স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

শিলংয়ে হাফ ম্যারাথন ২০২৬-এর ষষ্ঠ সংস্করণের আয়োজন করেছে আসাম রাইফেলস

পোস্ট করার দিনক্ষণ: 22 NOV 2026 3:36PM by PIB Agartala

২২ নভেম্বর ২০২৬ শিলংয়ের লাইতকোর-এ অবস্থিত ডিরেক্টরেট জেনারেল আসাম রাইফেলস-এর সদর দপ্তরে ষষ্ঠবারের মত ‘আসাম রাইফেলস হাফ ম্যারাথন’-সফলভাবে আয়োজিত হয়েছে। ‘ফিট ইন্ডিয়া মুভমেন্ট’-কে এগিয়ে নিয়ে যাওয়ার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে আয়োজিত এই বার্ষিক ক্রীড়া ইভেন্টটি—যা প্রথম ২০২১ সালে শুরু হয়েছিল—শারীরিক সক্ষমতা, স্বাস্থ্যকর জীবনযাপন, ক্রীড়াসুলভ মনোভাব এবং জাতীয় সংহতি প্রসারের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে।

এই ইভেন্টে দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আসা দৌড়বিদরা অত্যন্ত উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেছেন । সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রায় ৪,৫০০ জন প্রতিযোগী বিভিন্ন বয়স বিভাগে অংশ নেন, যা ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য’-এর চেতনাকে প্রতিফলিত করার পাশাপাশি জাতীয় সংহতির বন্ধনকে আরও সুদৃঢ় করে তুলেছে।

লাইতকোর-এর পূর্ব খাসি পাহাড়ের মনোরম প্রাকৃতিক পরিবেশে আয়োজিত এই হাফ ম্যারাথনে পেশাদার ক্রীড়াবিদ, ফিটনেস সচেতন ব্যক্তি, সশস্ত্র বাহিনীর সদস্য, তরুণ প্রজন্ম এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়েছিলেন। অনুষ্ঠানে সরকার, সশস্ত্র বাহিনী এবং বিভিন্ন অসামরিক সংস্থার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই হাফ ম্যারাথনটি তিনটি বিভাগে অনুষ্ঠিত হয়: ‘ক্লাউড চেজ’ (২১ কিমি), ‘পাইন পাথ’ (১০ কিমি) এবং ‘ক্রিস্টাল স্ট্রিম’ (৫ কিমি)। ২১ কিমি হাফ ম্যারাথনের সূচনা করেন আসাম রাইফেলসের ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল বিকাশ লাখেরা (এভিএসএম, এসএম), এআরডব্লিউডব্লিউএ -এর প্রেসিডেন্ট মিসেস বিভা লাখেরা, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল)-এর এক্সিকিউটিভ ডিরেক্টর ও স্টেট হেড নিতিন ভাটনগর এবং এসবিআই শিলং আরবান আরবিও-এর এজিএম অরুণাভ শর্মা। ১০ কিমি দৌড়ের সূচনা করেন আসাম রাইফেলসের এডিজি মেজর জেনারেল জয় সিং বাইনসলা (এসএম), এআরডব্লিউডব্লিউএ-এর ভাইস প্রেসিডেন্ট মিসেস ঋতু বাইনসলা, পিএনবি গুয়াহাটি সার্কেল হেড শিবেশ শুক্লা এবং আইটিসি -এর ব্র্যান্ড ম্যানেজার ও প্রতিনিধি অভিনব রাই। এছাড়া ৫ কিমি দৌড়ের সূচনা করেন ব্রিগেডিয়ার স্বর্ণ সিং ও মিসেস স্বর্ণ সিং এবং ব্রিগেডিয়ার সচিন্দর তিওয়ারি ও মিসেস সচিন্দর তিওয়ারি।

এই আয়োজনে সারা দেশের ৩০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণকারীদের উৎসাহ ও ক্রীড়াসুলভ মনোভাবের স্বীকৃতিস্বরূপ তাঁদের মেডেল, সনদপত্র এবং স্মারক টি-শার্ট প্রদান করা হয়। বিভিন্ন বিভাগে বিজয়ীদের জন্য মোট ২৫ লক্ষ টাকার নগদ পুরস্কার রাখা হয়েছিল। পাশাপাশি অংশগ্রহণকে উৎসাহিত করতে এবং ক্রীড়ানৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ সান্ত্বনা পুরস্কারেরও ব্যবস্থা ছিল।

