পোস্ট করার দিনক্ষণ:
21 NOV 2026 5:11PM by PIB Agartala
নয়াদিল্লি, ২১ নভেম্বর ২০২৬, পিআইবি।। কেন্দ্রীয় স্বরাষ্ট্র তথা সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ আগামীকাল ২২ নভেম্বর ২০২৬, রবিবার অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরের দোরজি খান্ডু স্টেট কনভেনশন সেন্টারে আয়োজিত একটি সমবায় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ‘সহকার সে সমৃদ্ধি’ (সমবায়ের মাধ্যমে সমৃদ্ধি) ধারণার সঙ্গে সামঞ্জস্য রেখে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহের নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানটি সমবায় খাতকে শক্তিশালী করার পাশাপাশি তাকে আরও ক্ষমতায়িত, স্বনির্ভর ও অন্তর্ভুক্তিমূলক করে তোলার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য হবে। এই কর্মসূচির মাধ্যমে সমবায় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, গ্রামীণ জীবিকার প্রসার, নারী ক্ষমতায়ন, আর্থিক অন্তর্ভুক্তি এবং রাজ্যের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী পেমা খান্ডু, কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী শ্রী কিরেন রিজিজু, অরুণাচল প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী শ্রী চওনা মেইন, অরুণাচল প্রদেশের কৃষিমন্ত্রী শ্রী গ্যাব্রিয়েল দেনওয়াং ওয়াংসু এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ অরুণাচল প্রদেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পেরও সূচনা করবেন। এর মধ্যে রয়েছে ১,৫০০ কোটি টাকা ব্যয়ে ‘মিশন শিক্ষিত অরুণাচল – পর্যায় ২’; ২,০০০ কোটি টাকা ব্যয়ে ‘মুখ্যমন্ত্রীর সামগ্রিক রাজ্য বিদ্যুৎ উন্নয়ন কর্মসূচি’; এবং ২,০০০ কোটি টাকা ব্যয়ে ‘মুখ্যমন্ত্রীর সামগ্রিক রাজ্য গ্রামীণ সড়ক উন্নয়ন কর্মসূচি’৷ এছাড়াও, রাজ্যের ১১টি সীমান্ত জেলা জুড়ে ‘ভাইব্র্যান্ট ভিলেজেস প্রোগ্রাম’-এর অধীনে ১১০.৯৫ কোটি টাকা মূল্যের ১৯৯টি প্রকল্পের সূচনা করা হবে। শ্রী অমিত শাহ ‘মিশন সুরক্ষা’-র ও সূচনা করবেন। এই উদ্যোগগুলোর লক্ষ্য হলো শিক্ষা, বিদ্যুৎ ও সড়ক পরিকাঠামোকে শক্তিশালী করা, সীমান্ত এলাকার উন্নয়নে গতি আনা এবং রাজ্যজুড়ে জনকল্যাণমূলক সুযোগ-সুবিধার উন্নতি ঘটানো।
সমবায় খাতে পরিকাঠামো ও বাজারে প্রবেশাধিকার জোরদার করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ ‘খাদ্যশস্য সংরক্ষণ প্রকল্প’-এর আওতায় ‘রাগা ল্যাম্পস’-এ নির্মিত একটি খাদ্যশস্য সংরক্ষণাগারের ভার্চুয়াল উদ্বোধন করবেন। এটি স্থানীয় পর্যায়ে সংরক্ষণ সুবিধা জোরদার করতে এবং সমবায় প্রতিষ্ঠানগুলোর ভূমিকা সম্প্রসারণে সহায়তা করবে। এছাড়া, শ্রী অমিত শাহ ‘অরুণাচল প্রদেশ রাজ্য গ্রামীণ জীবিকা মিশন’ (এআরএসআরএলএম)-এর পণ্যগুলোর জন্য একটি ই-কমার্স ওয়েবপেজ চালু করবেন। এই উদ্যোগটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রামীণ পণ্যগুলোর জন্য বাজারের পরিধি বাড়াবে এবং নারীদের স্বনির্ভর গোষ্ঠীগুলোর অর্থনৈতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠান চলাকালে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ ‘অরুণাচল প্রদেশ কোঅপারেটিভ ভিশন ২০৪৭’ এরও উন্মোচন করবেন। এই ভিশন ডকুমেন্টটি রাজ্যে সমবায় আন্দোলনের দীর্ঘমেয়াদী উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হবে। পাশাপাশি, শ্রী অমিত শাহ বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শনকারী সমবায় সমিতিগুলোকে সম্মানিত করবেন। এর মধ্যে ‘নামসাই ডেইরি কোঅপারেটিভ সোসাইটি’ ‘কোঅপারেশন অ্যাওয়ার্ড’ পাবে; ‘লোয়ার সুবনসিরি ফিশ ফার্মার্স কোঅপারেটিভ সোসাইটি’-কে সেরা মৎস্য সমবায় সমিতি হিসেবে স্বীকৃতি দেওয়া হবে; ‘কেমলি ল্যাম্পস’-কে সেরা তাঁত, বস্ত্র ও বয়নশিল্পী সমবায় সমিতি হিসেবে এবং ‘জাং ল্যাম্পস’-কে সেরা প্যাকস/ল্যাম্পস হিসেবে স্বীকৃতি প্রদান করা হবে।
সমবায় প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা ও কার্যক্রম সম্প্রসারণ করার লক্ষ্যে, এই অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন সমবায় সমিতিকে আর্থিক সহায়তা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে। ন্যাশনাল কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন (এনসিডিসি) ‘লাগুন মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড’-কে ঋণ মঞ্জুরির সনদপত্র প্রদান করবে। ‘ভারতীয় বীজ সমবায় সমিতি লিমিটেড’ (বিবিএসএসএল) সবজির বীজের মিনি-কিট বিতরণ করবে। এছাড়া, নাবার্ড ‘পোমা জুট ডেইরি অ্যান্ড লাইভস্টক কোঅপারেটিভ সোসাইটি’-কে একটি মাইক্রো-এটিএম প্রদান করবে এবং ‘অরুণাচল প্রদেশ স্টেট কোঅপারেটিভ অ্যাপেক্স ব্যাংক লিমিটেড’ ‘ওয়াক্রো ল্যাম্পস’-কে ঋণ মঞ্জুরির সনদপত্র প্রদান করবে৷ নারীদের স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার লেভেল ফেডারেশন (সিএলএফ) কর্তৃক গঠিত ‘খাময়ের আনে মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড’-কেও একটি নিবন্ধন সনদপত্র প্রদান করা হবে। আশা করা হচ্ছে, এই উদ্যোগগুলো সমবায় প্রতিষ্ঠানগুলোর আর্থিক সুযোগ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও জোরদার করবে।
অনুষ্ঠানের শুরুতে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ একটি ভ্রাম্যমাণ চিকিৎসা ভ্যানের (মোবাইল মেডিকেল ভ্যান) যাত্রার সূচনা করবেন এবং ‘সারস মেলা’-র উদ্বোধন করবেন। তিনি মেলায় স্থাপিত বিভিন্ন স্টল ঘুরে দেখবেন এবং নারী স্বনির্ভর গোষ্ঠী ও সমবায় সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন। এই মেলা স্থানীয় পণ্য, ঐতিহ্যবাহী কারুশিল্প, নারীদের নেতৃত্বে গড়ে ওঠা উদ্যোগ এবং সমবায় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করবে।
অরুণাচল প্রদেশে আয়োজিত এই সমবায় বিষয়ক অনুষ্ঠানটি সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, স্থানীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা, নারীদের নেতৃত্বে পরিচালিত উদ্যোগগুলোকে উৎসাহিত করা এবং সমবায় প্রতিষ্ঠানগুলোকে আধুনিক আর্থিক ও ডিজিটাল সুবিধার সঙ্গে যুক্ত করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে। শিক্ষা, বিদ্যুৎ, সড়ক ও সীমান্ত এলাকার উন্নয়ন প্রকল্পগুলোর সূচনা রাজ্যের অন্তর্ভুক্তিমূলক ও সুষম উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে সহায়তা করবে।
***
PS/DM/KMD