কৃষিমন্ত্রক
azadi ka amrit mahotsav

আইসিএআর-সিআইএফআরআই পালন করল বিশ্ব মৎস্য দিবস ২০২৬

অনুষ্ঠানে অন্তর্দেশীয় মৎস্যচাষে নারী ও যুবসমাজের ক্ষমতায়নে গুরুত্ব আরোপ

প্রকাশিত: 21 NOV 2026 2:05PM by PIB Kolkata

কলকাতা, ২১ নভেম্বর, ২০২৬

 

 আইসিএআর–কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা প্রতিষ্ঠান (ICAR–CIFRI), ব্যারাকপুর, আজ বিশ্ব মৎস্য দিবস ২০২৬ পালন করে। এই অনুষ্ঠানে বিজ্ঞানী, সুন্দরবনের মৎস্যজীবী এবং ওড়িশা মৎস্য দপ্তরের আধিকারিকরা অংশগ্রহণ করেন। কর্মসূচিতে অন্তর্দেশীয় মৎস্যচাষ, জীবিকা সুরক্ষা এবং নারী, যুবসমাজ ও ক্ষুদ্র মৎস্যজীবী সম্প্রদায়ের ক্ষমতায়নের উপর গুরুত্ব আরোপ করা হয়।

 

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে আইসিএআর-সিআইএফআরআই-এর নির্দেশক ড. প্রদীপ দে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং গ্রামীণ জীবিকা বজায় রাখার ক্ষেত্রে অন্তর্দেশীয় মৎস্যচাষের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, একটি স্থিতিশীল মৎস্যক্ষেত্র গড়ে তুলতে জ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের পাশাপাশি, বৈজ্ঞানিক গবেষণা এবং সম্প্রদায়ের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

২০২৪-২৫ সালে (অস্থায়ী হিসাব অনুযায়ী) ভারতের মোট মাছ উৎপাদন প্রায় ১৯৭.৭৫ লক্ষ টনে পৌঁছেছে। এর মধ্যে অন্তর্দেশীয় মৎস্যক্ষেত্র থেকে উৎপাদিত মাছের পরিমাণ প্রায় ১৪৭.৩৭ লক্ষ টন, যা মোট উৎপাদনের প্রায় ৭৪.৫ শতাংশ। অনুষ্ঠানে মৎস্যক্ষেত্রে মহিলাদের অবদানের কথাও তুলে ধরা হয়। মাছ আহরণ, জাল তৈরি, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ ও বিপণনসহ বিভিন্ন কাজে প্রায় ৯.১৪ লক্ষ মহিলা পূর্ণ সময়ের জন্য মৎস্যক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন।

 

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল NASF Labour Migration Project-এর আওতায় মৎস্যক্ষেত্রে শ্রমিকদের অভিবাসন সংক্রান্ত একটি মতবিনিময় সভা, যেখানে বিশেষভাবে ওড়িশা ও পশ্চিমবঙ্গের পরিস্থিতির উপর আলোকপাত করা হয়। প্রযুক্তিগত অধিবেশনে সভাপতিত্ব করেন ড. হেমন্ত চৌধুরী এবং সহ-সভাপতিত্ব করেন ড. এম.ডি. আফতাবউদ্দিন। ড. অপর্ণা রায় মৎস্যক্ষেত্রে শ্রমের চাহিদা ও সরবরাহের গতিপ্রকৃতি তুলে ধরে আলোচনা শুরু করেন।

 

মৎস্যজীবী ও মৎস্যনির্ভর সম্প্রদায়ের মধ্যে শ্রমিকদের অভিবাসনের কারণ, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষার ওপর এর প্রভাব এবং অভিবাসী মৎস্যশ্রমিকদের বিভিন্ন সমস্যার বিষয়ে অংশগ্রহণকারীরা আলোচনা করেন। সামাজিক সুরক্ষা ও জীবিকার সুযোগ আরও শক্তিশালী করতে সরকারি প্রকল্প ও কল্যাণমূলক সুবিধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, তথ্যের উন্নত প্রচার, প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সমন্বিত বাস্তবায়নের উপর গুরুত্ব দেওয়া হয়।

 

অনুষ্ঠানে আইসিএআর-সিআইএফআরআই-এর গবেষণা সম্পর্কিত সাফল্যও তুলে ধরা হয়। এর মধ্যে বিভিন্ন উচ্চমূল্যের দেশীয় মাছের প্রজাতি ব্যবহার করে এনক্লোজার কালচার, জলাধারভিত্তিক মৎস্য ব্যবস্থাপনা এবং কালচার-বেসড ফিশারিজ সংক্রান্ত উদ্যোগ উল্লেখযোগ্য। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা পদ্ধতি প্রয়োগে নির্বাচিত জলাধারগুলিতে গড় উৎপাদনশীলতা প্রতি হেক্টরে বছরে ২০ কেজি থেকে বেড়ে ১৫০ কেজি এবং জলাভূমিতে প্রতি হেক্টরে বছরে ৬০০ কেজি থেকে বেড়ে ১,৬০০ কেজিতে পৌঁছেছে।

 

দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণ, জলাভূমি পুনরুদ্ধার, প্রাকৃতিক প্রজনন ক্ষেত্রের সুরক্ষা এবং জলবায়ু-সহনশীল মৎস্য ব্যবস্থাপনা পদ্ধতির প্রসারের উপরও গুরুত্ব আরোপ করা হয়।

 

বিশ্ব মৎস্য দিবস ২০২৬-এর আন্তর্জাতিক প্রতিপাদ্য- “পরিবর্তনের জন্য মানুষের ক্ষমতায়ন: মৎস্যচাষ ও জলজ কৃষিতে মর্যাদাপূর্ণ কর্মসংস্থান সৃষ্টি এগিয়ে নিয়ে যাওয়া, বিশেষত, যুবসমাজ ও মহিলাদের জন্য”, দক্ষতা বিকাশ, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান এবং সমান জীবিকার সুযোগের গুরুত্ব তুলে ধরে।

 

এই উদযাপনের মাধ্যমে আইসিএআর-সিআইএফআরআই বৈজ্ঞানিক উদ্ভাবন, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি এবং সক্রিয় জন-যোগাযোগের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক অন্তর্দেশীয় মৎস্যচাষের উন্নয়নে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। এই উদ্যোগ ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে অবদান রাখতে চলেছে।

*****************

 

SSS/PK/Kol/21.11.26..


(রিলিজ আইডি: 2339596) ভিজিটরের কাউন্টার : 11
এই রিলিজটি পড়তে পারেন: English