প্রকাশিত:
21 NOV 2026 2:10PM by PIB Kolkata
খড়গপুর, ২১ নভেম্বর, ২০২৬
আজ আইআইটি খড়গপুরের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপনে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর অংশগ্রহণ উপলক্ষে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য উপদেষ্টা শ্রী সুব্রত গুপ্ত, আইআইটি খড়গপুরের নির্দেশক শ্রী সুমন চক্রবর্তী, আইআইটি খড়গপুরের গবেষণা ও উন্নয়ন বিভাগের ডিন শ্রী সূর্য কে. পাল, স্কাইরুট অ্যারোস্পেসের সিইও শ্রী পবন কুমার চন্দনা, প্রযুক্তি উদ্যোক্তা শ্রী জ্যোতি চ্যাটার্জি এবং অন্যান্য আধিকারিকরা।
সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে শ্রী চক্রবর্তী দক্ষিণবঙ্গের গ্রামীণ এলাকায় মহিলা স্বাস্থ্যকর্মীদের ক্ষমতায়নের লক্ষ্যে আইআইটি খড়গপুরের বিভিন্ন উদ্যোগ এবং প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে সামাজিক সমস্যার সমাধানে প্রতিষ্ঠানের অবদানের কথা তুলে ধরেন। তিনি জানান, প্রধানমন্ত্রী শিশুদের কোনদিকে আগ্রহ বা দক্ষতা অল্প বয়স থেকেই চিহ্নিত করতে এবং ভবিষ্যতে তাদের পছন্দের বিষয় নিয়ে পড়াশোনার উপযুক্ত দিশা দেখাতে এআই-ভিত্তিক অ্যাপ গড়ে তুলে তার মাধ্যমে অ্যাপটিটিউড সার্টিফিকেট চালুর পরামর্শ দিয়েছেন।
অধ্যাপক চক্রবর্তী আরও বলেন, প্রধানমন্ত্রী যক্ষ্মামুক্ত ভারত ও রক্তাল্পতামুক্ত ভারত গড়ার ওপর গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি, প্রযুক্তি ক্ষেত্রে আত্মনির্ভরতা এবং প্রতিরক্ষা ও মহাকাশ উদ্যোগে সাধারণ মানুষের আরও বেশি অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। স্কাইরুট এরোস্পেসের মতো স্টার্ট-আপ সংস্থার উত্থানের প্রসঙ্গ উল্লেখ করে তিনি ভারতের প্রযুক্তিগত উন্নয়নে বেসরকারি অংশগ্রহণের ক্রমবর্ধমান ভূমিকার উপর আলোকপাত করেন। তিনি বলেন, ‘নেশন ফার্স্ট’ বা ‘রাষ্ট্র সর্বাগ্রে’ নীতিই আইআইটি খড়গপুরের মূল দিশা।
শ্রী চক্রবর্তী আরও বলেন, প্রধানমন্ত্রী প্রযুক্তি-ভিত্তিক স্টার্ট-আপগুলিকে তাদের উদ্ভাবন সম্প্রসারণ করে ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে নাগরিকদের অবদান রাখার সুযোগ করে দিতে উৎসাহিত করেছেন। তিনি এও জানান, আইআইটি খড়গপুর চিকিৎসা শিক্ষা ও প্রশিক্ষণের ক্ষেত্রেও তাদের উদ্যোগ সম্প্রসারণ করছে।
বক্তব্য রাখতে গিয়ে শ্রী গুপ্ত কর্মসংস্থান সৃষ্টি পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার বলে মন্তব্য করেন। অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে স্টার্ট-আপ এবং পরিষেবা ক্ষেত্রকে গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে তিনি জানান। তিনি পরিষেবা ক্ষেত্রকে অর্থনীতির বিকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে উল্লেখ করে রাজ্যের গুরুত্বপূর্ণ পরিকাঠামো রক্ষণাবেক্ষণে আইআইটি খড়গপুরের অবদানের কথা তুলে ধরেন।
শ্রী গুপ্ত পরিবহণ পরিকল্পনা ও নকশা, যানজট-জনিত সমস্যা মোকাবিলা এবং কৃষিক্ষেত্রে জলের অপচয় রোধ করার মতো ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রযুক্তিগত সমাধানের ভূমিকার কথা উল্লেখ করেন। জন-পরিকাঠামো ও পরিষেবা প্রদান ব্যবস্থার উন্নয়নে প্রযুক্তিগত হস্তক্ষেপের গুরুত্বের ওপরও তিনি জোর দেন তাঁর বক্তব্যে।
সাংবাদিক সম্মেলনটি সংবাদমাধ্যমের প্রতিনিধি ও বিশেষজ্ঞদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শেষ হয়। পরবর্তীতে প্রযুক্তিগত অগ্রগতি, উদ্ভাবন এবং রাষ্ট্র গঠনের লক্ষ্যে সরকার ও শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

*****************
SSS/PK/Kol