। আলোচনায় ঐতিহ্যবাহী ও উদীয়মান উভয় বাজারেই ভারতীয় চায়ের প্রচারের লক্ষ্যে সরকার, টি বোর্ড অফ ইন্ডিয়া এবং শিল্প-সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে।
ভারতীয় চায়ের গুণমান, উৎপাদনশীলতা ও প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে গবেষণা ও উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও আলোচনায় উঠে আসে। নতুন চ্যালেঞ্জ মোকাবিলা এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজারের ক্রমবর্ধমান গুণমান-সংক্রান্ত চাহিদা পূরণের লক্ষ্যে চা বিষয়ক গবেষণাকে জোরদার করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং উন্নত বৈজ্ঞানিক পদ্ধতি গ্রহণের ওপর আলোকপাত করা হয়। চা গবেষণা সংক্রান্ত পরিষেবাগুলি এখন থেকে ক্ষুদ্র চা চাষিদের জন্যও সম্প্রসারিত করা হবে।
চা বাগানের শ্রমিক ও তাঁদের পরিবারের কল্যাণ নিশ্চিত করাও ছিল আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই প্রসঙ্গে ‘প্রধানমন্ত্রী চা শ্রমিক উৎসাহ যোজনা’ বাস্তবায়নের প্রস্তাব উল্লেখ করা হয়, যার লক্ষ্য হ’ল, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন অঞ্চলের চা শ্রমিকদের, বিশেষ করে নারী ও তাঁদের সন্তানদের কল্যাণসাধন করা। এই প্রকল্পের যথাযথ বাস্তবায়ন এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা ও উন্নত জীবনযাত্রার ক্ষেত্রে এর সম্ভাব্য সুফলগুলির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
SC/MP/SB