পুরুষদের ২১ কিমি বিভাগে শ্রী পঞ্চানন বেরা ১ ঘণ্টা ৮ মিনিট ১০ সেকেন্ড সময় নিয়ে বিজয়ী হয়েছেন এবং মহিলাদের ২১ কিমি বিভাগে সুশ্রী মুন্নি দেবী ১ ঘণ্টা ২৪ মিনিট ৩৪ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন। পুরুষদের ১০ কিমি বিভাগে শ্রী রবি চৌধুরী ৩১ মিনিট ৩৫ সেকেন্ড সময় নিয়ে বিজয়ী হয়েছেন এবং মহিলাদের ১০ কিমি বিভাগে সুশ্রী রুবি কাশ্যপ ৩৬ মিনিট ৪৩ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন।

পূর্ব বায়ুসেনা কমান্ডার (এওসি-ইন-সি), এয়ার মার্শাল মেহতাব সিং দেসওয়াল (এভিএসএম, ভিএম) এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি অংশগ্রহণকারীদের অসাধারণ উৎসাহ, সংকল্প ও ক্রীড়াসুলভ মনোভাবের প্রশংসা করেন এবং বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আসাম রাইফেলসের মহানির্দেশক লেফটেন্যান্ট জেনারেল বিকাশ লাখেরা (এভিএসএম, এসএম) শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব তুলে ধরেন। তিনি জোর দিয়ে বলেন যে, ‘আসাম রাইফেলস হাফ ম্যারাথন’ শারীরিক সক্ষমতার সংস্কৃতি গড়ে তোলা, সামাজিক অংশগ্রহণকে উৎসাহিত করা এবং দেশের বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে ঐক্য ও সংহতির মনোভাবকে শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে।

‘উত্তর-পূর্বাঞ্চলের প্রহরী’ হিসেবে সুপরিচিত আসাম রাইফেলস এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। ‘আসাম রাইফেলস হাফ ম্যারাথন’-এর মতো উদ্যোগের মাধ্যমে এই বাহিনী শারীরিক সক্ষমতা বৃদ্ধি, যুবসমাজের অংশগ্রহণ, সামাজিক বন্ধন এবং জাতীয় সংহতিকে উৎসাহিত করার পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চলের জনগণের সঙ্গে তাদের দীর্ঘস্থায়ী সম্পর্ককে আরও সুদৃঢ় করতে প্রতিশ্রুতিবদ্ধ।

‘আসাম রাইফেলস হাফ ম্যারাথন ২০২৬’-এর সফল আয়োজনে অমূল্য সমর্থন ও অবদানের জন্য আসাম রাইফেলস কর্তৃপক্ষ মেঘালয় সরকার, ইভেন্টের পৃষ্ঠপোষক—ইন্ডিয়ান অয়েল, পুনিত বালান গ্রুপ, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই), পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (পিএনবি), আশীর্বাদ আয়োডাইজড সল্ট (আইটিসি), টিভিএস, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, আইডিএফসি ফার্স্ট ব্যাংক, ফাস্ট অ্যান্ড আপ—এবং আয়োজক সংস্থা আইএসএল -এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।

আসাম রাইফেলস হাফ ম্যারাথনের ষষ্ঠ সংস্করণটি সফলভাবে আয়োজন করার মাধ্যমে এই বাহিনী শারীরিক সক্ষমতা, ক্রীড়াসুলভ মনোভাব, জাতীয় ঐক্য এবং ‘ফিট ইন্ডিয়া’ ধারণাকে উৎসাহিত করার প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। পাশাপাশি, এটি এই অঞ্চলের জনগণের সঙ্গে বাহিনীর বন্ধনকেও আরও সুদৃঢ় করেছে।


***

PS/DM/KM


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2340036) ভিজিটরদের কাউন্টার : 3
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English